যশোরে চলন্ত কাভার্ড ভ্যানে পেট্রোল বোমায় চালক দগ্ধ, ময়মনসিংহে দুই সাবেক এমপির বাড়িতে আগুন

যশোর-নড়াইল মহাসড়কে চলন্ত একটি কাভার্ড ভ্যানে দুর্বৃত্তদের পেট্রোল বোমা নিক্ষেপের ঘটনা ঘটেছে। এতে গাড়ির চালক রাজিব (৪৫) অগ্নিদগ্ধ হয়েছেন এবং হেলপার হৃদয় (৪০) কাচের আঘাতে আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) এই হামলার ঘটনা ঘটে।
একই রাতে ময়মনসিংহের বিভিন্ন স্থানে সাবেক দুই সংসদ সদস্যের বাসভবন, ইউনিয়ন পরিষদ কার্যালয় ও ব্যক্তিগত গাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার দিবাগত মধ্যরাতে দুর্বৃত্তরা এসব ঘটনা ঘটিয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার ওসিরা।
পুলিশ জানায়, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য মাহমুদ হাসান সুমনের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা।
অন্যদিকে ফুলপুরে বিএনপির সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সহ-সভাপতি অ্যাডভোকেট আবুল বাসার আকন্দের বাসায় হামলা ও পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়েছে।
এ ছাড়া ফুলবাড়িয়া উপজেলার ৬ নম্বর ফুলবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের কক্ষে আগুন দেওয়া হয়েছে। ভালুকায় জেলা পরিষদের সাবেক সদস্য মোস্তফা কামালের ব্যক্তিগত গাড়ি ও দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছে।
সংশ্লিষ্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) ময়মনসিংহের এসব ঘটনার সত্যতা স্বীকার করেছেন।




