চাঁপাইনবাবগঞ্জে গাকের স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে ছয় মাসে শতাধিক শিক্ষার্থী অসুস্থ, তদন্তের দাবিতে তিন মন্ত্রণালয়ে স্মারকলিপি

চাঁপাইনবাবগঞ্জে বেসরকারি উন্নয়ন সংস্থা গাকের সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অসুস্থ হয়েছে বলে অভিযোগ উঠেছে। অভিযোগে বলা হয়েছে, সরবরাহ করা খাবার ছিল নিম্নমানের ও মেয়াদোত্তীর্ণ।
এসব ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে মঙ্গলবার দুপুরে তিনটি মন্ত্রণালয়ে স্মারকলিপি দিয়েছে সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অ্যাকটিভ ইয়ুথ অ্যাকশন ফর সাসটেইনেবল বাংলাদেশ (আয়াস)।
স্মারকলিপি দেওয়া হয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় এবং মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় বরাবর। জেলা প্রশাসকের মাধ্যমে পাঠানো এই স্মারকলিপি আয়াসের একটি প্রতিনিধি দল অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আনিসুর রহমানের হাতে তুলে দেয়।
আয়াসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক ওয়ালিদ হাসান বলেন, সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে গাকের সরবরাহ করা স্কুল ফিডিংয়ের খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার একাধিক ঘটনা ঘটেছে। গত ছয় মাসে ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে শতাধিক শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তাঁরা উদ্বিগ্ন বলে তিনি জানান।
ওয়ালিদ হাসান বলেন, শিক্ষার্থীদের স্বাস্থ্য ও নিরাপত্তার স্বার্থে এসব ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। স্কুল ফিডিং কার্যক্রমে কোনো ধরনের অনিয়মের প্রমাণ পাওয়া গেলে খাবার সরবরাহকারী সংস্থা গাকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নিতে হবে বলে তিনি দাবি করেন।
স্মারকলিপি প্রদানকালে আয়াসের পরিচালক জাহিদ হাসান, ডেপুটি কো-অর্ডিনেটর শিমলা খানম খুশি ও রামিসা ওয়াজিহা, সদস্য ইসরাক কবির তুর্য, আইরিন খাতুন ও শুসমিতা খানম ঐসী উপস্থিত ছিলেন। তাঁদের সঙ্গে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও ছিলেন।
অভিযোগ অনুযায়ী, গত ছয় মাস ধরে জেলার ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানে এই খাবার খেয়ে শিক্ষার্থীদের অসুস্থ হওয়ার ঘটনা ঘটে আসছে। আয়াসের দাবি, প্রতিটি ঘটনার আলাদা তদন্ত করে দায়ীদের চিহ্নিত করতে হবে।
সংগঠনটি তিন মন্ত্রণালয়ের কাছে দেওয়া স্মারকলিপিতে তদন্তের পাশাপাশি দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে।




