…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › আন্তর্জাতিক › খবর
আন্তর্জাতিক

ডুবে যাওয়ার ঠিক ১২৮ বছর পর মিলল অস্ট্রেলিয়ায় তৈরি প্রথম যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ

নিজস্ব প্রতিবেদক
ডুবে যাওয়ার ঠিক ১২৮ বছর পর মিলল অস্ট্রেলিয়ায় তৈরি প্রথম যুদ্ধজাহাজের ধ্বংসাবশেষ
ছবি: সংগৃহীত

অস্ট্রেলিয়ায় স্থানীয়ভাবে তৈরি প্রথম যুদ্ধজাহাজ এইচএমসিএস স্পিটফায়ারের ধ্বংসাবশেষ পাওয়া গেছে জাহাজটি ডুবে যাওয়ার ঠিক ১২৮ বছর পর। কুইন্সল্যান্ডের সুদূর উত্তরের উপকূলের কাছে সমুদ্রে ধ্বংসাবশেষটি শনাক্ত করেছেন সামুদ্রিক প্রত্নতত্ত্ববিদেরা।

কুইন্সল্যান্ডের পরিবেশ, পর্যটন, বিজ্ঞান ও উদ্ভাবন বিভাগের প্রধান ঐতিহ্য কর্মকর্তা সেলেস্ট জর্ডান এই আবিষ্কারকে ‘উল্লেখযোগ্য সৌভাগ্য’ বলে বর্ণনা করেছেন। তাঁর ভাষায়, হারিয়ে যাওয়া জাহাজের ধ্বংসাবশেষ আবার খুঁজে পাওয়া অতীতের গল্পগুলো ভবিষ্যৎ প্রজন্মের জন্য সংরক্ষণ, উদ্‌যাপন ও সুরক্ষায় সাহায্য করবে।

স্পিটফায়ার ছিল ১৯ মিটার লম্বা একটি কাঠের গানবোট। এটি নকশা ও তৈরি করা হয়েছিল সিডনিতে, ১৮৫৫ সালে। ক্রিমিয়ার যুদ্ধের সময় ভ্লাদিভোস্টকে অবস্থানরত রুশ যুদ্ধজাহাজের হুমকি এবং নিউ ক্যালেডোনিয়ায় ফরাসি সামরিক উপস্থিতি নিয়ে উদ্বেগের প্রেক্ষাপটে অস্ট্রেলিয়ার ঔপনিবেশিক সরকার জাহাজটি চালু করেছিল।

জাহাজটির নকশা করা হয়েছিল ৩২ পাউন্ডার কামান বহনের জন্য। তবে প্রমাণ থেকে ধারণা করা হয়, সেই অস্ত্র হয়তো কখনোই জাহাজটিতে বসানো হয়নি।

সিডনির জাহাজ নির্মাতা জন কুথবার্ট জাহাজটি তৈরি করেন। এটি তৈরি হয়েছিল আয়রনবার্ক ও ব্ল্যাকউড কাঠ দিয়ে এবং তামা দিয়ে মোড়ানো ছিল। ১৮৫৫ সালে ডার্লিং হারবার থেকে জন কুথবার্টের স্ত্রী সুসান কুথবার্ট জাহাজটি উদ্বোধন করেন। ১৯৮১ সালে নেভাল হিস্টোরিক্যাল রিভিউয়ের এক নিবন্ধে জাহাজটিকে ‘মজবুত ছোট্ট জাহাজ’ বলা হয়েছিল।

পরে জাহাজটি কুইন্সল্যান্ডে পাইলট জাহাজ হিসেবে কাজ করে। এরপর ৩০০ পাউন্ডে ব্যক্তি মালিকানায় বিক্রি হয়ে এটি সামুদ্রিক শসা মাছ ধরার জাহাজ হিসেবে ব্যবহৃত হয়।

অস্ট্রেলিয়ান ন্যাশনাল মেরিটাইম মিউজিয়ামের তথ্য অনুযায়ী, ১৮৯৮ সালের ২১ আগস্ট কুইন্সল্যান্ডের কেপ ইয়র্ক উপদ্বীপের উপকূলের কাছে যাত্রার সময় জাহাজটিতে ছিদ্র হয়ে পানি ঢুকতে শুরু করে এবং সেটি ডুবে যায়। জাহাজের নাবিকদের উদ্ধার করেছিল জাপানি বাষ্পীয় জাহাজ ওমি মারু।

