জীবনরক্ষাকারী অ্যান্টিবায়োটিক অকার্যকর হয়ে পড়ছে, আইসিইউর নমুনায় প্রতিরোধ ৯৫ শতাংশ ছাড়িয়েছে
অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ও অযৌক্তিক ব্যবহারে জীবনরক্ষাকারী ওষুধগুলো একের পর এক কার্যকারিতা হারাচ্ছে। গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত শক্তিশালী ওষুধও অনেক ক্ষেত্রে জীবাণুর বিরুদ্ধে কাজ করছে না। এতে নিউমোনিয়া, মূত্রনালির সংক্রমণ ও সেপসিসের মতো রোগের চিকিৎসা কঠিন হয়ে উঠছে।
বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) মাইক্রোবায়োলজি অ্যান্ড ইমিউনোলজি বিভাগের প্রকাশিত ‘অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স রিপোর্ট ২০২৫-২০২৬’-এ এই উদ্বেগজনক চিত্র উঠে এসেছে। প্রতিবেদন অনুযায়ী, এক বছরে কার্বাপেনেম-প্রতিরোধী প্রধান গ্রাম-নেগেটিভ জীবাণুর হার ২৮ দশমিক ২ শতাংশ থেকে বেড়ে ৩৬ দশমিক ২ শতাংশ হয়েছে।
নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি রোগীদের শ্বাসনালির নমুনায় কিছু জীবাণুর ক্ষেত্রে এই প্রতিরোধের হার ৯৫ শতাংশ ছাড়িয়েছে।
প্রতিবেদনের জন্য ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের জুন পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ও অন্তর্বিভাগের রোগীদের মোট ৫০ হাজার ৮৪৪টি নমুনা বিশ্লেষণ করা হয়। এর মধ্যে ১৩ হাজার ২৫১টি নমুনায় ব্যাকটেরিয়ার উপস্থিতি পাওয়া যায়।
গুরুতর সংক্রমণের চিকিৎসায় ব্যবহৃত মেরোপেনেমের বিরুদ্ধে প্রধান ছয় ধরনের গ্রাম-নেগেটিভ জীবাণুর ১০ হাজার ৫৩৬টি নমুনার মধ্যে ৩ হাজার ৮১০টিতে প্রতিরোধক্ষমতা শনাক্ত হয়েছে।
জীবাণুভেদে পরিস্থিতি আরও উদ্বেগজনক। ক্লেবসিয়েলার ক্ষেত্রে কার্বাপেনেম প্রতিরোধের হার ২৭ দশমিক ৬ শতাংশ থেকে বেড়ে ৪০ শতাংশ হয়েছে। ই. কোলাইয়ের ক্ষেত্রে এই হার ১৪ থেকে বেড়ে ২০ দশমিক ৭ শতাংশে দাঁড়িয়েছে। হাসপাতালকেন্দ্রিক সংক্রমণের জন্য পরিচিত অ্যাসিনেটোব্যাক্টর ও সিউডোমোনাসের ক্ষেত্রে প্রতিরোধের হার যথাক্রমে ৫৭ দশমিক ৫ ও ৫২ দশমিক ১ শতাংশ।
সাধারণ সংক্রমণেও কার্যকারিতা কমছে। মূত্রনালির সংক্রমণের অন্যতম প্রধান জীবাণু ই. কোলাইয়ের বিরুদ্ধে বহুল ব্যবহৃত অ্যান্টিবায়োটিকের কার্যকারিতা কমে গেছে। প্রতিবেদনে দেখা যায়, মূত্রের নমুনায় পাওয়া ই. কোলাইয়ের ৮২ দশমিক ৮ শতাংশ অ্যামোক্সিসিলিন, ৭৩ দশমিক ৫ শতাংশ সিপ্রোফ্লক্সাসিন এবং ৯২ দশমিক ২ শতাংশ সেফট্রিয়াক্সোনের বিরুদ্ধে প্রতিরোধী। নাইট্রোফিউরানটইনের বিরুদ্ধে প্রতিরোধের হারও এক বছরে ৩৩ দশমিক ৩ থেকে বেড়ে ৫০ দশমিক ১ শতাংশ হয়েছে।
