চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ ডলার বিনিয়োগে পোশাক কারখানা করবে জয়ফুল, কর্মসংস্থান হবে ২ হাজার ২৩০ জনের
চট্টগ্রাম ইপিজেডে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগে একটি উচ্চমানের তৈরি পোশাক কারখানা স্থাপন করতে যাচ্ছে সিঙ্গাপুর-চীন মালিকানাধীন প্রতিষ্ঠান জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড। এ লক্ষ্যে বুধবার প্রতিষ্ঠানটির সঙ্গে একটি ভূমি ইজারা চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা)।
নতুন এই কারখানাটি গড়ে তোলা হবে চট্টগ্রাম ইপিজেডের অন্যতম পথিকৃৎ প্রতিষ্ঠান সিয়াম’স সুপিরিয়র লিমিটেডের জায়গায়, যা ২০২৪ সালের আগস্ট মাসে বন্ধ হয়ে গিয়েছিল।
কারখানাটি বন্ধের পর বেপজা যাবতীয় নিয়মকানুন অনুসরণ করে এর যন্ত্রপাতি ও অবকাঠামো নিলামে তোলে এবং প্রধানমন্ত্রীর কার্যালয়ের অনুমোদন সাপেক্ষে উন্মুক্ত নিলামে সর্বোচ্চ দরদাতা হিসেবে জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেড সেগুলো কিনে নেয়।
তিনটি প্লটে বিদ্যমান অবকাঠামো ব্যবহার করে প্রয়োজনীয় সংস্কার কাজ সমাপ্তির পর উৎপাদন কার্যক্রম শুরু করতে নতুন করে ৬০ লাখ মার্কিন ডলার বিনিয়োগ করবে প্রতিষ্ঠানটি।
প্রতিষ্ঠানটি বার্ষিক ২৫ লাখ পিস উচ্চমানের পোশাক উৎপাদন করবে। এর মধ্যে রয়েছে হান্টিং স্যুট, টেকনিক্যাল ও ওয়াটারপ্রুফ পারফরম্যান্স আউটারওয়্যার, উইন্ডব্রেকার, কমব্যাট জ্যাকেট, ট্রেঞ্চ কোট, ওভারকোট এবং প্যাডেড জ্যাকেট, ডাউন জ্যাকেট, ডেনিম জ্যাকেট, ক্যাজুয়াল জ্যাকেট, স্কি জ্যাকেট, কটন জ্যাকেটসহ বিভিন্ন ধরনের জ্যাকেট, পাফার পারকা ও ফার আউটওয়্যার।
উৎপাদিত এসব পণ্য ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, জাপান, কানাডা, অস্ট্রেলিয়া, মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকাসহ বিশ্বের প্রধান বাজারগুলোতে রপ্তানি করা হবে। কারখানাটির মাধ্যমে ২ হাজার ২৩০ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ তৈরি হবে।
চুক্তিতে বেপজার পক্ষে সদস্য (প্রকৌশল) আবদুল্লাহ আল মামুন এবং জয়ফুল (বাংলাদেশ) গার্মেন্ট কোম্পানি লিমিটেডের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক মিজ. হ্যান জুনঝিয়াও সই করেন।
বেপজার ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে নিয়ে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। অনুষ্ঠানে বেপজার নির্বাহী পরিচালক (নিরাপত্তা) লে. কর্নেল মোঃ মোহসীন হাসান, বিএসপি, পিএসসি, আর্টিলারি; নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ.এস.এম. আনোয়ার পারভেজ ও বেপজার অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বিনিয়োগকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বিনিয়োগকারী প্রতিষ্ঠানকে স্বাগত জানিয়ে বেপজার ওপর আস্থা রাখার জন্য তাদের ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। পাশাপাশি প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী বিনিয়োগকারীদের সব ধরনের বৈধ সুযোগ-সুবিধা ও সহায়তা নিশ্চিত করা এবং সর্বোচ্চ মানের সেবা প্রদানে বেপজার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন তিনি। এ ছাড়া প্রতিষ্ঠানটির ব্যবসায়িক সহযোগী ও বন্ধুদের বেপজার অধীনস্থ অন্যান্য ইপিজেডে আরও বিনিয়োগের সুযোগ অনুসন্ধানে উৎসাহিত করার আহ্বান জানান নির্বাহী চেয়ারম্যান।
অন্যদিকে, চট্টগ্রাম ইপিজেডে বিনিয়োগের সুযোগ লাভ করায় কৃতজ্ঞতা প্রকাশ করে মিজ. হ্যান জুনঝিয়াও বলেন, যেহেতু বিদ্যমান একটি শিল্প অবকাঠামোতে তাঁরা কার্যক্রম আরম্ভ করতে যাচ্ছেন, তাই কিছু সংস্কার কাজের প্রয়োজন হবে। আগামী ২০২৭ সালের মার্চ মাসের মধ্যেই প্রয়োজনীয় কাজ সম্পন্ন করে উৎপাদন শুরু করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।



