কুয়েতে মার্কিন সেনাদের ব্যবহৃত আলী আল সালেম ঘাঁটিতে ইরানের হামলা, কেশম দ্বীপেও বিস্ফোরণ
কুয়েতে মার্কিন সেনাদের ব্যবহৃত আলী আল সালেম বিমানঘাঁটি লক্ষ্য করে হামলা চালিয়েছে ইরান। বুধবার, ১৮ নভেম্বর, ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনা এ তথ্য জানিয়েছে।
ইরানের সেনাবাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, ঘাঁটিতে থাকা যুক্তরাষ্ট্রের ড্রোন ও ক্ষেপণাস্ত্র স্থাপনাগুলো লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।
এর আগে কুয়েতি সেনাবাহিনী জানিয়েছিল, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের ড্রোন হামলা মোকাবিলা করছে। তবে তখন হামলার লক্ষ্যবস্তু, ক্ষয়ক্ষতি কিংবা বিস্তারিত পরিস্থিতি সম্পর্কে কোনো তথ্য জানানো হয়নি।
আলী আল সালেম বিমানঘাঁটি কুয়েতে অবস্থিত একটি গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনা, যা মার্কিন সেনাবাহিনীও ব্যবহার করে।
একই সময়ে পারস্য উপসাগরের কৌশলগত হরমুজ প্রণালিতে অবস্থিত ইরানের বৃহত্তম দ্বীপ কেশমে ক্ষেপণাস্ত্র হামলার খবর পাওয়া গেছে। দ্বীপজুড়ে বিস্ফোরণের শব্দের পর বেশ কয়েকটি ক্ষেপণাস্ত্র ও প্রজেক্টাইল আঘাত হেনেছে বলে জানানো হয়েছে।
ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর, আইআরজিসির সঙ্গে সম্পৃক্ত আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে। তবে এই হামলায় এখন পর্যন্ত হতাহত কিংবা ক্ষয়ক্ষতির কোনো খবর তেহরান নিশ্চিত করেনি।
প্রতিবেদনে বলা হয়েছে, বিস্ফোরণগুলোর উৎস ও প্রজেক্টাইলগুলো কোথা থেকে ছোড়া হয়েছে, তা শনাক্ত করতে তদন্ত চলছে। ইরানি কর্তৃপক্ষ এখনো এ ঘটনার আনুষ্ঠানিক কোনো তথ্য জানায়নি এবং কী ধরনের প্রজেক্টাইল ব্যবহার করা হয়েছে, তা-ও নিশ্চিত হওয়া যায়নি।
এর আগে ইরানের ফার্স নিউজ এজেন্সি জানিয়েছিল, কেশম শহরের উত্তর-পশ্চিম দিক থেকে কয়েকটি বিস্ফোরণের শব্দ শুনেছেন স্থানীয় বাসিন্দারা। একই সময়ে হরমুজ প্রণালির কাছে অবস্থিত দ্বীপটির আকাশে ধোঁয়া উড়তে দেখা যায়।
অসমর্থিত সূত্রের বরাতে টাইমস অব ইসরায়েল জানিয়েছে, কেশম দ্বীপে হওয়া হামলা মার্কিন বিমান হামলার ফল। প্রতিবেদনে বলা হয়েছে, গত মঙ্গলবার ভোরে বাহরাইনে অবস্থিত শেখ ঈসা বিমানঘাঁটিতে মার্কিন সামরিক রাডার ব্যবস্থায় ড্রোন হামলা চালায় ইরান, কেশমে তারই পাল্টা হামলা চালিয়েছে ওয়াশিংটন।
বাহরাইনের প্রতিরক্ষা বাহিনীর জেনারেল কমান্ড জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ইরানের বেশ কয়েকটি আকাশপথের হামলা প্রতিহত করেছে। বিবৃতিতে হামলায় ব্যবহৃত প্রজেক্টাইলের ধরন বা সংখ্যা নির্দিষ্ট করে বলা হয়নি এবং কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্যও দেওয়া হয়নি।
বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দুটি সতর্কবার্তা জারি করে নাগরিক ও বাসিন্দাদের শান্ত থাকার এবং নিকটতম নিরাপদ স্থানে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে।
মঙ্গলবার আইআরজিসি জানিয়েছিল, তারা বাহরাইনের শেখ ঈসা বিমানঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন সামরিক রাডার ব্যবস্থা লক্ষ্য করে ড্রোন হামলা চালিয়েছে। মার্কিন সামরিক ড্রোন ইরানের আকাশসীমায় বারবার অনুপ্রবেশের জবাবে এই অভিযান চালানো হয়েছে বলে আইআরজিসি দাবি করেছে।
এদিকে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা কমানো এবং সংঘাতের পক্ষগুলোকে রাজনৈতিক আলোচনায় ফিরিয়ে আনতে উদ্যোগ নিয়েছে মিসর ও ওমান। এ বিষয়ে দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী ফোনে আলোচনা করেছেন।
মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেল আত্তি ও ওমানের পররাষ্ট্রমন্ত্রী সাইয়্যিদ বদর আলবুসাইদির মধ্যে এই ফোনালাপ হয়। মিসরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, দুই মন্ত্রী আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা, উত্তেজনা প্রশমনের উপায় এবং পক্ষগুলোকে রাজনৈতিক আলোচনার পথে ফিরিয়ে আনার লক্ষ্যে সমন্বিত উদ্যোগ নিয়ে আলোচনা করেন। তাঁরা মনে করেন, সামরিক পদক্ষেপের মাধ্যমে সংকটের স্থায়ী সমাধান সম্ভব নয়, এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা ও সমন্বয় অব্যাহত রাখতে নিয়মিত যোগাযোগ রাখবেন বলেও বিবৃতিতে জানানো হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করলে তেহরান ইসরায়েল এবং আরব দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক স্থাপনাগুলোতে হামলা চালিয়ে জবাব দেয়। পরে জুন মাসে যুক্তরাষ্ট্র ও ইরান একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করে এবং আলোচনা শুরু হলেও হরমুজ প্রণালিতে নিরাপদ ও অবাধ নৌচলাচল কীভাবে নিশ্চিত করা যায়, তা নিয়ে মতবিরোধের জেরে তা স্থবির হয়ে পড়ে।
রয়টার্স লিখেছে, চলতি মাসে হরমুজ প্রণালিতে তেলবাহী ট্যাংকারের ওপর হামলার ঘটনা বেড়েছে। ইরানের নৌবাহিনী ও আইআরজিসি জানিয়েছে, হরমুজ প্রণালিতে এলএনজিবাহী একটি জাহাজ এবং দুটি তেলবাহী ট্যাংকারে আগুন লেগেছে। যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস সংস্থা জানিয়েছে, ওমানের বন্দরনগরী খাসাবের উত্তরে একটি ট্যাংকার হামলার শিকার হয়েছে এবং ওই ট্যাংকারের নাবিকদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। এসব হামলার বিষয়ে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প জানিয়েছেন, হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলে ইরান বাধা অব্যাহত রাখায় দেশটির ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধও বহাল থাকবে।

