চীনে ট্রাম্প-পুতিন বৈঠকের আগে দক্ষিণ রাশিয়ার দুই তেল শোধনাগারে ইউক্রেনের হামলা

দক্ষিণ রাশিয়ার দুটি বড় তেল শোধনাগারে হামলা চালিয়েছে ইউক্রেনের সামরিক বাহিনী। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বৈঠকের আগে এই হামলা হয়।
বৃহস্পতিবার চীনের শেনজেনে এশিয়া-প্যাসিফিক ইকোনমিক কো-অপারেশন (অ্যাপেক) সম্মেলনের ফাঁকে পুতিনের সঙ্গে ট্রাম্পের একান্ত বৈঠক হওয়ার কথা। বুধবার এক মার্কিন কর্মকর্তা এ তথ্য নিশ্চিত করেছেন।
ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, গত রাত থেকে আজ সকাল পর্যন্ত রাশিয়ার ক্রাসনোদার ক্রাই অঞ্চলে বিস্ফোরণ ঘটেছে। ইউক্রেনীয় বাহিনী দক্ষিণ রাশিয়ার দুটি গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহকারী ইলস্কি ও আফিপস্কি তেল শোধনাগারে বিমান হামলা চালিয়েছে বলে তারা জানায়।
জেনারেল স্টাফের ভাষ্য, ইলস্কি তেল শোধনাগারের আশপাশে বিস্ফোরণ ও ধোঁয়া দেখা গেছে এবং সেখানে সংরক্ষণ ট্যাংকে আঘাত লেগেছে। আফিপস্কি শোধনাগারে একটি তেল পরিশোধন ইউনিট ক্ষতিগ্রস্ত হয়েছে।
ইলস্কি দক্ষিণ রাশিয়ার অন্যতম বড় তেল শোধনাগার; এর বার্ষিক অপরিশোধিত তেল প্রক্রিয়াজাতকরণ ক্ষমতা প্রায় ৬৬ লাখ টন। এর পণ্য রাশিয়ার সশস্ত্র বাহিনীর জ্বালানি চাহিদা মেটাতেও ব্যবহৃত হয়।
জেনারেল স্টাফ আরও জানায়, এই দুটি স্থাপনা থেকেই সম্মুখ সারিতে মোতায়েন রুশ বাহিনীর কাছে জ্বালানি পৌঁছানোর সবচেয়ে সংক্ষিপ্ত সরবরাহ পথগুলোর কয়েকটি যায়। তাদের ভাষ্য, এসব স্থাপনায় প্রতিটি আগুন মানেই রুশ সামরিক বাহিনীর জন্য কম ডিজেল ও পেট্রল এবং ক্ষেপণাস্ত্র ও শাহেদ-ধরনের হামলাকারী ড্রোন কেনার জন্য রাশিয়ার কম তেল রাজস্ব।
একই দিনে রাশিয়া ইউক্রেনের ওদেসার একটি আবাসিক এলাকায় ড্রোন হামলা চালিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ভাষ্য, এই হামলায় একাধিক মানুষ নিহত হয়েছেন।
সামাজিক মাধ্যম এক্সে জেলেনস্কি লিখেছেন, এটি মানুষের বিরুদ্ধে, জীবনের বিরুদ্ধেই একটি নৃশংস ও ইচ্ছাকৃত হামলা এবং রাশিয়ানরা আসলে কী চায় তার আরও প্রমাণ। তিনি বলেন, রাশিয়ার ওপর বৈশ্বিক চাপ না বাড়ালে এবং ইউক্রেনকে প্রকৃত সমর্থন না দিলে রাশিয়ার কাছে উত্তেজনা কমিয়ে শান্তির পথে এগোনোর কোনো প্রকৃত কারণ থাকবে না।

