দুই পাশে হিপ রিপ্লেসমেন্টে সাড়ে ৬ লাখ টাকা দরকার, সন্তানকে নিয়ে বাঁচার আকুতি বরিশালের রোজিনার

চার বছর বয়সী শিশুসন্তানকে নিয়ে বাঁচতে চান ২৬ বছর বয়সী রোজিনা আক্তার। কিন্তু এক বছরের বেশি সময় ধরে কোমর ও হিপের জয়েন্টের গুরুতর সমস্যায় ভুগছেন তিনি, স্বাভাবিকভাবে চলাফেরা করাও এখন তাঁর জন্য কষ্টকর হয়ে পড়েছে।
রোজিনা আক্তারের বাড়ি বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গ্রামে। তিনি তালাকপ্রাপ্তা ও কর্মহীন। কোনো উপার্জন না থাকায় নিজের চিকিৎসার ব্যয় আর শিশুসন্তানের ভরণপোষণ নিয়ে চরম অনিশ্চয়তার মধ্যে দিন কাটছে তাঁর।
দীর্ঘদিন ধরে কোমর থেকে উরু পর্যন্ত তীব্র ব্যথায় ভুগছেন রোজিনা। প্রথমে বরিশালের শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নেন তিনি। পরে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়।
পঙ্গু হাসপাতালে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকেরা দ্রুত হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচারের পরামর্শ দেন। রাজধানীর ইবনে সিনা মেডিকেল কলেজ ও হাসপাতালের চিকিৎসক আসিফ হাসান খানের তথ্য অনুযায়ী, সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরতে রোজিনার শরীরের দুই পাশেই হিপ রিপ্লেসমেন্ট অস্ত্রোপচার করা জরুরি।
সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, দুই পাশের অস্ত্রোপচারের জন্য প্রয়োজন সাড়ে ছয় লাখ টাকা। কিন্তু কর্মহীন রোজিনার পক্ষে এই অর্থ জোগাড় করা সম্ভব হচ্ছে না, ফলে অর্থের অভাবে তাঁর চিকিৎসা আটকে রয়েছে।
রোজিনা আক্তার বলেন, ‘আমি আবার স্বাভাবিক জীবনে ফিরতে চাই। আমার ছোট্ট সন্তানকে নিয়ে বাঁচতে চাই। কিন্তু অর্থের অভাবে চিকিৎসা করাতে পারছি না। চিকিৎসকেরা দ্রুত অপারেশন করানোর পরামর্শ দিয়েছেন। দেশের হৃদয়বান মানুষের কাছে আমার আকুল আবেদন, আমার সন্তানটির মুখের দিকে তাকিয়ে চিকিৎসার জন্য সহযোগিতার হাত বাড়িয়ে দিন।’
একজন মায়ের স্বাভাবিক জীবনে ফেরার এই আকুতি আর তাঁর শিশুসন্তানের ভবিষ্যৎ এখন নির্ভর করছে প্রয়োজনীয় চিকিৎসা পাওয়ার ওপর। সমাজের বিত্তবান, প্রবাসী ও হৃদয়বান মানুষ এগিয়ে এলে রোজিনার চিকিৎসার ব্যবস্থা করা সম্ভব হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।




