হাইতির গ্যাংনেতা জেফের বিলাসবহুল বাড়িতে হেলিকপ্টার হামলা চালিয়ে ধ্বংসের কথা জানালেন বুকেলে

এল সালভাদরের প্রেসিডেন্ট নায়িব বুকেলে বুধবার নিশ্চিত করেছেন, তাঁর বাহিনী হাইতির অন্যতম প্রধান গ্যাংনেতা ‘জেফ’ লারোসের বিলাসবহুল বাড়িতে হামলা চালিয়ে সেটি ধ্বংস করে দিয়েছে। হামলার সময় জেফ ওই বাড়িতে ছিলেন কি না, কিংবা তিনি নিহত হয়েছেন কি না, তা এখনো স্পষ্ট নয়।
বুকেলে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে একটি ভিডিও প্রকাশ করেছেন। ভিডিওতে প্রথমে নিজের বাড়ির সামনে দাঁড়িয়ে থাকা জেফের ছবি দেখা যায়; এরপর সালভাদরীয় হেলিকপ্টারগুলো বাড়িটির দিকে এগিয়ে গিয়ে গুলি চালায়। ফুটেজে বাড়িটির ওপর ধোঁয়ার কয়েকটি স্তম্ভ উঠতে দেখা গেছে।
ভিডিওর সঙ্গে বুকেলে লিখেছেন, ‘ভের্তিয়েরের যুদ্ধের বার্ষিকীতে হাইতির জনগণের জন্য আমার উপহার।’ ১৮০৩ সালের ওই যুদ্ধ ফ্রান্সের কাছ থেকে হাইতির স্বাধীনতা নিশ্চিত করতে সাহায্য করেছিল এবং দেশটিকে বিশ্বের প্রথম কৃষ্ণাঙ্গ প্রজাতন্ত্রে পরিণত করেছিল।
এই অভিযান উদ্যাপন করতে টানা দ্বিতীয় দিনের মতো হাজারো হাইতিয়ান রাজধানী পোর্ত-অ-প্রিন্সের রাস্তায় নেমে সালভাদরীয় প্রেসিডেন্টের নামে স্লোগান দেন।
৪৫ বছর বয়সী বিক্রেতা মারিও জঁ-পিয়ের বলেন, ‘জেফ একজন অপরাধী এবং আমি আশা করি সে মারা গেছে। আমরা সাহায্য চেয়েছিলাম, বুকেলে আমাদের ডাকে সাড়া দিয়েছেন।’
জেফ লারোস জেফ ক্যানান, জেফ গুও লোয়া ও তালিবান নামেও পরিচিত। তিনি এমন একটি গ্যাংয়ের নেতৃত্ব দেন, যেটি বছরের পর বছর ধরে পোর্ত-অ-প্রিন্সের উত্তরে ক্যানান এলাকা নিয়ন্ত্রণ করে আসছে।
আন্তর্জাতিক ক্রাইসিস গ্রুপের হাইতিবিষয়ক বিশেষজ্ঞ দিয়েগো দা রিন বার্তা সংস্থা এপিকে বলেছেন, জেফের সংগঠনটি দেশটির সবচেয়ে সুসংগঠিত অপরাধী সংগঠনগুলোর একটি এবং ভূখণ্ড নিয়ন্ত্রণের দিক থেকে সবচেয়ে এগিয়ে থাকাগুলোর অন্যতম।
এই হামলার আগে গত ৮ নভেম্বর সালভাদরীয় বাহিনী ৪০০ মাওজো গ্যাংয়ের নেতা উইলসন জোসেফের বাসভবনেও হামলা চালিয়েছিল। এই দুই নেতা পরস্পরের মিত্র এবং রাজধানীর প্রধান দুই অপরাধী প্রধান হিসেবে বিবেচিত।
গত মাসে বুকেলে হাইতিতে প্রায় আড়াই হাজার সেনা মোতায়েন করেন। এর আগে গত ১৮ অক্টোবর গ্যাংনিয়ন্ত্রিত এলাকায় চার সালভাদরীয় সেনা হামলার শিকার হয়ে নিখোঁজ হন।
হেলিকপ্টার ও বিস্ফোরক ড্রোনের ব্যবহারে অপরাধী সংগঠনগুলোর বিরুদ্ধে অভিযান জোরদার করা সম্ভব হলেও এতে বেসামরিক জনগণের ঝুঁকিও বেড়েছে।
বিশেষজ্ঞরা সতর্ক করে বলেছেন, অন্যতম প্রধান চ্যালেঞ্জ এখন পুনর্দখল করা এলাকাগুলোর নিয়ন্ত্রণ ধরে রাখা এবং বাসিন্দাদের ওপর গ্যাংদের প্রতিশোধমূলক হামলা ঠেকানো।



