…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

গোপালগঞ্জে অস্ত্র হাতে বিক্ষোভ, মুকসুদপুর থানায় ভাঙচুর ও আগুন

নিজস্ব প্রতিবেদক
গোপালগঞ্জে অস্ত্র হাতে বিক্ষোভ, মুকসুদপুর থানায় ভাঙচুর ও আগুন
ছবি: সংগৃহীত

গোপালগঞ্জের মুকসুদপুর থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা এই হামলা চালিয়েছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুনে থানার আসবাবপত্র, গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি যানবাহন পুড়ে গেছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

একই দিন সকালে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠন এবং নিষিদ্ধ ছাত্রলীগের কয়েক শ নেতা-কর্মী রামদা, হকিস্টিক, চায়নিজ কুড়াল ও লগি-বইঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে ঢাকা-খুলনা মহাসড়কে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় বিক্ষোভ করেন। বৃহস্পতিবার সকাল থেকে বৃষ্টির মধ্যেই ঘোনাপাড়া এলাকায় লোকজন জড়ো হতে থাকেন। বেলা ১১টার দিকে তাঁরা দেশীয় অস্ত্র নিয়ে মহাসড়কে বিক্ষোভ করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা সর্বাত্মক লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে মুকসুদপুর বাসস্ট্যান্ড এলাকায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হন। একপর্যায়ে তাঁরা লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র হাতে বিভিন্ন স্লোগান দিয়ে মুকসুদপুর থানার সামনে গিয়ে ইটপাটকেল নিক্ষেপ করেন। পরে হামলাকারীরা থানার ভেতরে প্রবেশ করে ভাঙচুর চালান। একপর্যায়ে থানার ভেতরে ও বাইরে রাখা যানবাহনে আগুন ধরিয়ে দেওয়া হয়। পুলিশের সরকারি গাড়ি ও জব্দ করে রাখা গাড়িসহ অন্তত ১০টি যানবাহন পোড়ানো হয়।

স্থানীয়দের দাবি, হামলার সময় থানার ভেতরে কোনো পুলিশ সদস্যকে দেখা যায়নি। প্রত্যক্ষদর্শী স্থানীয় একাধিক সাংবাদিকের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল বুধবার সন্ধ্যার পর থেকেই থানা ভবনে পুলিশ সদস্যরা কেউ ছিলেন না। এ বিষয়ে পুলিশের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। ঘটনার বিষয়ে জানতে কাশিয়ানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর সাজেদুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।

গোপালগঞ্জ শহরের বিভিন্ন সড়কে সকাল থেকে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। এ কারণে যানবাহন চলাচল প্রায় বন্ধ হয়ে পড়ে। সড়কের যেসব জায়গায় গাছ ফেলে অবরোধ করা হয়েছে, সেখানেও পিকেটারদের দেখা গেছে। কিছুক্ষণ পরপর দেশীয় অস্ত্র হাতে মিছিল করতে দেখা গেছে দোলা পাম্প, শহরের লঞ্চঘাটসহ বিভিন্ন এলাকায়। পিকেটার ছাড়া সড়কে সাধারণ মানুষের চলাচল নেই বললেই চলে।

সকাল আটটার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ঘোনাপাড়া মোড় থেকে শহরে প্রবেশপথে গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়েছে। গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পেরিয়ে নীলা মাঠ এলাকায় সড়কে অন্তত তিন জায়গায় গাছের গুঁড়ি পড়ে আছে। একটি স্থানে টায়ারে আগুন ধরিয়ে রামদাসহ দেশীয় অস্ত্র হাতে বিক্ষোভ করতে দেখা যায় কয়েকজনকে। হাসপাতাল মোড় ও সার্কিট হাউস মোড়েও গাছের গুঁড়ি ফেলে রাখা হয়েছে। মধুমতী নদী পেরিয়ে গোপালগঞ্জে ঢোকার মুখে খুলনা-ঢাকা মহাসড়কের চর গোবরা এলাকায়ও গাছের গুঁড়ি ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। স্থানীয় সূত্র জানায়, সেখানে যুবলীগের নেতা-কর্মীরা অবস্থান নিয়েছেন এবং ওই স্থান দিয়ে হেঁটেও চলাচল করা যাচ্ছে না।

