বিশ্ববাজারে সয়াবিনের হিসাব বদলাচ্ছে: দামের চেয়ে গুরুত্ব পাচ্ছে পুষ্টিমান ও সরবরাহের নিশ্চয়তা
যুদ্ধ, পরিবর্তিত বাণিজ্যপথ ও বিভিন্ন দেশের নীতিগত সিদ্ধান্ত বিশ্বজুড়ে পশুখাদ্যের কাঁচামাল সংগ্রহের হিসাব বদলে দিচ্ছে। এমন বাস্তবতায় সয়াবিনের গুণগত মান, প্রক্রিয়াজাতকরণের দক্ষতা এবং সরবরাহব্যবস্থার নির্ভরযোগ্যতা নিয়ে আলোচনায় বসেছেন আন্তর্জাতিক কৃষি ও খাদ্যশিল্পের প্রতিনিধিরা।
তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত হয়েছে CrushCON 2026। ১৮ নভেম্বর শুরু হওয়া এই সম্মেলনের আয়োজন করে ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়া (MENASA) অঞ্চল। এতে অংশ নেন বিশ্বের সয়াবিন উৎপাদন, প্রক্রিয়াজাতকরণ, বাণিজ্য ও পশুখাদ্যশিল্পের প্রতিনিধিরা। বাংলাদেশ থেকেও অংশ নিয়েছেন বেশ কয়েকজন প্রতিনিধি।
সম্মেলনে আলোচনার কেন্দ্রে ছিল সয়াবিনের গুণগত মান, প্রক্রিয়াজাতকরণের দক্ষতা এবং আন্তর্জাতিক বাণিজ্যের ঝুঁকি মোকাবিলা। বিশেষজ্ঞরা তুলে ধরেন, পরিবর্তিত বাণিজ্য পরিস্থিতিতে শুধু কম দামে কাঁচামাল কেনাই যথেষ্ট নয়; পণ্যের পুষ্টিমান, ধারাবাহিক গুণগত মান এবং সরবরাহের নিশ্চয়তাও সমান গুরুত্বপূর্ণ।
যুক্তরাষ্ট্রের সয়াবিনচাষি ও ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের চেয়ারম্যান মাইক ম্যাকক্রেনি বলেন, CrushCON-এর মতো আয়োজন যুক্তরাষ্ট্রের কৃষকদের এ অঞ্চলের ক্রেতাদের সঙ্গে সরাসরি যোগাযোগের সুযোগ তৈরি করে। এর মাধ্যমে কৃষকের মাঠপর্যায়ের কাজের সঙ্গে ক্রেতাদের প্রকৃত চাহিদার সংযোগ স্থাপন সম্ভব হয়।
মধ্যপ্রাচ্য, উত্তর আফ্রিকা ও দক্ষিণ এশিয়াজুড়ে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে বাড়ছে পশুজ প্রোটিনের চাহিদা। সেই চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ হয়ে উঠছে সয়াবিন ও সয়াবিনজাত পশুখাদ্য। ইউএসডিএর ফরেন অ্যাগ্রিকালচারাল সার্ভিসের রপ্তানি তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ বিপণন বছরে MENASA অঞ্চলের দেশগুলো যুক্তরাষ্ট্র থেকে ৮০ লাখ মেট্রিক টনের বেশি সয়াবিন আমদানি করেছে। এর মধ্যে একক দেশ হিসেবে মিসরের আমদানিই ছিল প্রায় ৫০ লাখ মেট্রিক টন।
আলজেরিয়াও দ্রুত সম্প্রসারিত হচ্ছে যুক্তরাষ্ট্রের সয়াবিনের বাজার। ২০২৬-২৭ বিপণন বছরের প্রথম দিকেই দেশটির আমদানি ৫ লাখ মেট্রিক টন ছাড়িয়েছে। ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের প্রধান নির্বাহী কর্মকর্তা জিম সাটার বলেন, যুক্তরাষ্ট্র ও MENASA অঞ্চলের দ্বিপক্ষীয় বাণিজ্যে সয়াবিন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে; এটি যুক্তরাষ্ট্রের কৃষকদের জন্য গ্রামীণ অর্থনীতি সচল রাখছে, তেমনি বিশ্বের বিভিন্ন দেশে খাদ্য ও পুষ্টিনিরাপত্তায় অবদান রাখছে। তাঁর ভাষায়, বর্তমান বিশ্বপরিস্থিতিতে পুষ্টিনিরাপত্তাও জাতীয় নিরাপত্তার একটি গুরুত্বপূর্ণ অংশ।
