গাজীপুরে পল্লীবিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে আগুন, পুড়ল ট্রান্সফরমারের কাঠের বক্সসহ মালামাল

গাজীপুর মহানগরীর ভুরুলিয়া এলাকায় পল্লীবিদ্যুৎ অফিসের অভিযোগ কেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (১৯ নভেম্বর) রাতে ভুরুলিয়া এলাকার পল্লীবিদ্যুতের অভিযোগ কেন্দ্রে এ ঘটনা ঘটে।
পল্লীবিদ্যুৎ-সংশ্লিষ্ট কর্মকর্তারা ধারণা করছেন, বাইরে থেকে পেট্রোলবোমা নিক্ষেপ করে কাঠের স্তূপে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
গাজীপুর ফায়ার সার্ভিসের ইন্সপেক্টর মোহাম্মদ রাজা মিয়া জানান, অভিযোগ কেন্দ্রের ভেতরে পুরোনো কাঠের স্তূপে আগুন লাগার খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। পরে প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। আগুনে পুরোনো বৈদ্যুতিক খুঁটি, ট্রান্সফরমারের কাঠের বক্সসহ বিভিন্ন মালামাল পুড়ে গেছে।
গাজীপুর পল্লী বিদ্যুৎ সমিতি-১-এর জেনারেল ম্যানেজার মো. ইউসুফ আলী জানান, রাতে দুর্বৃত্তরা বাইরে থেকে কাঠের স্তূপ লক্ষ্য করে পেট্রোলবোমা নিক্ষেপ করলে সেখানে আগুন ধরে যায়।
এ ঘটনায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে এবং কারা জড়িত, তা তদন্তের পর জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।
তবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আমিনুল ইসলাম জানান, পেট্রোলবোমা নিক্ষেপ করে আগুন দেওয়ার বিষয়টি তাঁর জানা নেই। এ বিষয়ে পল্লীবিদ্যুৎ অফিস-সংশ্লিষ্টরা বিস্তারিত বলতে পারবেন বলে তিনি জানান।




