পাঁচ লাখ শিশুকে স্বাস্থ্যবিধি শেখানোর লক্ষ্য হারপিকের, চালু হলো ১০ পর্বের অ্যানিমেটেড সিরিজ ‘দীপু-তুশির হাইজিন অভিযান’
আগামী বছর স্বাস্থ্যবিধিবিষয়ক শিক্ষা কার্যক্রমের মাধ্যমে পাঁচ লাখ শিশুকে সচেতন করার লক্ষ্য নিয়েছে হারপিক বাংলাদেশ। বিশ্ব টয়লেট দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত ‘হারপিক টয়লেট টক ২০২৬’ অনুষ্ঠানে এই লক্ষ্যের কথা জানানো হয়।
অনুষ্ঠানটি ঢাকার লা মেরিডিয়ান হোটেলে আয়োজিত হয়। এ বছরের বিশ্ব টয়লেট দিবসের বৈশ্বিক প্রতিপাদ্য ‘সেফ টয়লেট, ইকুয়াল ফিউচার’। অনুষ্ঠানে সুবিধাবঞ্চিত শিশু ও তাদের পরিবারের জন্য কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতিও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
অনুষ্ঠানে শিশুদের জন্য ১০ পর্বের একটি অ্যানিমেটেড সিরিজ চালু করা হয়। সিরিজটির নাম ‘দীপু-তুশির হাইজিন অভিযান’। গত বছর হারপিকের প্রকাশিত স্বাস্থ্যবিধিবিষয়ক কমিকের পরিচিত দুই চরিত্র দীপু ও তুশিকে নিয়েই তৈরি করা হয়েছে এই সিরিজ।
সিরিজটি ছোট ছোট মজার গল্পের মাধ্যমে শিশুদের ব্যক্তিগত পরিচ্ছন্নতা, টয়লেট ব্যবহারের সঠিক নিয়ম এবং স্বাস্থ্যবিধি মেনে চলার অভ্যাস গড়ে তুলতে সাহায্য করবে বলে আয়োজকেরা জানিয়েছেন। হারপিক বাংলাদেশের সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটি দেখা যাবে।
হারপিক বাংলাদেশের উদ্যোগে এবং ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি), ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), সাজেদা ফাউন্ডেশন, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) ও মজার স্কুলের সহযোগিতায় অনুষ্ঠানটি আয়োজিত হয়।
অনুষ্ঠানে মূল বক্তব্য উপস্থাপন করেন জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের (ডিপিএইচই) প্রকল্প পরিচালক মো. গোলাম মোক্তাদির। তিনি বলেছেন, স্যানিটেশন ব্যবস্থায় বাংলাদেশ উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করলেও টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জন এখনো বড় চ্যালেঞ্জ। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, দেশের এখনো প্রায় ১০ কোটি ৯০ লাখ মানুষ নিরাপদ স্যানিটেশন সুবিধার বাইরে রয়েছেন।
রেকিট বাংলাদেশের সিনিয়র ম্যানেজার তাবাসের আহমেদের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। এরপর একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়।
প্যানেল আলোচনায় অংশ নেন রেকিট বাংলাদেশের হেড অব মার্কেটিং সাবরিন মারুফ তিন্নি, ডিএসসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা এয়ার কমডোর মো. মাহাবুবুর রহমান তালুকদার, ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দীন আহমেদ চৌধুরী, সাজেদা ফাউন্ডেশনের ডেপুটি সিইও মো. ফজলুল হক এবং মজার ইশকুলের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক আরিয়ান আরিফ। আলোচনাটি সঞ্চালনা করেন রেকিট বাংলাদেশের ম্যানেজার (এক্সটার্নাল অ্যাফেয়ার্স) মো. রাকিব উদ্দিন।
আলোচনায় রাজধানীর স্যানিটেশন ব্যবস্থার উন্নয়ন, সঠিক বর্জ্য ব্যবস্থাপনা এবং সবার জন্য ব্যবহার উপযোগী টয়লেট নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বক্তারা বলেছেন, শুধু টয়লেট ব্যবহারের সুযোগ তৈরি করলেই হবে না, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থাও নিশ্চিত করতে হবে। এ জন্য সিটি করপোরেশন, উন্নয়ন সংস্থা ও বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে একসঙ্গে কাজ করতে হবে।
ডিএনসিসির প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা ক্যাপ্টেন ইখতিয়ার উদ্দিন আহমেদ চৌধুরী নগরজুড়ে স্যানিটেশন সুবিধা বাড়ানোর ওপর গুরুত্ব দেন। তিনি বলেন, সবার জন্য উন্নত স্যানিটেশন ব্যবস্থা নিশ্চিত করতে নিরাপদ, স্বাস্থ্যসম্মত ও সবার ব্যবহার উপযোগী টয়লেটের সংখ্যা বাড়ানো প্রয়োজন।
নিরাপদ স্যানিটেশন ও স্বাস্থ্যবিধি নিয়ে হারপিকের উদ্যোগ সম্পর্কে সাবরিন মারুফ তিন্নি বলেন, ‘আমরা মানুষের মধ্যে সচেতনতা তৈরি করতে, স্বাস্থ্যবিধি সম্পর্কে জানাতে এবং দৈনন্দিন অভ্যাসে দীর্ঘমেয়াদি ইতিবাচক পরিবর্তন আনতে চাই। হারপিকের দায়িত্ব শুধু পণ্যের প্রচারের মধ্যেই সীমাবদ্ধ নয়।’ তিনি আরও বলেন, মজার গল্প ও ডিজিটাল কনটেন্টের মাধ্যমে শিশুদের কাছে স্বাস্থ্যবিধির শিক্ষা আরও সহজ ও আকর্ষণীয় করে তুলতে চান তাঁরা।
অনুষ্ঠানে ৩০ জনের বেশি ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর অংশ নেন, যাঁদের মাধ্যমে স্বাস্থ্যবিধি সম্পর্কে সচেতনতার বার্তা সারা দেশে ছড়িয়ে দেওয়ার কথা জানানো হয়।


