মজুরির দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভে বন্ধ ২০১ কারখানা, চার জেলায় ৪৪ প্লাটুন বিজিবি
ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরিসহ বিভিন্ন দাবিতে পোশাকশ্রমিকদের বিক্ষোভ ও অবরোধ থামছে না। শ্রমিক অসন্তোষের জেরে সাভার, আশুলিয়া ও গাজীপুরের মোট ২০১টি পোশাক কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে গাজীপুরের ৩৯টি কারখানা অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
রাজধানীর মিরপুর, সাভার ও গাজীপুরে শ্রমিকদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংঘর্ষ, মহাসড়ক অবরোধ, ইটপাটকেল নিক্ষেপ ও পুলিশের গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে ঢাকা, গাজীপুর, নারায়ণগঞ্জ ও ময়মনসিংহে মোট ৪৪ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। বিজিবির বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার মিরপুর, হেমায়েতপুর, সাভার ও আশুলিয়ায় ২০ প্লাটুন, গাজীপুরের বিভিন্ন এলাকায় ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জে সাত প্লাটুন এবং ময়মনসিংহের ভালুকা ও ত্রিশালে দুই প্লাটুন বিজিবি দায়িত্ব পালন করছে।
আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মমিনুল ইসলাম ভূঁইয়া জানান, সাভার ও আশুলিয়ার ১১২টি কারখানায় উৎপাদন বন্ধ ছিল। এর মধ্যে শ্রম আইনের ১৩(১) ধারায় ১৪টি কারখানা বন্ধ করা হয়েছে। আটটিতে আগে থেকেই নোটিশ দিয়ে সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছিল। নতুন করে সাধারণ ছুটি দেওয়া হয়েছে ৯০টি কারখানায়।
গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন জানান, সেখানে ৮৯টি কারখানায় উৎপাদন বন্ধ রয়েছে। এর মধ্যে ৫০টিতে সাধারণ ছুটি এবং ৩৯টিতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে।
বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড সোয়েটার্স শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আইনবিষয়ক সম্পাদক খায়রুল মামুন মিন্টু জানান, আশুলিয়ার জামগড়া, নরসিংহপুর, খেজুরবাগান ও সাভারের হেমায়েতপুর এলাকার অনেক কারখানা বন্ধ রয়েছে। তাঁর ভাষ্য, ডিসেম্বরের আগেই মজুরি কাঠামো ঘোষণা করে ১ ডিসেম্বর থেকে কার্যকর করার দাবি ছিল শ্রমিকদের। নিম্নতম মজুরি বোর্ডের ১৬ নভেম্বরের সভা স্থগিত হওয়া এবং মালিকপক্ষের প্রস্তাব না দেওয়ায় শ্রমিকদের মধ্যে অসন্তোষ তৈরি হয়েছে।
সাভারের উলাইল এলাকায় ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে ঢাকা-আরিচা মহাসড়ক অবরোধ করেন আল মুসলিম গ্রুপের শ্রমিকেরা। সকালে কাজ বন্ধ রেখে কারখানার ভেতরে অবস্থান নেওয়ার পর দুপুর সোয়া দুইটার দিকে সাধারণ ছুটি ঘোষণা করা হয়। এরপর শ্রমিকেরা বেরিয়ে এসে মহাসড়ক অবরোধ করেন।
প্রায় আধা ঘণ্টা পর পুলিশ তাদের সরিয়ে দিতে গেলে শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। বিকেল পৌনে চারটার দিকে শ্রমিকেরা সড়ক ছেড়ে গেলে যান চলাচল স্বাভাবিক হতে শুরু করে। সাভার মডেল থানার ওসি সাইফুল আলম জানান, অবরোধ ও ইটপাটকেল নিক্ষেপের কারণে পুলিশ এসব ব্যবস্থা নেয়।
