গাজার চিকিৎসক আবু সাফিয়ার কারাবাস বিনা অভিযোগে আরও ছয় মাস বাড়াল ইসরায়েলি আদালত
গাজার কামাল আদওয়ান হাসপাতালের পরিচালক হুসাম আবু সাফিয়ার আটকাদেশ আরও ছয় মাস বাড়িয়েছে একটি ইসরায়েলি আদালত। বিনা অভিযোগে আটক এই চিকিৎসককে মুক্তি দেওয়ার জন্য বারবার আহ্বান জানানো হলেও তাঁর কারাবাস দীর্ঘ হচ্ছে।
আবু সাফিয়ার আইনজীবী জানিয়েছেন, বিয়ারশেবার একটি আদালত বুধবার এই চিকিৎসকের আটকাদেশ আরও ছয় মাস বাড়ানোর সিদ্ধান্ত দিয়েছে। আবু সাফিয়ার এক্স অ্যাকাউন্টে দেওয়া তথ্য অনুযায়ী, আদালত বলেছে, আবু সাফিয়া ‘ইসরায়েল রাষ্ট্রের জন্য হুমকি’।
ওই সামাজিক মাধ্যমের পোস্টে আরও বলা হয়েছে, ডা. হুসাম প্রশ্ন তুলেছেন, কেন তাঁর আটকাদেশ আবার নবায়ন করা হলো। তিনি বলেছেন, উত্তর গাজার কামাল আদওয়ান হাসপাতালে চিকিৎসক হিসেবে মানবিক মিশন ও পেশাগত দায়িত্ব পালনের জন্যই তাঁকে শাস্তি দেওয়া হচ্ছে।
ইসরায়েলি সেনাবাহিনী ২০২৪ সালের ডিসেম্বরে উত্তর গাজার ওই হাসপাতালে অভিযান চালিয়ে আবু সাফিয়াকে অন্য কর্মী ও রোগীদের সঙ্গে আটক করে।
আন্তর্জাতিক সংস্থা ও মানবাধিকার গোষ্ঠীগুলো একাধিকবার এই চিকিৎসকের মুক্তির আহ্বান জানিয়েছে। আটক অবস্থায় তাঁর ওপর নির্যাতনের অভিযোগের কথাও তারা তুলে ধরেছে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের কার্যালয় (ওএইচসিএইচআর) জুলাই মাসে বলেছিল, ইসরায়েলকে অবিলম্বে ডা. আবু সাফিয়াকে মুক্তি দিতে হবে, অথবা দ্রুত তাঁর বিরুদ্ধে স্বীকৃত ফৌজদারি অপরাধের অভিযোগ এনে সুষ্ঠু বিচারের সুযোগ দিতে হবে।
ওএইচসিএইচআর আরও বলেছিল, তাদের কাছে তথ্য রয়েছে যে আবু সাফিয়া নির্যাতন ও অন্যান্য দুর্ব্যবহারের শিকার হয়েছেন। এর মধ্যে রয়েছে দীর্ঘদিন নির্জন কারাবাস, বারবার গুরুতর মারধরে গুরুতর আঘাত এবং চিকিৎসাসেবা থেকে বঞ্চিত করা।
ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস ইসরায়েল (পিএইচআরআই) গত সপ্তাহে জানিয়েছে, আবু সাফিয়ার চিকিৎসা নথির একটি স্বাধীন পর্যালোচনা তারা পেয়েছে। তাতে তাঁর ওজন উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া, রক্তে হিমোগ্লোবিনের মাত্রা কমে যাওয়া এবং বুকে ব্যথার কথা রয়েছে, যার যথাযথ পরীক্ষা করা হয়নি।
পিএইচআরআইয়ের নাজি আব্বাস বলেছেন, বিচার ছাড়াই তাঁকে শুধু স্বাধীনতাই হরণ করা হয়নি, স্বাধীন চিকিৎসা পরীক্ষার মৌলিক অধিকার থেকেও তাঁকে বঞ্চিত করা হচ্ছে।
গত সপ্তাহে সুপ্রিম কোর্ট ১৪ জন চিকিৎসকের মুক্তি চেয়ে করা একটি আবেদন খারিজ করে দিয়েছে। তাঁদের মধ্যে হাসপাতাল পরিচালক ও অপরিহার্য চিকিৎসা ক্ষেত্রের বিশেষজ্ঞরা রয়েছেন, যাঁরা অভিযোগ বা বিচার ছাড়াই ইসরায়েলি কারাগারে আটক আছেন।
পিএইচআরআই বলেছে, দীর্ঘদিনের এই নির্বিচার আটক — কোনো কোনো ক্ষেত্রে দুই বছরের বেশি — তাঁদের ব্যক্তিগত অধিকারের লঙ্ঘন। একই সঙ্গে এটি গাজার স্বাস্থ্যব্যবস্থাকে আরও দুর্বল করছে, যেখানে চিকিৎসা পেশাজীবীদের তীব্র সংকট রয়েছে।

