সাত জেলায় ৯৬ প্লাটুন বিজিবি মোতায়েন, আরও ৫ প্লাটুন প্রস্তুত

দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় সাত জেলায় ৯৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিজিবি। জেলাগুলো হলো ঢাকা, চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুর, গোপালগঞ্জ, ময়মনসিংহ ও ফরিদপুর।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মোতায়েনের মধ্যে ঢাকা জেলায় ২৩ প্লাটুন, চট্টগ্রাম জেলায় ১৫ প্লাটুন, নারায়ণগঞ্জ জেলায় ৬ প্লাটুন, গাজীপুর জেলায় ১৫ প্লাটুন, গোপালগঞ্জ জেলায় ২৭ প্লাটুন, ময়মনসিংহ জেলায় ২ প্লাটুন এবং ফরিদপুর জেলায় ৩ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন রয়েছে। সবচেয়ে বেশি প্লাটুন মোতায়েন করা হয়েছে গোপালগঞ্জে।
এ ছাড়া ৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে দায়িত্ব পালন করছেন। সংশ্লিষ্ট জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। যেকোনো ধরনের বিশৃঙ্খলা, সহিংসতা ও জননিরাপত্তার জন্য হুমকি এমন কর্মকাণ্ড প্রতিরোধে বিজিবি সদস্যরা সচেষ্ট রয়েছেন।
মাঠপর্যায়ের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ ও সমন্বয়ের লক্ষ্যে বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি অব্যাহত রয়েছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা এবং ইমপ্রোভাইজড ডিভাইসের মাধ্যমে পাওয়া লাইভ ফুটেজ সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।
বিজিবি জানিয়েছে, সদস্যরা সীমান্তে নিয়মিত দায়িত্বের পাশাপাশি সংশ্লিষ্ট জেলাগুলোতে সর্বোচ্চ পেশাদারি, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করছেন। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।
গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সহিংসতার পরিপ্রেক্ষিতে এই মোতায়েন করা হয়েছে। ডিসেম্বর সামনে রেখে দলটির সম্ভাব্য নাশকতা ঠেকাতে সতর্কতা বাড়িয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। মাঠপর্যায়ে পুলিশও সতর্ক রয়েছে।




