৯ নভেম্বরের সিদ্ধান্ত বাতিল করল ইউজিসি, নিজস্ব আইনে ভর্তি চালাতে পারবে বিশ্ববিদ্যালয়গুলো

২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম নিয়ে গত ৯ নভেম্বর নেওয়া সিদ্ধান্ত বাতিল করেছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এখন থেকে বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের আইন, বিধি-বিধান ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নিতে পারবে।
অর্থাৎ ভর্তি পরীক্ষা কবে হবে, সে সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা থাকছে বিশ্ববিদ্যালয়গুলোর নিজস্ব একাডেমিক কর্তৃপক্ষের হাতে।
বুধবার (১৮ নভেম্বর) সন্ধ্যায় ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত এক বিশেষ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় কমিশনের সব সদস্য এবং ভার্চ্যুয়াল মাধ্যমে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যেরা অংশ নেন।
এর আগে গত ৯ নভেম্বর ইউজিসিতে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্যদের সঙ্গে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সিদ্ধান্ত হয়েছিল, ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ এবং সম্পূরক পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের ফল প্রকাশ না হওয়া পর্যন্ত ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো যেন ভর্তি পরীক্ষা না নেয়। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোকে নিজ নিজ আইন, বিধি-বিধান ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়টিও উল্লেখ করা হয়েছিল।
ওই সভার সিদ্ধান্ত নিয়ে বিভিন্ন ধরনের ভুল-বোঝাবুঝি তৈরি হওয়ায় বিষয়টি পুনর্বিবেচনার উদ্যোগ নেয় ইউজিসি। এর পরিপ্রেক্ষিতে বুধবারের বিশেষ সভায় বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কার্যক্রম পরিচালনার আইনগত ও প্রাতিষ্ঠানিক ক্ষমতা এবং একাডেমিক স্বায়ত্তশাসনের বিষয়গুলো পর্যালোচনা করা হয়।
সভা শেষে সর্বসম্মতিক্রমে তিনটি সিদ্ধান্ত নেওয়া হয়। এর মধ্যে ৯ নভেম্বরের সভায় নেওয়া সিদ্ধান্ত বাতিলের পাশাপাশি বিশ্ববিদ্যালয়গুলোকে নিজস্ব আইন, সংবিধি, বিধি, প্রবিধান ও নীতিমালা অনুসরণ করে ভর্তি কার্যক্রম পরিচালনার বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা দেওয়া হয়েছে। এ ক্ষেত্রে যথাযথ একাডেমিক কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুসরণ করতে হবে।
সভায় বলা হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম পরিচালনা ও একাডেমিক বিষয়ে প্রযোজ্য আইনগত কাঠামোর মধ্যে নিজস্ব স্বায়ত্তশাসন ও স্বাধীনতা রয়েছে। বিশ্ববিদ্যালয়গুলোর আইনগত ক্ষমতা, একাডেমিক স্বায়ত্তশাসন এবং শিক্ষার্থীদের স্বার্থ বিবেচনায় নিয়েই ভর্তি কার্যক্রম পরিচালনা করতে হবে।
এর আগে গত ৯ নভেম্বরের সভা শেষে ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ জানিয়েছিলেন, ২০২৬-২৭ শিক্ষাবর্ষে পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার আবেদন শুরু হবে আগামী বছরের জানুয়ারিতে এবং পরীক্ষা শুরু হবে ফেব্রুয়ারি থেকে। বিশ্ববিদ্যালয়গুলো নিজেদের মধ্যে সমন্বয় করে পরীক্ষার তারিখ নির্ধারণ করবে বলেও তিনি জানিয়েছিলেন।
ইউজিসি চেয়ারম্যান আরও জানিয়েছিলেন, পবিত্র রমজান মাসের বিষয়টি বিবেচনায় রেখে ভর্তি পরীক্ষার সময়সূচি তৈরির জন্য উপাচার্যদের অনুরোধ জানানো হয়েছে। ইতিমধ্যে যেসব বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করেছে, জাতীয় স্বার্থ ও শিক্ষার্থীদের সুবিধার কথা বিবেচনায় নিয়ে তাদের ঘোষিত সময়সূচি পুনর্বিবেচনার আহ্বানও জানানো হয়েছে।
ওই সভায় ইউজিসি চেয়ারম্যান বলেছিলেন, বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি পরীক্ষার তারিখ যেন পরস্পরের সঙ্গে সাংঘর্ষিক না হয়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। এতে শিক্ষার্থীরা একাধিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।
এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের সব পাবলিক বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থগিত রাখার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বুধবার বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি এস এম ইফতেখার উদ্দিন মাহমুদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের প্রাথমিক শুনানি শেষে এই আদেশ দেন।
একই সঙ্গে এইচএসসি পরীক্ষার সম্পূরক ও পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশের আগে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নির্দেশিকা অনুযায়ী ঘোষিত ভর্তি পরীক্ষার সময়সূচি কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত।



