ইরানে অস্ত্র সরবরাহ ঠেকাতে ২০ সদস্যের ‘টাস্কফোর্স আয়রন গেট’ গঠন যুক্তরাষ্ট্রের, তবু থামছে না সরবরাহপথ

ইরানের সামরিক সরঞ্জাম সরবরাহব্যবস্থা বন্ধে নতুন উদ্যোগ নিয়েছে যুক্তরাষ্ট্র। এ লক্ষ্যে ‘টাস্কফোর্স আয়রন গেট’ নামে ২০ সদস্যের একটি ইউনিট গঠন করেছে ওয়াশিংটন। স্থলপথ ও কাস্পিয়ান সাগর দিয়ে ইরানে অস্ত্র, সামরিক প্রযুক্তি এবং অস্ত্র তৈরির উপকরণ প্রবেশ বন্ধ করাই এই ইউনিটের প্রধান লক্ষ্য।
ফ্লোরিডার টাম্পায় যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ডের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার ২০ সদস্যের টাস্কফোর্সটির উদ্বোধন করেন। তবে এটি কীভাবে কাজ করবে, সে বিষয়ে বিস্তারিত জানায়নি ওয়াশিংটন। অস্ত্র সরবরাহ বন্ধের পাশাপাশি ইরানের রপ্তানিও বাধাগ্রস্ত করতে চায় যুক্তরাষ্ট্র।
যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে আট মাসের বেশি সময় ধরে চলা যুদ্ধে ইরান ক্ষেপণাস্ত্র ও ড্রোন ব্যবহার করেছে। বর্তমানে যুদ্ধ বন্ধে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে আলোচনা চললেও এর অবসানের স্পষ্ট কোনো ইঙ্গিত নেই বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ইরান নিজেদের অস্ত্রের অধিকাংশ দেশেই উৎপাদন করে। তবে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধে দক্ষিণাঞ্চলীয় বন্দরগুলো দিয়ে দেশটির স্বাভাবিক বাণিজ্য প্রায় বন্ধ হয়ে যাওয়ায় সামরিক সরঞ্জামের জন্য উত্তরাঞ্চলীয় সরবরাহপথের ওপর নির্ভরতা বাড়িয়েছে তেহরান। রাশিয়া ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশ হয়ে ইরানে অস্ত্র ও যন্ত্রাংশ প্রবেশ করছে, চীনের কাছ থেকে অস্ত্র কেনার তথ্যও পাওয়া গেছে।
ইরানের সিজ্জিলসহ কিছু ক্ষেপণাস্ত্রের পাল্লা প্রায় ২ হাজার কিলোমিটার বা ১ হাজার ২৪০ মাইল। এসব ক্ষেপণাস্ত্র অন্তত ৫০০ কেজি ওজনের বিস্ফোরক বহন করতে পারে। দেশটির কাছে অন্তত ২ হাজার ৫০০ দূরপাল্লার ক্ষেপণাস্ত্রের মজুত এখনো আছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের (এসআইপিআরআই) জ্যেষ্ঠ গবেষক পিটার উইজম্যান বলেন, দীর্ঘদিনের অস্ত্র নিষেধাজ্ঞার মধ্যে নিরাপদ সরবরাহ নিশ্চিত করতে নিজেদের অস্ত্রশিল্প টিকিয়ে রাখাই সবচেয়ে ভালো উপায় বলে ইরান মনে করে।
ইরানের অস্ত্রশিল্পের বড় অংশ ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরিতে কেন্দ্রীভূত। তবে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির জন্য প্রয়োজনীয় মোটর, মাইক্রোচিপ ও সেমিকন্ডাক্টরের মতো জটিল যন্ত্রাংশ ইরান নিজে উৎপাদন করতে পারে না। এ ধরনের যন্ত্রাংশ বেসামরিক কাজেও ব্যবহৃত হয় বলে এগুলোকে ‘দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য’ বলা হয়, এবং এগুলো তৈরি হয় উত্তর আমেরিকা, ইউরোপ ও পূর্ব এশিয়ার অল্প কয়েকটি দেশে।
কয়েক দশক ধরে রাশিয়া ইরানের প্রধান অস্ত্র বাণিজ্যিক অংশীদার। গত ৩১ অক্টোবর ইরানের সেনাবাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া জানান, দেশটি রাশিয়ার কাছ থেকে অজ্ঞাতসংখ্যক এসইউ-৩৫ যুদ্ধবিমান কিনেছে, যুদ্ধ শেষ হলে এসব বিমান সরবরাহ করা হবে। ২০২৭ থেকে ২০২৯ সালের মধ্যে সরবরাহের জন্য কয়েক হাজার উন্নত কাঁধে বহনযোগ্য ক্ষেপণাস্ত্র বিক্রির চুক্তিও করেছে মস্কো।
তবে উইজম্যানের মতে, রাশিয়ার কাছ থেকে ইরানের অস্ত্র কেনার পরিমাণ দেশটির নিজস্ব উৎপাদনের তুলনায় অনেক কম। কাস্পিয়ান সাগর দিয়ে উল্টো দিকেও সরবরাহ হয়েছে—ইউক্রেনের বিরুদ্ধে যুদ্ধে রাশিয়া ইরানের তৈরি শাহেদ অ্যাটাক ড্রোন ও ফাতাহ-৩৬০ ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে।
চীনও ইরানকে অস্ত্র সরবরাহ করেছে বলে ধারণা করা হয়, যদিও এসব সরবরাহের কোনো ঘটনাই স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি এবং চীন প্রায়ই এ ধরনের অভিযোগ অস্বীকার করে। ইরানকে ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির উপকরণ, যেমন চিপ তৈরির প্রযুক্তি এবং রকেটের জ্বালানি তৈরিতে গুরুত্বপূর্ণ সোডিয়াম পারক্লোরেট সরবরাহের জন্যও চীনের সমালোচনা করেছে যুক্তরাষ্ট্র।
ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন তৈরির দ্বৈত ব্যবহারযোগ্য উপকরণ জটিল ও অস্বচ্ছ মধ্যস্থতাকারী নেটওয়ার্কের মাধ্যমে বিভিন্ন দেশ থেকে পৌঁছায়। ককেশাস অঞ্চল, তুর্কমেনিস্তান ও মধ্য এশিয়ার অন্যান্য দেশ হয়ে স্থলপথে, আকাশপথে এবং কাস্পিয়ান সাগর দিয়ে পণ্যবাহী জাহাজে এসব সরঞ্জাম আনা হয় বলে প্রমাণ রয়েছে।
নৌবন্দর অবরোধের পাশাপাশি ইরানের সাতটি স্থলসীমান্তবর্তী প্রতিবেশী—ইরাক, তুরস্ক, আর্মেনিয়া, আজারবাইজান, তুর্কমেনিস্তান, আফগানিস্তান ও পাকিস্তানকে সীমান্ত দিয়ে পণ্য চলাচল নিয়ন্ত্রণের চাপ দিচ্ছে যুক্তরাষ্ট্র।




