রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সৌদি জোটের, দক্ষিণে ধ্বংস আরও চারটি
সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। রিয়াদে বিকট শব্দ শোনার পর বৃহস্পতিবার এই হামলার কথা জানানো হয়।
জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক মাধ্যম এক্সে জানান, জোটের বাহিনী রিয়াদ লক্ষ্য করে আসা হুথিদের ক্ষেপণাস্ত্র হুমকি মোকাবিলা করেছে। প্রাথমিক মূল্যায়নে দেখা গেছে, ধ্বংসাবশেষ পড়ে বস্তুগত ক্ষয়ক্ষতি হয়েছে এবং ক্ষতির পরিমাণ এখনো নির্ধারণ করা হচ্ছে।
এর কয়েক ঘণ্টা পর মুখপাত্র জানান, ইয়েমেন সীমান্তবর্তী দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া চারটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিহত ও ধ্বংস করেছে।
জোট আরও জানিয়েছে, রিয়াদে হামলার চেষ্টায় ব্যবহৃত একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মঞ্চও তারা আগেই ধ্বংস করেছে।
হুথিরা বৃহস্পতিবার সৌদি রাজধানীর গুরুত্বপূর্ণ স্থাপনায় হামলার দায় স্বীকার করেছে। তাদের দাবি, আন্তর্জাতিক বিমানবন্দর ও আর্থিক কেন্দ্রসহ রাজধানীর বিভিন্ন স্থান এবং দক্ষিণের খামিস মুশাইত ও আবহা শহর তাদের লক্ষ্য ছিল; এসব এলাকায় সতর্ক সংকেত বাজানো হয়।
একই দিন ভোরে সৌদি যুদ্ধবিমান হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের রাজধানী সানায় বিমান হামলা চালিয়েছে বলে গোষ্ঠী পরিচালিত বার্তা সংস্থা সাবা জানিয়েছে; এ বিষয়ে বিস্তারিত আর কিছু জানানো হয়নি।
সর্বশেষ এই হামলাগুলো এমন সময়ে হলো, যখন ইয়েমেনের সরকারি বাহিনী তাইজ ও লাহিজসহ কয়েকটি ফ্রন্টে হুথিদের বিরুদ্ধে প্রায় ৭৫০টি বিমান হামলা ও অভিযান চালানোর ঘোষণা দিয়েছে। এসব এলাকায় মানবিক পরিস্থিতি দিন দিন খারাপ হচ্ছে।
জাতিসংঘের শিশু সংস্থা ইউনিসেফ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন করে সামরিক উত্তেজনা শুরুর পর থেকে ৩ লাখ ৩০ হাজারের বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে, যাদের মধ্যে আনুমানিক ১ লাখ ৭৪ হাজার শিশু। ঘনবসতিপূর্ণ এলাকার আশপাশে, বিশেষ করে তাইজ ও লাহিজে লড়াই চলতে থাকলে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সংস্থাটি জানিয়েছে।
বৃহস্পতিবার ইয়েমেনের প্রেসিডেন্সিয়াল লিডারশিপ কাউন্সিল হুথি গোষ্ঠীকে ‘সন্ত্রাসী’ সংগঠন হিসেবে ঘোষণা করে সিদ্ধান্ত জারি করেছে। এতে বলা হয়েছে, গোষ্ঠীটির সঙ্গে সহযোগিতা করলে বিচার ও শাস্তির মুখে পড়তে হবে; শাস্তি মৃত্যুদণ্ড কিংবা ৩০ বছর বা তার বেশি কারাদণ্ড পর্যন্ত হতে পারে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই সপ্তাহে জানিয়েছে, আগস্টে শুরু হওয়া সর্বশেষ উত্তেজনায় মৃতের সংখ্যা ২ হাজার ২৬০ জনে পৌঁছেছে এবং আহত হয়েছে ১০ হাজার ৫১৯ জন।
নতুন এই সংঘাতে ২০২২ সালে জাতিসংঘের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি ভেঙে গেছে। ওই যুদ্ধবিরতির ফলে আন্তর্জাতিক স্বীকৃত ইয়েমেন সরকারের পক্ষে থাকা সৌদি নেতৃত্বাধীন জোট এবং দেশটির সবচেয়ে জনবহুল অংশ নিয়ন্ত্রণকারী হুথিদের মধ্যে হামলা-পাল্টা হামলা অনেকটাই থেমে গিয়েছিল।


