শেনজেনে এক মঞ্চে ট্রাম্প, শি ও পুতিন: অ্যাপেকের ফাঁকে প্রথম ত্রিপক্ষীয় বৈঠক
চীনের শেনজেনে বৃহস্পতিবার একই মঞ্চে হাজির হয়েছেন যুক্তরাষ্ট্র, চীন ও রাশিয়ার প্রেসিডেন্ট—ডোনাল্ড ট্রাম্প, শি জিনপিং ও ভ্লাদিমির পুতিন। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা জোটের (অ্যাপেক) শীর্ষ সম্মেলনের উদ্বোধনী অধিবেশনের আগে তিন প্রেসিডেন্ট একসঙ্গে গ্রুপ ছবিতে অংশ নেন।
এটাই প্রথমবার বিশ্বের এই তিন দেশের নেতা আনুষ্ঠানিকভাবে একসঙ্গে বৈঠকে বসছেন। এর আগে বুধবার চীনে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প; বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, এ সময় দুজন একে অপরকে আলিঙ্গন করেন।
শেনজেনে অ্যাপেক সম্মেলনের মূল অধিবেশনে তিন প্রেসিডেন্টই বক্তব্য দিয়েছেন। উচ্চপর্যায়ের এই সমাবেশে আরও উপস্থিত ছিলেন জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচি, কানাডার মার্ক কার্নি, অস্ট্রেলিয়ার অ্যান্থনি আলবানিজ ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট লি জে মিয়ং।
আলোচনায় ইউক্রেন ও ইরানের যুদ্ধ, পারমাণবিক অস্ত্রের বিস্তার, বাণিজ্য নিয়ে উত্তেজনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তার সাম্প্রতিক অগ্রগতির মতো বিষয়গুলো উঠে আসার কথা রয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে চীন, যুক্তরাষ্ট্র ও রাশিয়ার প্রেসিডেন্টদের একই মঞ্চে দেখা যাওয়ায় শেনজেন বৈঠকের কূটনৈতিক গুরুত্ব স্পষ্ট হয়ে উঠেছে।
চীনে তিন নেতার এই বৈঠককে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের জন্য বড় ধরনের কূটনৈতিক সাফল্য হিসেবে দেখা হচ্ছে। অন্যদিকে এই বৈঠকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে প্রভাব বিস্তার নিয়ে নিজের অবস্থান তুলে ধরার সুযোগ পাচ্ছেন ট্রাম্প, আর আন্তর্জাতিক অঙ্গনে নিজের ক্ষমতা ও প্রভাব তুলে ধরার সুযোগ হিসেবে দেখছেন শি জিনপিংও।
অধিবেশনে ট্রাম্প বলেন, কয়েকশ বছর ধরেই যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে একটি প্রভাবশালী শক্তি এবং এই অঞ্চলের প্রবৃদ্ধি, স্থিতিশীলতা, সমৃদ্ধি ও শান্তি প্রতিষ্ঠায় দেশটি কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক পরিস্থিতি নিয়েও সন্তোষ প্রকাশ করে তিনি দাবি করেন, দেশটি এখন অতীতের যেকোনো সময়ের চেয়ে বেশি সমৃদ্ধ হচ্ছে।
কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআইয়ের সম্ভাবনার কথা তুলে ধরে ট্রাম্প বলেন, এই প্রযুক্তির প্রায় সব দিকই ইতিবাচক। এআই খাতের বিকাশ বাধাগ্রস্ত করতে পারে, এমন নিয়ন্ত্রণেরও বিরোধিতা করেন তিনি।
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, রাশিয়া এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের অবিচ্ছেদ্য অংশ এবং এই অঞ্চলের অর্থনীতিগুলোর সঙ্গে গঠনমূলক অংশীদারত্ব গড়ে তুলতে চায়। রাশিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা তাস জানিয়েছে, পুতিন বলেছেন তাঁর দেশ বিশ্বের সঙ্গে সহযোগিতার জন্য উন্মুক্ত এবং কৃত্রিম বুদ্ধিমত্তা ও প্রযুক্তি খাতে নিজেদের অভিজ্ঞতা অন্য দেশগুলোর সঙ্গে ভাগ করে নিতেও প্রস্তুত।
চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নে সব পক্ষের সঙ্গে কাজ করার অঙ্গীকার করেছেন। তিনি ব্যাপক বৈশ্বিক পরিবর্তন ও দ্রুত প্রযুক্তিগত অগ্রগতির যুগে সদস্য দেশগুলোকে উদ্ভাবন, উন্মুক্ততা ও গভীরতর সংহতিকে অগ্রাধিকার দেওয়ার আহ্বান জানান।
এ লক্ষ্যে শেনজেনে একটি গবেষণাকেন্দ্র প্রতিষ্ঠা এবং ডিজিটাল প্রযুক্তি, পরিচ্ছন্ন জ্বালানি ও পরিবেশবান্ধব প্রবৃদ্ধির মতো খাতে সহযোগিতা বাড়ানোর ঘোষণা দেন শি। অ্যাপেকভুক্ত দেশগুলোর মধ্যে সহযোগিতা বাড়াতে দুই কোটি ডলার ব্যয়ের কথাও জানিয়েছেন তিনি।
উদ্বোধনী অধিবেশনের পর তিন প্রেসিডেন্টের আলাদা ত্রিপক্ষীয় আলোচনায় বসার কথা রয়েছে, যেদিকে সবার নজর ছিল। পরমাণু শক্তিধর তিনটি দেশের নেতাদের এই বৈঠককে ঘিরে বিশ্বজুড়ে উদ্বেগও কম নয়; বিশেষ করে ইউরোপে এই বৈঠককে দেখা হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইয়াল্টা সম্মেলনের মতো করে, যেখানে পরাশক্তিগুলো ছোট দেশগুলোর ভাগ্য নির্ধারণ করেছিল।


