২০৩৫ সালেই বিশ্বের বৃহত্তম ধর্ম হবে ইসলাম, বলছে পিউ রিসার্চের প্রতিবেদন
ইসলাম শিগগিরই বিশ্বের বৃহত্তম ধর্ম হতে যাচ্ছে এবং ২০৩৫ সালে খ্রিষ্টধর্মের স্থান দখল করবে—পিউ রিসার্চ সেন্টারের এক প্রতিবেদনে এমন প্রক্ষেপণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার প্রকাশিত প্রতিবেদনে গবেষণা সংস্থাটি মুসলিম জনসংখ্যার প্রত্যাশিত বৃদ্ধি মূল্যায়ন করেছে। এতে বলা হয়েছে, আগামী কয়েক দশকে খ্রিষ্টান ও মুসলিম—দুই জনগোষ্ঠীর সংখ্যাই বাড়বে।
তবে প্রতিবেদনটির ভাষায়, মুসলিম জনসংখ্যা ‘স্রেফ দ্রুততর গতিতে বাড়বে’।
এই প্রক্ষেপণে ২০১টি দেশ ও অঞ্চল বিশ্লেষণ করা হয়েছে, যা বিশ্বের মোট জনসংখ্যার ৯৯ দশমিক ৯৮ শতাংশ। এতে ২০২০ থেকে ২০৭০ সাল পর্যন্ত মুসলিম, খ্রিষ্টান, ইহুদি, হিন্দু, বৌদ্ধসহ সাতটি ধর্মীয় গোষ্ঠী ও সম্পৃক্ততার ভৌগোলিক বিস্তার ও ভবিষ্যৎ পরিবর্তন খতিয়ে দেখা হয়েছে।
ফলাফলগুলো পিউ-টেম্পলটন গ্লোবাল রিলিজিয়াস ফিউচারস প্রকল্পের অংশ, যার লক্ষ্য ধর্মীয় পরিবর্তন এবং সমাজে এর প্রভাব বিশ্লেষণ করা।
সংস্থাটি জোর দিয়ে বলেছে, এই ফলাফল দিয়ে ‘বিশ্ব যেভাবে বদলাতে পারে তার সবকিছু ভবিষ্যদ্বাণী করা হয়নি’; আর্থসামাজিক পরিস্থিতি, প্রাকৃতিক দুর্যোগ ও যুদ্ধের মতো আরও অনেক ঘটনা কোনো গোষ্ঠীর ধর্মীয় পরিচয়কে প্রভাবিত করতে পারে।
প্রতিবেদন অনুযায়ী, মুসলমানরাই সবচেয়ে বেশি সন্তান জন্ম দেন, আর পিউর মতে এটিই তাদের বিশ্বের দ্রুততম বর্ধনশীল ধর্মীয় গোষ্ঠী হওয়ার অন্যতম কারণ। মুসলিম নারীদের প্রজনন হার পাওয়া গেছে নারীপ্রতি ৩ দশমিক ১ সন্তান, যেখানে দ্বিতীয় সর্বোচ্চ প্রজনন হারের খ্রিষ্টানদের ক্ষেত্রে এই হার ২ দশমিক ৫। একটি প্রজন্ম নিজেকে প্রতিস্থাপন করতে সাধারণত নারীপ্রতি প্রায় ২ দশমিক ১ সন্তানের প্রজনন হার যথেষ্ট।
দুই গোষ্ঠীই ‘বিশ্বের সামগ্রিক জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে চলবে’ বলে প্রতিবেদনে প্রত্যাশা করা হয়েছে। প্রাকৃতিক জনসংখ্যা পরিবর্তনের মাধ্যমে মুসলিমরা ১৬০ কোটি পর্যন্ত মানুষ বাড়তে পারে, যেখানে খ্রিষ্টানদের ক্ষেত্রে এই সংখ্যা ৭৯ কোটি ২০ লাখ।
ধর্ম ত্যাগ বা ধর্মান্তরের ক্ষেত্রে মুসলিমদের ক্ষতি খ্রিষ্টানদের তুলনায় অনেক কম হবে বলেও প্রক্ষেপণে বলা হয়েছে। প্রতিবেদনের ভাষায়, ‘ইসলামে যোগ দেওয়া ও ছেড়ে যাওয়া মানুষের সংখ্যার পার্থক্যের ফলে প্রক্ষেপণ মেয়াদে ক্ষতি হবে ৮০ লাখ মানুষ, যেখানে খ্রিষ্টানদের ক্ষেত্রে এই নিট ক্ষতির প্রক্ষেপণ ১০ কোটি ৫০ লাখ।’ ধর্ম ছেড়ে যাওয়া খ্রিষ্টানদের অনেকে পরে নাস্তিক ও অজ্ঞেয়বাদীসহ কোনো ধর্মের সঙ্গেই নিজেকে পরিচিত নাও করতে পারেন।
তবে গবেষণায় দেখা গেছে, ইসলামের প্রক্ষেপিত বৃদ্ধি খ্রিষ্টানদের ধর্মান্তরিত হওয়ার ফল নয়; খ্রিষ্টধর্মে ধর্মান্তরিত হতে যাওয়া মুসলিমদের সংখ্যা মুসলিম হতে যাওয়া খ্রিষ্টানদের সংখ্যার চেয়ে ‘সামান্য বেশি’ মাত্র।
পিউ বলেছে, ২০২০ থেকে ২০৭০ সালের মধ্যে ‘বিশ্বের মুসলিম জনসংখ্যার বেশির ভাগ বৃদ্ধি ঘটবে সেসব জায়গায়, যেখানে মুসলিমরা ইতিমধ্যে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ অংশ’। ২০৭০ সাল নাগাদ মধ্যপ্রাচ্য-উত্তর আফ্রিকা অঞ্চলের জনসংখ্যার ৯৫ শতাংশ হবেন মুসলিম, আর এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মুসলিমরা ধর্মীয়ভাবে অসম্পৃক্তদের ছাড়িয়ে যাবেন বলে প্রত্যাশা করা হয়েছে।
২০২০ সালে ৫৩টি দেশে মুসলিমরা ছিল সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় গোষ্ঠী। ২০৭০ সাল নাগাদ এসব দেশে আরও ১২০ কোটি মুসলিম বসবাস করবেন বলে প্রত্যাশা করা হয়েছে, যা বিশ্ব মুসলিম জনসংখ্যার প্রক্ষেপিত বৃদ্ধির ৭৪ শতাংশ। উদাহরণ হিসেবে পিউ বলেছে, পাকিস্তানের মুসলিম জনসংখ্যা ২০২০ সালের ২২ কোটি ৭০ লাখ থেকে দ্বিগুণ হয়ে ২০৭০ সালে ৪৬ কোটি ১০ লাখে পৌঁছাবে এবং দেশটি ইন্দোনেশিয়াকে ছাড়িয়ে বিশ্বের বৃহত্তম মুসলিম জনসংখ্যার দেশ হবে।
খ্রিষ্টানদের বৃদ্ধিও কেন্দ্রীভূত থাকবে ১২০টি দেশে, যেখানে খ্রিষ্টানরা ইতিমধ্যে জনসংখ্যার সংখ্যাগরিষ্ঠ। এসব দেশে খ্রিষ্টান জনসংখ্যা ৬৩ কোটি বাড়বে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে, যা বিশ্ব খ্রিষ্টান বৃদ্ধির ৯২ শতাংশ।