গাজীপুরে কয়েক দিন ধরে একই দাবিতে শ্রমিক আন্দোলন চলছে। সকাল সাড়ে আটটার দিকে মহানগরীর ছয়দানা এলাকায় কলম্বিয়া গার্মেন্টসের সামনে কয়েকটি কারখানার শ্রমিকেরা বিক্ষোভ শুরু করেন। পরে তাঁরা ছয়দানা ও হারিকেন এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে শিল্প পুলিশ, থানা-পুলিশ ও বিজিবি সদস্যরা ঘটনাস্থলে যান। শ্রমিকদের সরিয়ে দিতে সকাল সোয়া নয়টার দিকে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়। পরে শ্রমিকেরা হারিকেন এলাকায় অবস্থান নেন।
সকাল সোয়া ১০টার দিকে ছয়দানা এলাকায় পুলিশের একটি গাড়িতে অগ্নিসংযোগ করা হয়। শ্রমিক আন্দোলনের খবর পেয়ে ঘটনাস্থলে যাওয়ার পথে গাজীপুর মহানগর পুলিশের উপপুলিশ কমিশনার মোহাম্মদ মহিউদ্দিন আহমেদের গাড়িটি ভাঙচুর করে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।
এর আগে মঙ্গলবার সন্ধ্যায় কোনাবাড়ী ফ্লাইওভারের পাশে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বোমাসদৃশ একটি বস্তু পাওয়া যায়। পরে বোমা নিষ্ক্রিয়করণ দল সেটি নিষ্ক্রিয় করে।
রাজধানীর মিরপুর-১২ নম্বর এলাকায় দুপুর ১২টার দিকে শ্রমিকদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষ হয়। প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার পর শ্রমিকেরা মিরপুর-১১ মেট্রোস্টেশন এলাকায় জড়ো হয়ে সড়ক অবরোধ করেন। পরে বিক্ষোভ মিছিল নিয়ে মিরপুর-১২ নম্বরে গেলে তাদের সরিয়ে দেওয়ার চেষ্টা করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এ সময় শ্রমিকেরা ইটপাটকেল নিক্ষেপ করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ১০ থেকে ১২টি সাউন্ড গ্রেনেড ও টিয়ারশেল নিক্ষেপ করে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনাও ঘটে।
মিরপুর বিভাগের অতিরিক্ত পুলিশ কমিশনার জাহিদ হাসান জানান, মাইকিং করে সড়ক অবরোধ না করার সতর্কবার্তা দেওয়া হয়েছিল। কিন্তু শ্রমিকেরা তা না মেনে ইটপাটকেল নিক্ষেপ করেন। সেখানে প্রায় ৩০০ থেকে ৪০০ শ্রমিক জড়ো হয়েছিলেন। পরে তাদের সরিয়ে দেওয়া হয়। এর আগে সকালে কাফরুলেও শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।
শিল্পাঞ্চলের নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে স্থানীয় প্রশাসন ও পুলিশের সঙ্গে সমন্বয় করে বিজিবি সদস্যরা কাজ করছেন। পরিস্থিতি পর্যবেক্ষণে সদর দপ্তরের মনিটরিং সেল থেকে ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্য ডিভাইসের মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিও ফুটেজও পর্যবেক্ষণ করা হচ্ছে।
শ্রমিক অসন্তোষের মধ্যেও নারায়ণগঞ্জের পোশাক কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম স্বাভাবিক ছিল। সকাল থেকে জেলার প্রায় দেড় হাজার পোশাক কারখানায় শ্রমিকেরা কাজে যোগ দেন। ফতুল্লার শিবু মার্কেট, কাঠেরপুল, বিসিক শিল্পনগরী, আদমজী ইপিজেড, সোনারগাঁ, রূপগঞ্জ ও বন্দর এলাকার কারখানাগুলোতে উৎপাদন অব্যাহত ছিল। সেখানে কোনো কারখানা বন্ধের ঘোষণা আসেনি।
শিল্প পুলিশ-৪-এর পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাহমুদ বলেন, নারায়ণগঞ্জে দেড় হাজারের বেশি পোশাক কারখানায় প্রায় ছয় লাখ শ্রমিক কাজ করেন। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া জেলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ৬২ বিজিবি নারায়ণগঞ্জ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মির্জা মোহাম্মদ আরাফাত জানান, আগে যেসব শিল্পাঞ্চলে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি হয়েছিল, সেগুলো চিহ্নিত করে নিরাপত্তা ও নজরদারি বাড়ানো হয়েছে।