রক্তের নমুনায় পাওয়া ক্লেবসিয়েলার ৫৬ শতাংশ, অ্যাসিনেটোব্যাক্টরের ৬২ দশমিক ১ শতাংশ এবং ই. কোলাইয়ের ৩৩ দশমিক ৩ শতাংশ মেরোপেনেমের বিরুদ্ধে প্রতিরোধী। এমআরএসএ সংক্রমণের হার ২০২২-২৩ সালের ৯ দশমিক ৭ শতাংশ থেকে বেড়ে ২৬ দশমিক ৩ শতাংশ হয়েছে। টাইফয়েড জীবাণুর প্রায় ৫০ শতাংশ সিপ্রোফ্লক্সাসিনের বিরুদ্ধে প্রতিরোধী, আগের বছর যা ছিল ৪০ দশমিক ৩ শতাংশ।
বিশেষজ্ঞদের মতে, চিকিৎসকের পরামর্শ ছাড়াই অ্যান্টিবায়োটিক গ্রহণ, ভুল মাত্রায় ওষুধ ব্যবহার, নির্ধারিত সময়ের আগে চিকিৎসা বন্ধ করা এবং প্রয়োজন না থাকলেও শক্তিশালী অ্যান্টিবায়োটিক গ্রহণের কারণে জীবাণু প্রতিরোধী হয়ে উঠছে। পাশাপাশি হাসপাতালের সংক্রমণ নিয়ন্ত্রণে দুর্বলতা এবং পোলট্রি ও গবাদিপশুতে অ্যান্টিবায়োটিকের অনিয়ন্ত্রিত ব্যবহারও পরিস্থিতিকে জটিল করছে।
বিএমইউর উপাচার্য অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম বলেন, অ্যান্টিবায়োটিকের যথেচ্ছ ব্যবহারের কারণে বিশ্বজুড়ে বহু মানুষ মারা যাচ্ছে। জীবাণু প্রতিরোধী হয়ে উঠলে রোগীর শরীরে অ্যান্টিবায়োটিক আর কাজ করে না। তাই চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক গ্রহণ বন্ধ করতে হবে এবং ফার্মেসিতে ব্যবস্থাপত্র ছাড়া অ্যান্টিবায়োটিক বিক্রি বন্ধ করাও জরুরি বলে তিনি বলেন।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. মুজিবুর রহমান হাওলাদার বলেন, অ্যান্টিবায়োটিক ব্যবহারের নির্দিষ্ট মাত্রা ও মেয়াদ রয়েছে এবং চিকিৎসকের নির্দেশনা অনুযায়ী তা অনুসরণ করতে হবে। যথেচ্ছ ব্যবহারের কারণে প্রয়োজনের সময়ও অ্যান্টিবায়োটিক কার্যকর থাকছে না।
বিশেষজ্ঞরা বলছেন, এই সংকটের প্রভাব শুধু চিকিৎসায় সীমাবদ্ধ থাকবে না। প্রতিরোধী জীবাণুর সংক্রমণে হাসপাতালে দীর্ঘদিন থাকতে হতে পারে, বাড়বে চিকিৎসার ব্যয় ও নিবিড় পরিচর্যার প্রয়োজন। ক্যান্সারের কেমোথেরাপি, অঙ্গ প্রতিস্থাপন ও বড় অস্ত্রোপচারের মতো আধুনিক চিকিৎসাও ঝুঁকির মুখে পড়তে পারে। প্রতিবেদনে হাসপাতালভিত্তিক অ্যান্টিবায়োটিক ব্যবহারের নীতিমালা প্রণয়ন, সংক্রমণ প্রতিরোধ ও নিয়ন্ত্রণব্যবস্থা জোরদার, পরীক্ষাগারের সক্ষমতা বৃদ্ধি এবং অ্যান্টিমাইক্রোবিয়াল স্টুয়ার্ডশিপ কর্মসূচি সম্প্রসারণের সুপারিশ করা হয়েছে।
বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল সচেতনতা সপ্তাহ উপলক্ষে বুধবার বিএমইউতে সচেতনতামূলক র্যালি বের করা হয়। এবারের প্রতিপাদ্য ‘এখনই পদক্ষেপ নিন, আমাদের বর্তমানকে রক্ষা করুন, আমাদের ভবিষ্যৎকে সুরক্ষিত করুন’। কর্মসূচিতে চিকিৎসকের পরামর্শ ছাড়া অ্যান্টিবায়োটিক ব্যবহার না করার আহ্বান জানানো হয়েছে।


