চীনে ট্রাম্পের আলোচনা নিয়ে মার্কিন দূতদের ব্রিফিংয়ের অপেক্ষায় জেলেনস্কি

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, চীনে চলমান আলোচনা সম্পর্কে মার্কিন দূতদের কাছ থেকে তিনি ব্রিফিং পাওয়ার অপেক্ষায় আছেন। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প চীনের সি চিনপিং এবং রাশিয়ার ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নেওয়ার সময় বুধবার তিনি এই কথা বলেন।
রাতের ভিডিও ভাষণে জেলেনস্কি বলেন, ‘আমাদের এবং ইউরোপীয়দের স্পষ্ট ও অভিন্ন অবস্থান রয়েছে: ইউক্রেনসংক্রান্ত বিষয় ইউক্রেনের অংশগ্রহণে নির্ধারণ করতে হবে, আর ইউরোপসংক্রান্ত বিষয় ইউরোপের অংশগ্রহণে নির্ধারণ করতে হবে।’
ইউক্রেনের নেতা বলেন, মার্কিন দূতেরা কিয়েভকে জানিয়েছেন, বৃহস্পতিবার বার্লিনে বৈঠকের সময় চীনে ট্রাম্পের আলোচনা সম্পর্কে তাঁরা ব্রিফিং দেবেন। বর্তমানে চীনে থাকা অন্য অংশীদারদের কাছ থেকেও ইউক্রেন শুনবে বলে তিনি জানান।
ট্রাম্প বলেছেন, সি ও পুতিনের সঙ্গে যৌথ বৈঠকে তিনি পারমাণবিক অস্ত্রের সীমা এবং ইউক্রেন যুদ্ধের অবসানের বিষয় তুলতে চান। রাশিয়া ২০২২ সালে ইউক্রেনে পূর্ণমাত্রার আক্রমণ শুরু করে।
ওয়াশিংটনের সঙ্গে সম্পর্ক টানাপোড়েনের মধ্যে যুদ্ধ চলমান রয়েছে। ট্রাম্প রাশিয়ার ওপর নতুন নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করেছেন এবং যুদ্ধের সময় ইউক্রেনের ড্রোনের জন্য স্যাটেলাইট সহায়তায় বিঘ্ন ঘটেছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। প্রায় পাঁচ বছর ধরে চলা সংঘাত শেষ করতে ট্রাম্প প্রশাসনের কূটনৈতিক প্রচেষ্টা আবার শুরু হওয়ার মধ্যেই লড়াই অব্যাহত রয়েছে।
বুধবার সন্ধ্যায় রুশ ড্রোন খারকিভ ওব্লাস্তে হামলা চালিয়ে একটি অ্যাপার্টমেন্ট ভবনে আঘাত করে বলে ইউক্রেনের সংবাদমাধ্যম জানিয়েছে। কিয়েভের মেয়র ভিতালি ক্লিচকো জানান, বুধবার বিকেলে শহরের পেচেরস্কি জেলায় ড্রোনের ধ্বংসাবশেষ পড়ে আগুন লাগে।
এসব ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। জরুরি সেবা ঘটনাস্থলে পাঠানো হয়েছে।
এর আগে ইউক্রেন দক্ষিণ রাশিয়ার দুটি তেল শোধনাগারে হামলা চালায়। জেলেনস্কি এই হামলার প্রশংসা করে একে ইউক্রেনে তৈরি অস্ত্রের কার্যকারিতা বলে বর্ণনা করেছেন।
আরেকটি হামলায় কের্চ সেতু আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এই সেতুটি রাশিয়াকে দখলকৃত ক্রিমিয়া উপদ্বীপের সঙ্গে যুক্ত করা কৌশলগত পারাপার।



