নান্দাইলে ফ্যামিলি কার্ডের নামে মাইকিং করে সিম বিক্রি, বিক্রেতাকে পুলিশে দিলেন স্থানীয়রা

ময়মনসিংহের নান্দাইল উপজেলার পণ্ডিতপুর গ্রামে মসজিদের মাইকে ফ্যামিলি কার্ডের কথা বলে ঘোষণা দিয়ে মোবাইল ফোন কোম্পানির সিম বিক্রির অভিযোগ উঠেছে।
বুধবার উপজেলার ৫ নম্বর গাংগাইল ইউনিয়নের পণ্ডিতপুর গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা আমিনুর রহমান নামের এক সিম বিক্রেতাকে ধরে পুলিশের হাতে তুলে দেন। পরে মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দিয়েছে পুলিশ।
স্থানীয়রা জানান, পণ্ডিতপুর গ্রামের আঞ্জু মিয়ার ছেলে রুবেল মিয়ার অনুরোধে স্থানীয় মসজিদের ইমাম মাইকে একটি ঘোষণা দেন।
সেই ঘোষণায় এলাকাবাসীর উদ্দেশে বলা হয়, ফ্যামিলি কার্ড পেতে চাইলে বুধবার সকালে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) ও ২০০ টাকাসহ রুবেলের দোকানে উপস্থিত হতে হবে।
ঘোষণার পর এলাকার শতাধিক অসহায়-দরিদ্র নারী ফ্যামিলি কার্ড পাওয়ার আশায় বুধবার ভোর থেকে রুবেল মিয়ার দোকানে ভিড় করেন।
পরে ফ্যামিলি কার্ডের জন্য আসা এসব নারীকে ২০০ টাকার বিনিময়ে একটি করে গ্রামীণ সিম ধরিয়ে দেওয়া হয়। এই সিম না নিলে ফ্যামিলি কার্ড পাওয়া যাবে না বলেও তাঁদের বিভ্রান্ত করা হয় বলে অভিযোগ উঠেছে।
এভাবে টাকা হাতিয়ে নেওয়ার বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা ক্ষুব্ধ হন। পরে সিম বিক্রেতাকে আটক করে প্রশাসনকে খবর দেন স্থানীয়রা।
তবে অভিযুক্ত রুবেল মিয়া মাইকিং করার কথা স্বীকার করলেও ফ্যামিলি কার্ডের কথা বলেননি বলে দাবি করেন। তাঁর ভাষ্য, মসজিদের ইমাম প্রচারের সময় ভুল করেছেন।
অন্যদিকে মসজিদের ইমাম আব্দুল মান্নান জানান, স্থানীয় মুসল্লিদের উপস্থিতিতে রুবেল মিয়াই তাঁকে ফ্যামিলি কার্ডের কথা ঘোষণা দিতে বলেছিলেন।
খবর পেয়ে নান্দাইল মডেল থানা-পুলিশ ঘটনাস্থলে গিয়ে আচারগাঁও গ্রামের বাসিন্দা ও সিম বিক্রেতা আমিনুর রহমানকে আটক করে থানায় নিয়ে আসে। তবে পুলিশ আসার আগেই মূল অভিযুক্ত রুবেল মিয়া ঘটনাস্থল ত্যাগ করেন।
ভুক্তভোগী নারী ফিরোজা ও সাবিনা খাতুন জানান, মাইকিংয়ের ঘোষণা শুনে ফ্যামিলি কার্ড করতে এসে তাঁরা বাধ্য হয়ে ২০০ টাকায় সিম কিনতে বাধ্য হয়েছেন।
নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফয়সাল আহমেদ জানান, পুরো বিষয়টি তদন্তে উপজেলা সমাজসেবা কর্মকর্তাকে দায়িত্ব দেওয়া হয়েছে।
নান্দাইল মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ পাঠিয়ে একজনকে আটক করা হয়েছিল। পরে জানা যায়, এটি ভুল বোঝাবুঝির কারণে ঘটেছে। সুনির্দিষ্ট কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে।