সম্মেলনে পশুখাদ্যের গুণগত মান নির্ধারণের প্রচলিত পদ্ধতি নিয়েও আলোচনা হয়েছে। প্রায় এক শতাব্দী ধরে সয়াবিন মিল কেনাবেচায় অপরিশোধিত প্রোটিন বা ক্রুড প্রোটিনের পরিমাণকে অন্যতম প্রধান মানদণ্ড হিসেবে বিবেচনা করা হচ্ছে; নাইট্রোজেনের পরিমাণকে ৬ দশমিক ২৫ দিয়ে গুণ করে এই হিসাব করা হয়। কিন্তু এই পরিমাপ মূলত খাদ্যে মোট নাইট্রোজেনের পরিমাণ নির্দেশ করে—প্রাণীর শরীর সেই প্রোটিনের কতটা হজম করতে পারছে, তা সরাসরি জানায় না।
ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের নির্বাহী পরিচালক কেভিন রোপকে মনে করেন, পশুখাদ্যের প্রকৃত মূল্য নির্ধারণে শুধু ক্রুড প্রোটিনের হিসাব যথেষ্ট নয়। তাঁর মতে, প্রাণী যে প্রোটিন হজম করতে পারে না, তার জন্য অর্থ ব্যয় করেও প্রকৃত পুষ্টিলাভ নিশ্চিত করা যায় না। এ কারণে সয়াবিন মিলের মূল্যায়নে KOH solubility, প্রোটিনের হজমযোগ্যতা এবং ট্রিপসিন ইনহিবিটর অ্যাক্টিভিটি (TIA)-এর মতো নতুন মানদণ্ড ব্যবহারের ওপর গুরুত্ব দিয়েছেন সম্মেলনের বক্তারা। আধুনিক পরীক্ষাগার প্রযুক্তি, তথ্য বিশ্লেষণ এবং কৃত্রিম বুদ্ধিমত্তার ব্যবহারে এখন এসব উপাদান নিয়মিত পরিমাপ করা সম্ভব হচ্ছে।
কেভিন রোপকের ভাষায়, কাগজে-কলমে সবচেয়ে সস্তা পশুখাদ্য অনেক সময় পশুর মোট খাদ্যতালিকায় সবচেয়ে সাশ্রয়ী হয় না। যুক্তরাষ্ট্রের সয়াবিনের ধারাবাহিক ও উন্নত পুষ্টিমান প্রাণীর উৎপাদনক্ষমতা বাড়াতে পারে, যার প্রতিফলন শেষ পর্যন্ত খামারির মুনাফায় দেখা যায়।
সয়াবিনের আন্তর্জাতিক বাণিজ্যে আরেকটি গুরুত্বপূর্ণ বিবেচনা হয়ে উঠছে পরিবেশগত স্থায়িত্ব। এ ক্ষেত্রে ইউএস সয়াবিনের জন্য রয়েছে Sustainable U.S. Soy Assurance Protocol (SSAP), যার মাধ্যমে যুক্তরাষ্ট্রে উৎপাদিত সয়াবিনের টেকসই চাষাবাদ পদ্ধতি যাচাই করা হয়। সম্মেলনের বক্তারা ক্রেতাদের পণ্যের মূল্য, গুণগত মানের ধারাবাহিকতা, নির্ভরযোগ্যতা এবং টেকসই উৎপাদন—এই চারটি বিষয়কে গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন।
ইউএস সয়াবিন এক্সপোর্ট কাউন্সিলের বাংলাদেশ মার্কেট লিড খবিবুর রহমান চ্যানেল আইকে বলেন, বাংলাদেশ মৎস্য চাষে এবং পোল্ট্রি উৎপাদনে দারুণ অগ্রগতি দেখিয়েছে। এখন সময় এসেছে বাইরের দেশের বাজারে বাংলাদেশের উৎপাদিত মাছ ও পোল্ট্রিপণ্য পৌঁছে দেওয়ার, যার জন্য প্রয়োজন পশুখাদ্যের গুণগত মান নিশ্চিত করা। তিনি জানান, বাংলাদেশের মেঘনা গ্রুপ ‘সাস্টেইনেবল ইউএস সয় (SUSS)’ লেবেল ব্যবহার শুরু করেছে।
সম্মেলনে অংশ নেওয়া বাংলাদেশের আইপিআরএস বিশেষজ্ঞ ফেরদৌস মুরাদ বলেন, এই আসরে অংশ নিয়ে তিনি Noise এবং Signal-এর মধ্যে পার্থক্য করতে শিখেছেন। তাঁর মতে, বৈশ্বিক বাজারে বাংলাদেশের মাছের যে সম্ভাবনা আছে, অনেকেই এখনো তা বুঝতে পারছেন না; নিরাপদ মাছ উৎপাদন করা গেলে বিশ্বে এর অনেক বড় বাজার রয়েছে।



