…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
এজেন্ট ব্যাংকিংয়ে এক বছরে ঋণ বেড়েছে ৩৮ শতাংশ, সেপ্টেম্বর শেষে দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা
ছবি: সংগৃহীত

এজেন্ট ব্যাংকিংয়ের মাধ্যমে ঋণ বিতরণ এক বছরে ৩৮ দশমিক ২৩ শতাংশ বেড়েছে। বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ এজেন্ট ব্যাংকিং প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। সেপ্টেম্বর শেষে এই খাতে ঋণের পরিমাণ দাঁড়িয়েছে ৪৪ হাজার ১১০ কোটি টাকা।

প্রতিবেদন অনুযায়ী, ২০২৫ সালের সেপ্টেম্বর শেষে এই মাধ্যমে ঋণ ছিল ৩১ হাজার ৯১১ কোটি টাকা। এক বছরের ব্যবধানে নতুন ঋণ যুক্ত হয়েছে আরও ১২ হাজার ১৯৯ কোটি টাকা। চলতি বছরের জুন শেষে ঋণ ছিল ৪০ হাজার ৮৭০ কোটি টাকা, অর্থাৎ তিন মাসেই ঋণ বেড়েছে ৩ হাজার ২৪০ কোটি টাকা।

একই সময়ে আমানত বেড়েছে মাত্র ২ দশমিক ৩১ শতাংশ। আমানতের তুলনায় ঋণ বৃদ্ধির গতি বেশি হওয়ায় ঋণ-আমানত অনুপাতও বেড়েছে। জুনে এই হার ছিল ৭৮ দশমিক ৭৪ শতাংশ, সেপ্টেম্বরে তা হয়েছে ৮৩ দশমিক ০৬ শতাংশ।

এজেন্ট ব্যাংকিংয়ের ঋণের বড় অংশ গেছে গ্রামের গ্রাহকদের কাছে। সেপ্টেম্বর শেষে মোট ঋণের ৬৪ দশমিক শূন্য ৯ শতাংশ, অর্থাৎ ২৮ হাজার ২৭০ কোটি টাকা পেয়েছেন গ্রামের গ্রাহকেরা। শহরের গ্রাহকদের ঋণের পরিমাণ ১৫ হাজার ৮৪০ কোটি টাকা। আগের তিন মাসে গ্রামের ঋণ-আমানত অনুপাত ছিল ৬২ শতাংশ, সেপ্টেম্বরে তা বেড়ে দাঁড়িয়েছে ৬৬ শতাংশে।

অন্যদিকে এই মাধ্যমে জমা হওয়া আমানতের ৮১ দশমিক ২৬ শতাংশই গ্রামের মানুষের। সেপ্টেম্বর শেষে গ্রামের আমানত ছিল ৪৩ হাজার ১৫৯ কোটি টাকা, শহরে জমা ছিল ৯ হাজার ৯৪৯ কোটি টাকা। অর্থাৎ গ্রামের আমানত শহরের তুলনায় সাড়ে চার গুণের বেশি।

তবে ঋণ বিতরণে ব্যাংকগুলোর অংশগ্রহণ সমান নয়। এজেন্ট ব্যাংকিং চালু রয়েছে ৩০টি ব্যাংকের, এর মধ্যে ঋণ দিচ্ছে ২৩টি। মোট ঋণের ৯৬ দশমিক ১৫ শতাংশই দিয়েছে পাঁচটি ব্যাংক। এককভাবে ব্র্যাক ব্যাংকের অংশ ৭৪ দশমিক ৪৯ শতাংশ; ব্যাংকটি বিতরণ করেছে ৩২ হাজার ৮৫৯ কোটি টাকা।

ঋণ পাওয়ার ক্ষেত্রে নারী-পুরুষের ব্যবধান বড়। মোট ঋণের ৮৪ দশমিক ৩৬ শতাংশ পেয়েছেন পুরুষেরা। নারীদের অংশ মাত্র ১২ দশমিক ৭২ শতাংশ, তাঁদের ঋণের পরিমাণ ৫ হাজার ৬১২ কোটি টাকা।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, নারী উদ্যোক্তাদের ঋণ বাড়াতে কেন্দ্রীয় ব্যাংকের পুনঃঅর্থায়ন কর্মসূচি রয়েছে। গ্রামীণ নারী উদ্যোক্তারা যাতে এই সুবিধা পান, সে জন্য ব্যাংকগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

সেপ্টেম্বর শেষে এজেন্ট ব্যাংকিংয়ের আউটলেট ছিল ২০ হাজার ৬৮১টি, এগুলো পরিচালনা করছেন ১৫ হাজার ৫০৭ জন এজেন্ট। এই মাধ্যমে হিসাব রয়েছে ২ কোটি ৭৭ লাখ ৬২ হাজার, এর ৮৫ শতাংশ গ্রামের মানুষের। নারীদের হিসাব প্রায় অর্ধেক।

প্রবাসী আয় বিতরণেও এজেন্ট ব্যাংকিংয়ের ভূমিকা বাড়ছে। এই মাধ্যমে বিতরণ হয়েছে ২ লাখ ২০ হাজার ১৪৯ কোটি টাকা, এর ৯০ দশমিক ৪৭ শতাংশ পেয়েছেন গ্রামের প্রবাসীদের স্বজনেরা।

ব্যাংকিং সেবার বাইরে থাকা মানুষকে আনুষ্ঠানিক ব্যবস্থায় আনতে ২০১৩ সালে এজেন্ট ব্যাংকিং চালু করে বাংলাদেশ ব্যাংক। হিসাব খোলা, টাকা জমা ও উত্তোলনের পাশাপাশি এখন ঋণ বিতরণ, পরিশোধ এবং প্রবাসী আয় পৌঁছে দেওয়ার কাজও হচ্ছে এই মাধ্যমে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

রমজানে দাম নিয়ন্ত্রণে আগাম ব্যবস্থা নিয়েছে সরকার, সংসদে জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে ও দাম নিয়ন্ত্রণে রাখতে সরকার আগাম ব্যবস্থা গ্রহণ করেছে বলে জাতীয় সংসদকে জানিয়েছেন প্রধা…

অর্থনীতি ও ব্যবসা

প্রবৃদ্ধির পরের ধাপে শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ চায় এডিবি

বাংলাদেশের প্রবৃদ্ধির পরবর্তী পর্যায়ে পৌঁছাতে আরও শক্তিশালী আর্থিক বাজার ও উন্নত বিনিয়োগ পরিবেশ প্রয়োজন বলে মন্তব্য করেছেন এশীয় উন্নয়ন ব্যাংকের (…

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ
অর্থনীতি ও ব্যবসা

আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ

দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ…

চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় ৬০ লাখ ডলার বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার ২৩০ জনের
অর্থনীতি ও ব্যবসা

চট্টগ্রাম ইপিজেডে বন্ধ কারখানায় ৬০ লাখ ডলার বিনিয়োগ, কর্মসংস্থান হবে ২ হাজার ২৩০ জনের

চট্টগ্রাম রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকা একটি কারখানায় নতুন করে উৎপাদন শুরু হতে যাচ্ছে। সিঙ্গাপুর-চীনের মাল…