পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা করার প্রস্তাব সিপিডির, বর্তমান মজুরি ১২ হাজার ৫০০
পোশাকশ্রমিকদের মাসিক ন্যূনতম মজুরি ২৪ হাজার ২০৪ টাকা নির্ধারণের সুপারিশ করেছে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। খাদ্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য ও আবাসন ব্যয় মেটানোর পাশাপাশি সামান্য সঞ্চয়ের সুযোগ বিবেচনায় নিয়ে এ প্রস্তাব করেছে সংস্থাটি।
বুধবার (১৮ নভেম্বর) ঢাকায় সিপিডির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ সুপারিশ তুলে ধরা হয়। চার সদস্যের একটি পরিবারে ১ দশমিক ৫৮ জন উপার্জনক্ষম ব্যক্তি বিবেচনায় নিয়ে মজুরির এ হিসাব করেছে সংস্থাটি।
সিপিডি জানায়, বর্তমানে পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা। মূল্যস্ফীতি বিবেচনায় একই পরিমাণ পণ্য ও সেবা কিনতে এখন প্রয়োজন ১৬ হাজার ৩৫১ টাকা। তবে এ পরিমাণ মজুরিতে শ্রমিকদের জীবনমানে উল্লেখযোগ্য উন্নতি হবে না বলে সংস্থাটি বলেছে।
সংস্থাটির হিসাব অনুযায়ী, চার সদস্যের একটি পরিবারকে উচ্চ দারিদ্র্যসীমার বাইরে রাখতে ন্যূনতম মজুরি প্রয়োজন ১৮ হাজার ৫৭৮ টাকা। এ কারণে শ্রমিকদের মাসিক মজুরি ১৮ হাজার ৫৭৮ টাকা থেকে ২৪ হাজার ২০৪ টাকার মধ্যে নির্ধারণের বিষয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোকে দর-কষাকষির পরামর্শ দিয়েছে সিপিডি।
সংস্থাটি বলেছে, মজুরি বৃদ্ধির বিষয়টি শুধু মালিক ও শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ রাখা উচিত নয়। এ ক্ষেত্রে সরকারেরও দায়িত্ব রয়েছে। সুশাসনের ঘাটতি ও দুর্নীতির কারণে পোশাক খাতে মালিকদের ব্যয় বেড়ে যাচ্ছে বলেও মন্তব্য করেছে তারা।
চলতি মাসের শুরুতে গঠিত মজুরি বোর্ডে শ্রমিক প্রতিনিধিরা ন্যূনতম ৩২ হাজার টাকা মজুরির প্রস্তাব দিয়েছেন। অন্যদিকে, কারখানা মালিকদের প্রতিনিধি এখনো প্রস্তাব জমা দেননি। আগামী সোমবারের বৈঠকে মালিকপক্ষ তাদের প্রস্তাব উপস্থাপন করতে পারে বলে প্রতিবেদনে বলা হয়েছে।

