বিশ্বে প্রতি চার নারীর একজন বিয়েতে যৌন সম্পর্কে ‘না’ বলতে পারেন না: জাতিসংঘের প্রতিবেদন

বিশ্বজুড়ে প্রতি চারজন নারীর মধ্যে একজন তাঁর স্বামী বা সঙ্গী যৌন সম্পর্ক দাবি করলে তাতে সম্মতি প্রত্যাখ্যান করার ক্ষমতা রাখেন না। জাতিসংঘের জনসংখ্যা তহবিলের (ইউএনএফপিএ) বৃহস্পতিবার প্রকাশিত এক প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে।
প্রতিবেদন অনুযায়ী, পশ্চিম ও মধ্য আফ্রিকায় প্রায় অর্ধেক নারী (৪৫ শতাংশ) নিজের বিয়েতে ‘না’ বলতে পারেন না। পূর্ব ও দক্ষিণ আফ্রিকা এবং আরব রাষ্ট্রগুলোতে এক-তৃতীয়াংশ নারী (৩৩ শতাংশ) একই পরিস্থিতির মুখোমুখি। লাতিন আমেরিকা ও ক্যারিবীয় অঞ্চলে প্রতি ১০ জন নারীর মধ্যে একজন যৌন সম্পর্ক প্রত্যাখ্যান করতে পারেন না।
বয়সে ছোট নারী ও কিশোরীদের অবস্থা আরও খারাপ। তুলনাযোগ্য তথ্য থাকা আটটি দেশের বিশ্লেষণে দেখা গেছে, ১৫ থেকে ১৯ বছর বয়সী মেয়েদের ‘না’ বলার ক্ষমতা ৪৫ থেকে ৪৯ বছর বয়সী নারীদের তুলনায় আরও কম। এই আটটি দেশ হলো অ্যাঙ্গোলা, কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্র, কাজাখস্তান, মালাউই, মালি, নাইজেরিয়া, তাজিকিস্তান ও জাম্বিয়া। প্রতিবেদনের ভাষ্য, এই ফলাফল সেই গবেষণার সঙ্গে মিলে যায়, যেখানে দেখা গেছে কিশোরী মেয়েরা সঙ্গীর হাতে খুব উচ্চ হারে সহিংসতার শিকার হয়।
মানবাধিকার সংগঠন ইকুয়ালিটি নাউয়ের আইনজীবী জঁ-পল মুরুঙ্গা বলেন, ‘এসব পরিসংখ্যান সত্যিই দুঃখজনক। বিশেষ করে এই কারণে যে, আফ্রিকা মহাদেশ সামগ্রিকভাবে মাপুতো প্রোটোকল গ্রহণ করেছে, যা নারী ও পুরুষের মধ্যে সমতার জন্য বাধ্যতামূলক আইনি মানদণ্ড নির্ধারণ করে। নারী ও মেয়েরা যাতে এসব প্রতিশ্রুতির সুফল পায়, তা নিশ্চিত করতে আমাদের এখনো অনেক কাজ বাকি।’
মাপুতো প্রোটোকল ২০০৩ সালে আফ্রিকান ইউনিয়নের গৃহীত একটি যুগান্তকারী চুক্তি। এটি নারীর অধিকারের নিশ্চয়তা দেয় এবং রাষ্ট্রগুলোকে নারীকে সহিংসতা থেকে রক্ষা করতে বাধ্য করে। চুক্তিটি নিশ্চিত করে যে বিয়ে হতে হবে পূর্ণ সম্মতির ভিত্তিতে এবং এটি নারীর স্বাস্থ্যের অধিকারের নিশ্চয়তা দেয়।
মুরুঙ্গা বলেন, ‘মূল নীতিটি দ্ব্যর্থহীন: স্বাধীন ও স্বেচ্ছামূলক সম্মতি ছাড়া যৌন মিলন যৌন সহিংসতা হিসেবে গণ্য হয়, বিয়ের ভেতরেও। বিয়ে স্থায়ী বা অন্তর্নিহিত সম্মতি তৈরি করে না। একজন নারী নিজেই সিদ্ধান্ত নেওয়ার অধিকার রাখেন, তিনি যৌন সম্পর্কে জড়াবেন কি না, কখন জড়াবেন এবং কীভাবে জড়াবেন।’
তাঁর মতে, প্রথম পদক্ষেপ হিসেবে মহাদেশজুড়ে ধর্ষণসংক্রান্ত আইন বদলাতে হবে। মুরুঙ্গার ২০২৪ সালের এক প্রতিবেদন অনুযায়ী, আফ্রিকার কিছু দেশে বৈবাহিক ধর্ষণ অপরাধ হিসেবে গণ্য হয় না। সাতটি দেশ স্বামীদের বৈবাহিক ধর্ষণের বিচার থেকে স্পষ্টভাবে অব্যাহতি দিয়েছে; এর মধ্যে রয়েছে কোত দিভোয়ার, ইথিওপিয়া ও দক্ষিণ সুদান। তানজানিয়া ও ইরিত্রিয়ার মতো কিছু দেশে বৈবাহিক ধর্ষণ কেবল তখনই অপরাধ, যখন দম্পতি একসঙ্গে বসবাস করেন না।
যেসব দেশে বাল্যবিয়ে বৈধ এবং বৈবাহিক ধর্ষণ অপরাধ নয়, সেখানে শিশুরা সুরক্ষাহীন থেকে যায়। বিয়ের বাইরে যা ধর্ষণ হিসেবে গণ্য হতো, বিয়ের ভেতরে তার জন্য তৈরি হয় আইনি ফাঁক, আর তরুণ স্ত্রীদের যৌন সহিংসতা ও শোষণ থেকে নিজেদের রক্ষা করার উপায় থাকে খুব কম। গ্যাবনের উদাহরণ দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, অপহরণ করে আনা শিশুকে বিয়ে করা ব্যক্তির বিচার কেবল বিয়ে বাতিল হলেই করা যায়।
এসব আইনের পেছনে কাজ করে সেই ভুল ধারণা যে বৈবাহিক ধর্ষণ বলে কিছু নেই, কারণ বিয়ের মাধ্যমেই স্ত্রী স্থায়ীভাবে যৌন সম্পর্কে সম্মতি দিয়ে দিয়েছেন বলে ধরে নেওয়া হয়। অনেক এলাকায় ধর্ম এই ধারণাগুলোকে সমর্থন জোগাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
সিয়েরা লিওনে কিশোরী মেয়েদের নিয়ে কাজ করা সংগঠন ‘আ গার্ল অ্যাট আ টাইম’-এর প্রতিষ্ঠাতা আলিমাতু দিমোনেকেনে বলেন, আফ্রিকায় বিয়েতে সম্মতি নিয়ে আলোচনাই এখনো শুরু হয়নি। তিনি বলেন, ‘বৈবাহিক ধর্ষণ নিয়ে আলোচনাই আমরা শুরু করিনি। নারীরা এটাকে কখনো ধর্ষণ বলবেন না; তাঁরা এর পক্ষে অজুহাত খুঁজবেন কিংবা নিজেদেরই দোষ দেবেন।’ তিনি আরও বলেন, পশ্চিম আফ্রিকায় যৌন সম্পর্ককে বিয়েতে একটি বাধ্যবাধকতা হিসেবে দেখা হয়।


