বরিশালে সাবেক মন্ত্রী নানকের বাসায় হামলা ও অগ্নিসংযোগ, পুড়ল নিরাপত্তাকর্মীর কক্ষ

বরিশাল নগরীর বটতলা এলাকায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী জাহাঙ্গীর কবির নানকের বাসভবনে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত আনুমানিক ৩টার দিকে বটতলার আদম আলী হাজির গলিতে অবস্থিত বাসাটিতে এ হামলা হয়। বাড়িটিতে নানকের ভাইয়ের পরিবার থাকেন বলে জানা গেছে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্র জানায়, ভোররাতের দিকে একদল বিক্ষুব্ধ ব্যক্তি নানকের বাসভবন লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। এতে বাসার জানালার কাচ ভেঙে যায়।
একপর্যায়ে হামলাকারীরা বাসার নিচতলায় থাকা নিরাপত্তাকর্মীর (গার্ডের) কক্ষে আগুন ধরিয়ে দেন। এ ছাড়া বাসভবনের সামনে থাকা কয়েকটি সাইনবোর্ডেও আগুন দেওয়া হয়।
তবে এ ঘটনায় বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। নিচতলার নিরাপত্তাকর্মীর কক্ষটি আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে; এর বাইরে অন্য কোনো ক্ষতির খবর পাওয়া যায়নি।
এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপপুলিশ কমিশনার সুশান্ত সরকার বলেন, নানকের বাসায় আগুন দেওয়া হয়েছে—এমন একটি খবর তিনি শুনেছেন। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য এখনো তিনি জানতে পারেননি।
গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলা এবং বিএনপির সংসদ সদস্যসহ নেতাদের বাসায় অগ্নিসংযোগের ঘটনার পর দেশের বিভিন্ন স্থানে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় বরিশাল, পটুয়াখালী ও পিরোজপুরসহ বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাসভবনে হামলা ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে।


