রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে ককটেল বিস্ফোরণ, ক্যাম্পাস বন্ধের হুমকি ছাত্রলীগ সভাপতির

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের প্রক্টরকে ফোন করে ক্যাম্পাস বন্ধ রাখার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমানের বিরুদ্ধে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান। তিনি বলেন, প্রধান ফটকে দায়িত্বরত পুলিশ মুঠোফোনে জানিয়েছেন, সেখানে দুটি ককটেল পাওয়া গেছে। এর একটি বিস্ফোরিত এবং একটি অবিস্ফোরিত অবস্থায় দেখা গেছে।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে রাত ৮টার দিকে হঠাৎ বিকট শব্দ শোনা যায়। পরে সেখানে একটি ককটেল বিস্ফোরিত ও একটি অক্ষত অবস্থায় পাওয়া যায়।
প্রক্টর আরও বলেন, এ ঘটনার পরপরই বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মোস্তাফিজুর রহমান মুঠোফোনে কল করে বলেছেন, আগামী ১৯ নভেম্বর ক্যাম্পাস বন্ধ রাখতে হবে। প্রক্টরের ভাষ্য, ভীতিকর পরিবেশ তৈরির জন্যই এ ঘটনা ঘটানো হয়েছে; এটি একটি বিচ্ছিন্ন ঘটনা।
কাজলা ফাঁড়ি থানার তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ বলেন, শব্দ পেয়ে তাঁরা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন। একটি বিস্ফোরণের ঘটনা ঘটেছে এবং অক্ষত অবস্থায় আরেকটি ককটেল পড়ে রয়েছে। বিশেষজ্ঞ টিম এলে সেটি উদ্ধার করা হবে।
এ ঘটনায় সন্দেহভাজন কাউকে গ্রেপ্তার করা যায়নি বলেও জানান তদন্ত কর্মকর্তা মোসতাক আহমেদ।




