রক্ত পরীক্ষায় আগাম জানা যেতে পারে আলঝেইমারজনিত স্মৃতিক্ষয়ের ঝুঁকি, মেয়ো ক্লিনিকের গবেষণা

আলঝেইমার রোগের সঙ্গে যুক্ত একটি প্রোটিন শনাক্তকারী রক্ত পরীক্ষা দিয়ে বয়স্ক ব্যক্তিদের আগামী পাঁচ থেকে ১০ বছরে জ্ঞানীয় ক্ষয় হবে কি না, তা আগাম অনুমান করা যেতে পারে বলে মেয়ো ক্লিনিকের এক নতুন গবেষণায় বলা হয়েছে। গবেষণাটি জামা নিউরোলজি সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষণায় ৬০ থেকে ৯০ বছর বয়সী ২ হাজার ১৭৮ জন প্রাপ্তবয়স্কের রক্তে ফসফোরাইলেটেড টাউ ২১৭ বা পি-টাউ২১৭-এর মাত্রা পরীক্ষা করা হয়েছে। অংশগ্রহণকারীদের কারও জ্ঞানীয় দুর্বলতা ছিল না।
গবেষকেরা পি-টাউ২১৭-এর পাশাপাশি অংশগ্রহণকারীদের বয়স, লিঙ্গ এবং আলঝেইমারের ঝুঁকির সঙ্গে যুক্ত এপিওই ই৪ জিনের ধরন তাঁদের শরীরে আছে কি না, তাও বিবেচনায় নিয়েছেন।
অংশগ্রহণকারীরা এসেছেন মেয়ো ক্লিনিক স্টাডি অব এজিং এবং আলঝেইমারস ডিজিজ নিউরোইমেজিং ইনিশিয়েটিভ থেকে। তাঁদের রক্তের বায়োমার্কার পরীক্ষা, জিন পরীক্ষা এবং একাধিকবার জ্ঞানীয় মূল্যায়ন করা হয়েছে।
গবেষণায় দেখা গেছে, পি-টাউ২১৭ বিবেচনায় নেওয়ার পর এপিওই ই৪-এর সঙ্গে ঝুঁকির সম্পর্ক ছিল সামান্য, তবে বয়স বাড়ার সঙ্গে ঝুঁকি বেশি ছিল।
একই উচ্চ পি-টাউ২১৭ মাত্রায় একজন ৬৫ বছর বয়সীর পাঁচ বছরে হালকা জ্ঞানীয় দুর্বলতা হওয়ার আনুমানিক ঝুঁকি ছিল ৬ শতাংশ, আর একজন ৮৫ বছর বয়সীর ক্ষেত্রে সেই ঝুঁকি ছিল ৩৭ শতাংশ।
জ্যেষ্ঠ লেখক ও মেয়ো ক্লিনিকের নিউরোরেডিওলজিস্ট ক্লিফোর্ড জ্যাক জুনিয়র বলেছেন, আলঝেইমার রোগে মস্তিষ্কে প্লাক ও ট্যাঙ্গল জমে। তাঁর ভাষায়, শুধু রক্তের নমুনা নিয়েই এই পরীক্ষা বলে দেয় কারও মস্তিষ্কে সেই রোগপ্রক্রিয়া আছে কি না, এবং এর মাত্রা যত বেশি, স্বাভাবিক জ্ঞান থেকে দুর্বলতার দিকে যাওয়ার ঝুঁকিও তত বেশি।
গবেষকদের মতে, রক্তে পি-টাউ২১৭ শনাক্ত করা পেট স্ক্যানে অ্যামাইলয়েডের মাত্রা মাপার তুলনায় কম আক্রমণাত্মক এবং সম্ভবত আরও বিস্তৃতভাবে ব্যবহারযোগ্য। অ্যামাইলয়েড জমা আলঝেইমারের একটি প্রধান লক্ষণ এবং ভবিষ্যৎ জ্ঞানীয় দুর্বলতার সঙ্গে যুক্ত।
প্রথম লেখক ও মেয়ো ক্লিনিকের ল্যাবরেটরি মেডিসিন ও প্যাথলজি গবেষক অ্যালিসিয়া আলজেসিরাস-শিমনিচ এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছেন, লক্ষ্য হলো শুধু রক্ত পরীক্ষা অ্যামাইলয়েডের জন্য ইতিবাচক নাকি নেতিবাচক, তা জানানোর চেয়ে অর্থবহভাবে ব্যক্তিগত ঝুঁকির হিসাব দেওয়া।
গবেষকেরা বলেছেন, পরীক্ষামূলক প্রতিরোধমূলক চিকিৎসা জ্ঞানীয় ক্ষয় ঠেকাতে বা বিলম্বিত করতে কার্যকর প্রমাণিত হলে এই রক্ত পরীক্ষার গুরুত্ব আরও বাড়তে পারে। জ্যাক বলেছেন, প্রতিরোধমূলক চিকিৎসা পাওয়া গেলে এ ধরনের তথ্য রোগী ও চিকিৎসকদের সম্ভাব্য উপকার ও ঝুঁকি নিয়ে সচেতন আলোচনায় সাহায্য করতে পারে।
গবেষণাটির সীমাবদ্ধতার কথাও উল্লেখ করেছেন গবেষকেরা। ঝুঁকির হিসাব তৈরি হয়েছে মেয়ো ক্লিনিক স্টাডি অব এজিং থেকে, যা একটি নির্দিষ্ট ভৌগোলিক এলাকার মানুষ নিয়ে করা। জ্যাক বলেছেন, দক্ষিণ-পূর্ব মিনেসোটার বয়স্ক জনগোষ্ঠী পুরো যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করে না। পদ্ধতিটি অন্য জনগোষ্ঠীতেও প্রয়োগ করা যেতে পারে, তবে ওই অঞ্চলের বাইরে ফলাফল যাচাই করা দরকার।
গবেষক দল বলেছে, ঝুঁকি অনুমানের এই মডেলটি উপসর্গহীন মানুষের নিয়মিত স্ক্রিনিংয়ের জন্য এখনো প্রস্তুত নয়। জ্যাক ফক্স নিউজ ডিজিটালকে বলেছেন, মস্তিষ্কে রোগ থাকলেও উপসর্গহীন মানুষের জন্য অনুমোদিত কোনো চিকিৎসা নেই, তাই পরীক্ষার ফল চিকিৎসা ব্যবস্থাপনায় কোনো পরিবর্তন আনবে না। গবেষণাটি এটাও প্রতিষ্ঠা করে না যে নিয়মিত রক্ত পরীক্ষা স্মৃতিভ্রংশ ঠেকায় বা চিকিৎসার ফল ভালো করে; অনেক বয়স্ক মানুষের মস্তিষ্কে কম মাত্রায় রোগপ্রক্রিয়া থাকলেও জীবদ্দশায় তাঁদের উপসর্গ দেখা দেয় না।



