আনুষ্ঠানিক আর্থিক সেবায় দেশের ৬৫ শতাংশ মানুষ, সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ: র্যাপিড জরিপ

দেশের প্রায় ৬৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এখন আনুষ্ঠানিক আর্থিক সেবার আওতায় এসেছেন। ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান, মোবাইল আর্থিক সেবা (এমএফএস), ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠান, বিমা কিংবা পুঁজিবাজারের মধ্যস্থতাকারী প্রতিষ্ঠানের কোনো না কোনোটিতে অন্তত একটি হিসাব রয়েছে তাঁদের। তবে এখনো দেশের ৩৫ শতাংশ প্রাপ্তবয়স্ক মানুষ এসব আর্থিক সেবার বাইরে রয়েছেন।
এই ৬৫ শতাংশের মধ্যে ব্যাংক হিসাব আছে অন্তত ২৮ দশমিক ৮ শতাংশ মানুষের এবং এমএফএস হিসাবধারী ৪৪ দশমিক ৭ শতাংশ। তবে অনেকের ব্যাংক ও এমএফএস—দুই ধরনের হিসাবই রয়েছে।
‘বাংলাদেশ ন্যাশনাল ফিন্যান্সিয়াল ইনক্লুশন সার্ভে ২০২৫’ শীর্ষক এই জরিপ পরিচালনা করেছে বেসরকারি গবেষণা সংস্থা রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্ট (র্যাপিড)। ২০২৫ সালের ২৬ জানুয়ারি থেকে ২৪ মার্চ পর্যন্ত পরিচালিত জরিপে দেশের প্রায় ৭ হাজার খানা থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে।
বুধবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে আয়োজিত এক অনুষ্ঠানে জরিপের ফলাফল ও নীতিগত সুপারিশ তুলে ধরেন র্যাপিডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক। বাংলাদেশ ব্যাংক ও র্যাপিড যৌথভাবে অনুষ্ঠানটির আয়োজন করে।
র্যাপিড জানায়, এটি দেশের স্থানীয় কোনো সংস্থার পরিচালিত এ ধরনের প্রথম জরিপ। এর আগে বিশ্বব্যাংক এ কাজ করত। তাদের ২০২৪ সালের ফিনডেক্স জরিপে আর্থিক অন্তর্ভুক্তির হার ছিল ৪৩ শতাংশ, যা ২০২১ সালের জরিপে ছিল ৫৩ শতাংশ।
বিভাগভিত্তিক হিসাবে সবচেয়ে বেশি আর্থিক অন্তর্ভুক্তি ঢাকা বিভাগে, ৬৭ দশমিক ৭ শতাংশ। সবচেয়ে পিছিয়ে সিলেট বিভাগ, সেখানে হার ৫৪ দশমিক ৯ শতাংশ। অন্য বিভাগগুলোর হার—চট্টগ্রামে ৬৭, রংপুরে ৬৪ দশমিক ৯, ময়মনসিংহে ৬৪ দশমিক ২, বরিশালে ৬৪, খুলনায় ৬৩ দশমিক ৫ ও রাজশাহীতে ৬০ দশমিক ১ শতাংশ।
জাতীয়ভাবে ৬৯ দশমিক ৫ শতাংশ পুরুষ এবং ৬০ দশমিক ৯ শতাংশ নারী আর্থিক সেবার আওতায় রয়েছেন বলে জরিপে উঠে এসেছে।
জরিপে ব্যাংক হিসাব ব্যবহারের প্রধান উদ্দেশ্য হিসেবে সঞ্চয়ের কথা উঠে এসেছে। ব্যাংক হিসাবধারী পুরুষদের ৫৮ দশমিক ৪ শতাংশ এবং নারীদের ৬২ দশমিক ৭ শতাংশ সঞ্চয়ের জন্য হিসাব ব্যবহার করেন।
অন্যদিকে এমএফএসের ব্যবহার মূলত টাকা পাঠানো ও গ্রহণের মধ্যে সীমাবদ্ধ। এমএফএস হিসাবধারী নারীদের ৯০ দশমিক ৩ শতাংশ এবং পুরুষদের ৮৩ দশমিক ১ শতাংশ টাকা গ্রহণে এ সেবা ব্যবহার করেন। টাকা পাঠানোয় নারী ও পুরুষের হার যথাক্রমে ৭৭ ও ৬১ শতাংশ।
তবে মোবাইল ব্যাংকিংয়ে কেনাকাটার বিল, ইউটিলিটি বিল পরিশোধ ও সঞ্চয়ে এমএফএস ব্যবহারকারীর হার ৪ শতাংশের কম। গ্রামীণ এলাকার এমএফএস ব্যবহারকারীদের ৩৭ শতাংশ সামাজিক নিরাপত্তা ভাতা বা সরকারি সুবিধার অর্থ পান এ মাধ্যমে। এমএফএস অ্যাপ ব্যবহার করেন মাত্র ২০ দশমিক ৫ শতাংশ গ্রাহক।
সেবার মান নিয়েও জরিপে তথ্য এসেছে। এমএফএস ব্যবহারকারীদের ৩১ দশমিক ৮ শতাংশ সেবার ফি নিয়ে অসন্তুষ্ট। বিমার ক্ষেত্রে দাবি নিষ্পত্তির সময় নিয়ে সন্তুষ্ট মাত্র ৪৪ শতাংশ গ্রাহক এবং বিমা প্রতিষ্ঠানের অভিযোগ ব্যবস্থাপনা নিয়ে সন্তুষ্টির হার মাত্র ১০ দশমিক ৬ শতাংশ।
আর্থিক পণ্য সম্পর্কে ধারণাও সীমিত। ব্যাংক হিসাবধারীদের মাত্র ৩৩ শতাংশ জানেন, তাঁদের জমা টাকার বিপরীতে কত সুদ পাওয়া যায়। ক্ষুদ্রঋণ প্রতিষ্ঠানের গ্রাহকদের ক্ষেত্রে এই হার ১৫ শতাংশ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মো. হাবিবুর রহমান বলেন, আর্থিক খাতের ভেতরকার তথ্য উঠে এসেছে জরিপে, যা নীতি গ্রহণে সহায়তা করবে। নারী-পুরুষের বৈষম্যের বিষয়টি নিয়েও কাজ করতে হবে বলে তিনি উল্লেখ করেন।
বিশেষ অতিথি বিকাশের প্রধান নির্বাহী কর্মকর্তা কামাল কাদীর বলেন, অ্যাপ ছাড়া সাধারণ মোবাইলে এমএফএস ব্যবহারের ব্যবস্থা করায় এটি ছড়িয়ে গেছে। ব্যাংকের শাখা প্রায় ১২ হাজার, কিন্তু ৪০ শতাংশ গ্রাহক জানিয়েছেন ব্যাংকের শাখা ৫ কিলোমিটার দূরে। তাই এজেন্ট ব্যাংকিংয়ের প্রসার ঘটানো দরকার বলে তিনি মত দেন।
ব্র্যাক ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রেফাত উল্লাহ খান বলেন, শুধু হিসাব থাকলে হবে না, সব লেনদেনে গ্রাহকদের যুক্ত করতে হবে; ডিজিটাল ইকোসিস্টেম না বাড়ালে অন্তর্ভুক্তি বাড়ানো যাবে না। র্যাপিডের চেয়ারম্যান আবদুর রাজ্জাক বলেন, নারীর অংশগ্রহণ বাড়াতে তাঁদের জন্য সেবা ও পণ্য তৈরি করতে হবে এবং অন্তর্ভুক্তি না বাড়লে রাজস্ব আয়ও বাড়ানো যাবে না।