এবারের অভিযানে অস্ট্রেলিয়ান ন্যাশনাল মেরিটাইম মিউজিয়াম, কুইন্সল্যান্ড সরকার এবং রয়্যাল অস্ট্রেলিয়ান নেভির একটি দল এইচএমএএস ডায়ামান্টিনা নামের মাইনহান্টার জাহাজে করে অনুসন্ধান চালায়। এক মাসের অভিযানে আর্কাইভের নথির ভিত্তিতে নির্ধারিত এলাকায় খোঁজ চালানো হয় এবং সোনারে স্পিটফায়ারকে একটি অস্বাভাবিক শব্দ-সংকেত হিসেবে পাওয়া যায়। আবিষ্কারের দিনটি ছিল ২১ আগস্ট, জাহাজ ডোবার বার্ষিকী।

নৌবাহিনীর প্রধান ভাইস অ্যাডমিরাল ম্যাথিউ বাকলি বলেছেন, স্পিটফায়ার অস্ট্রেলিয়ার নৌ ইতিহাসে একটি অনন্য জায়গা দখল করে আছে। তাঁর ভাষায়, আজকের নাবিকদের কাছে এই জাহাজটি এমন এক গল্পের শুরু, যা রয়্যাল অস্ট্রেলিয়ান নেভিতে আজও চলমান।

ধ্বংসাবশেষটি আন্ডারওয়াটার কালচারাল হেরিটেজ আইনের অধীনে সুরক্ষিত। অস্ট্রেলিয়ার জলসীমায় এমন ৮ হাজারের বেশি জাহাজের ধ্বংসাবশেষ, ডুবে যাওয়া বিমান ও অন্যান্য ঐতিহ্য স্থান রয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

আন্তর্জাতিক বিভাগের আরও খবর

আন্তর্জাতিক

রিয়াদ লক্ষ্য করে হুথিদের ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহতের দাবি সৌদি জোটের, দক্ষিণে ধ্বংস আরও চারটি

সৌদি আরবের রাজধানী রিয়াদ ও দেশটির দক্ষিণাঞ্চল লক্ষ্য করে ছোড়া ক্ষেপণাস্ত্র প্রতিহত করার কথা জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন জোট। রিয়াদে বিকট শব্দ শোনার …

আন্তর্জাতিক

‘অসুবিধা হলে বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেব’: পশ্চিমবঙ্গের মন্ত্রী দিলীপ ঘোষের হুমকিতে তুমুল বিতর্ক

পশ্চিমবঙ্গে থাকতে অসুবিধা হলে বিনা ভিসায় বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার হুমকি দিয়েছেন রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী ও বিজেপি নেতা দিলীপ ঘোষ। একই সঙ্গে পশ্চিমব…

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মন্তব্য ঘিরে রাহুল গান্ধীকে ‘ভারতের মীরজাফর’ বলল বিজেপি
আন্তর্জাতিক

কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের মন্তব্য ঘিরে রাহুল গান্ধীকে ‘ভারতের মীরজাফর’ বলল বিজেপি

যুক্তরাষ্ট্রের কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ে এক অনুষ্ঠানে ভারতের অর্থনীতির বর্তমান অবস্থা নিয়ে মন্তব্য করায় বিরোধীদলীয় নেতা রাহুল গান্ধীর তীব্র সমালোচ…

আন্তর্জাতিক

কথা না শোনায় তিন বছরের শিশুকে চাদরে মুড়িয়ে হাত বেঁধে রাখার অভিযোগ তামিলনাড়ুর স্কুলে

ভারতের তামিলনাড়ুতে শিক্ষকের কথা না শোনায় তিন বছর বয়সী এক শিশুকে শ্রেণিকক্ষের ভেতর প্লাস্টিকের চাদরে মুড়িয়ে হাত বেঁধে রাখার অভিযোগ উঠেছে। ঘটনার সি…