চট্টগ্রাম বন্দর ও কমলাপুর আইসিডিতে চার গুণ স্টোররেন্ট স্থগিতের মেয়াদ বাড়ল ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত

চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে আমদানি করা পূর্ণ কনটেইনার বোঝাই (এফসিএল) কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়িয়েছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১ ডিসেম্বর থেকে ২০২৭ সালের ২৮ ফেব্রুয়ারি পর্যন্ত এই স্থগিতাদেশ কার্যকর থাকবে। খালি কনটেইনার এই সিদ্ধান্তের আওতায় পড়বে না বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
মঙ্গলবার চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (ট্রাফিক) দপ্তর থেকে এ-সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হয়। বন্দর কর্তৃপক্ষের বোর্ড সদস্যদের ৯ নভেম্বরের সিদ্ধান্ত অনুযায়ী মেয়াদ বাড়ানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, চার গুণ হারে স্টোররেন্ট আদায়ের আগের স্থগিতাদেশের মেয়াদ আগামী ৩০ নভেম্বর শেষ হওয়ার কথা ছিল। নতুন সিদ্ধান্তে সেই মেয়াদ আরও তিন মাস বাড়ল।
বন্দর কর্তৃপক্ষ আমদানিকারকদের দ্রুত কনটেইনার ডেলিভারি নেওয়ার অনুরোধ জানিয়েছে। বন্দরের কার্যক্রম গতিশীল রাখা এবং ব্যবহারকারীদের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করতে এই অনুরোধ করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী চট্টগ্রাম বন্দর ও ঢাকার কমলাপুর আইসিডিতে থাকা আমদানি করা এফসিএল কনটেইনারের ওপর চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের মেয়াদ আরও তিন মাস বাড়ানো হয়েছে।
চট্টগ্রাম কাস্টমস এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শওকত আলী বলেন, মেয়াদ বাড়ানোয় আমদানিকারকেরা বাড়তি সুবিধা পাবেন এবং পণ্য খালাসের ব্যয় কমবে। আমদানিকারকদের খরচ কমলে পণ্যের দামের ওপর ইতিবাচক প্রভাব পড়বে এবং শেষ পর্যন্ত ভোক্তারাও এর সুফল পাবেন বলে তিনি জানান।
চট্টগ্রাম চেম্বারের সহসভাপতি আমজাদ হোসেন চৌধুরী বলেন, চার গুণ হারে স্টোররেন্ট আদায় স্থগিতের বিষয়টি ব্যবসায়ীদের জন্য স্বস্তিদায়ক। তবে এটি স্থায়ীভাবে বন্ধ হওয়া দরকার বলে তিনি মত দেন এবং বিষয়টি স্থায়ীভাবে বন্ধ করার জন্য কর্তৃপক্ষকে বিবেচনার অনুরোধ জানাবেন বলে জানান।
বন্দর সূত্রে জানা গেছে, চট্টগ্রাম বন্দরের কনটেইনার ধারণক্ষমতা প্রায় ৬০ হাজার টিইইউস। ২০২৬-২৭ অর্থবছরের প্রথম চার মাসে বন্দরে কনটেইনার হ্যান্ডলিং হয়েছে ১১ লাখ ৪১ হাজার ১৭৯ টিইইউস, আগের অর্থবছরের একই সময়ে যা ছিল ১২ লাখ ১৩ হাজার ৮০৫ টিইইউস। সে হিসাবে কনটেইনার হ্যান্ডলিং কমেছে প্রায় ৬ শতাংশ।



