মিরপুরে পোশাকশ্রমিক নূপুরকে কোপানোর ঘটনা ব্যক্তিগত বিরোধের, তিনি মারা যাননি: পুলিশ

রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়িতে নারী পোশাকশ্রমিক নূপুরকে (২২) কুপিয়ে জখম করার ঘটনাকে সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি, যুবদল বা ছাত্রদলের নেতা-কর্মীদের হামলা ও হত্যা বলে প্রচার করা হলেও পুলিশ বলছে, ঘটনাটি ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন থেকে ঘটেছে এবং নূপুর মারা যাননি—তিনি হাসপাতালে চিকিৎসাধীন ও শঙ্কামুক্ত।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া সিসিটিভি ফুটেজে দেখা যায়, কয়েকজন নারী শ্রমিক একসঙ্গে হেঁটে যাচ্ছেন। এ সময় পেছন থেকে এক যুবক এসে তাঁদের একজনকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করতে থাকেন। কয়েকটি আঘাতের পর ওই নারী সড়কে পড়ে গেলেও যুবকটি হামলা চালিয়ে যান।
ঘটনাটি ঘটে বুধবার (১৮ নভেম্বর) দুপুরে মিরপুরের রূপনগর থানার শিয়ালবাড়ী এলাকায়। আহত নূপুর ভোলার লালমোহন উপজেলার বাসিন্দা এবং মিরপুরের সরদার অ্যাপারেলস নামের একটি তৈরি পোশাক কারখানায় কাজ করতেন।
অভিযুক্ত যুবকের নাম রায়হান (২৫); তিনিও একই কারখানার কর্মী। কারখানা থেকে দুপুরের খাবার খেতে বাসায় ফেরার পথে শিয়ালবাড়ী এলাকায় নূপুরের পথ রোধ করে তাঁকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেন রায়হান। পরে পুলিশ তাঁকে আটক করে।
পুলিশের বরাতে জানা গেছে, নূপুর ও রায়হানের মধ্যে প্রায় তিন বছরের প্রেমের সম্পর্ক ছিল। সম্প্রতি রায়হানের বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় ক্ষুব্ধ হয়ে তিনি নূপুরের ওপর হামলা চালান বলে ধারণা করা হচ্ছে।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) শফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রাথমিকভাবে তাঁরা ঘটনাটিকে প্রেম-ভালোবাসাসংক্রান্ত বলে মনে করছেন। এটি কোনো শ্রমিক অসন্তোষ বা কারখানার অভ্যন্তরীণ বিরোধের ঘটনা নয় বলেও জানান তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে নূপুরের মৃত্যুর খবরও ছড়িয়ে পড়ে। তবে তাঁর পরিবার ১৮ নভেম্বর রাত ১০টায় বিষয়টি নিশ্চিত করে জানায়, তিনি মারা যাননি। চিকিৎসকদের বরাতে পরিবার জানায়, তিনি হাসপাতালে চিকিৎসাধীন এবং শঙ্কামুক্ত।
একই দিনে মিরপুরের কাফরুল এলাকায় নারী শ্রমিকদের লাঞ্ছিত করার অভিযোগকে কেন্দ্র করে পোশাকশ্রমিক ও স্থানীয় বিএনপি কর্মীদের মধ্যে ধাওয়া-পাল্টাধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। একই দিনে মিরপুরের দুটি পৃথক এলাকায় এমন খবর প্রকাশিত হওয়ায় বিভ্রান্তি তৈরি হয়। তবে কাফরুলের ওই সংঘর্ষের সঙ্গে শিয়ালবাড়িতে নূপুরের ওপর হামলার কোনো যোগসূত্র পাওয়া যায়নি।
অনুসন্ধানে দেখা গেছে, শিয়ালবাড়িতে নূপুরকে কুপিয়ে আহত করার ঘটনা সত্য হলেও তাঁকে বিএনপি, যুবদল বা ছাত্রদলের নেতা-কর্মীরা কুপিয়ে হত্যা করেছেন—এমন দাবির পক্ষে কোনো নির্ভরযোগ্য তথ্য-প্রমাণ পাওয়া যায়নি। পুলিশ অভিযুক্ত হিসেবে একই কারখানার সহকর্মী রায়হানকে আটক করেছে।