ভোর থেকেই গোপালগঞ্জে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। সকালে সদরের রাস্তাঘাট ছিল প্রায় ফাঁকা, সাধারণ মানুষের চলাচল ছিল কম। তবে জরুরি প্রয়োজনে ও অফিসের উদ্দেশে যাঁরা বের হয়েছেন, তাঁরা যানবাহন পাননি। বৃষ্টির মধ্যে অনেককে হেঁটে গন্তব্যে যেতে দেখা গেছে। নীলা মাঠ এলাকা থেকে হেঁটে ঘোনাপাড়ার দিকে যাচ্ছিলেন কয়েকজন। তাঁদের মধ্যে দুজন নারী বলেন, তাঁরা গোপালগঞ্জ চক্ষু হাসপাতালে চাকরি করেন। শহর থেকে কর্মস্থলে যাচ্ছেন, কিন্তু কোনো যানবাহন না পাওয়ায় বৃষ্টিতে ভিজে হেঁটে যেতে হচ্ছে।

মহাসড়কে কোনো যানবাহন চলতে দেখা যায়নি। শহরের ভেতরে ইজিবাইক, ভ্যান ও রিকশা সামান্য চললেও তা ছিল সীমিত। সড়কের ছোট ছোট অংশে, এক প্রতিবন্ধকতা থেকে আরেক প্রতিবন্ধকতার মাঝখানে কিছু যানবাহন চলতে দেখা গেছে। ফলে যাত্রীদের কিছু দূর গিয়েই নেমে যেতে হচ্ছে, তারপর আবার অন্য ভ্যান বা ইজিবাইকে উঠতে হচ্ছে।

সকাল সোয়া ৯টার দিকে ঘোনাপাড়া মোড়ে গোলচত্বরের রেলিংয়ের সঙ্গে চুরির অভিযোগে দুজনকে বেঁধে রাখতে দেখা যায়। সেখানে অবস্থান নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের অভিযোগ, গত রাতে মহাসড়কে যাতায়াতকারী অ্যাম্বুলেন্সসহ কয়েকটি যানবাহনে চুরি-ছিনতাই হয়েছে। এ ঘটনায় এলাকার বদনাম হচ্ছে, তাই তাঁদের ধরা হয়েছে।

সকাল সাড়ে ৯টা পর্যন্ত শহরের প্রায় সব দোকানপাট ও ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ ছিল। কাঁচাবাজার সকাল থেকে খোলা ছিল এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের কয়েকটি দোকান খুলতে দেখা গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয়ও কোনো উপস্থিতি ছিল না। রাস্তাঘাটেও মানুষের উপস্থিতি তেমন ছিল না।

ঢাকা-খুলনা মহাসড়কের গোপালগঞ্জ অংশে গতকাল বুধবার রাত থেকে দুটি ফিলিং স্টেশনে দেড় শতাধিক পণ্যবাহী যান আটকা পড়ে আছে। রাত ১০টা থেকে গোপালগঞ্জ সদর উপজেলার চরপাথালিয়ার দোলা পাম্প এলাকায় ট্রাক, কাভার্ড ভ্যান, পিকআপসহ বিভিন্ন গাড়ি আটকে আছে। গতকাল সন্ধ্যার পর থেকে মহাসড়কের গোপালগঞ্জ অংশের বিভিন্ন এলাকায় সড়কের পাশের গাছ কেটে রাস্তায় ফেলে প্রতিবন্ধকতা তৈরি করা হয়। যন্ত্রের সাহায্যে গাছগুলো কেটে রাস্তায় ফেলেন কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। কয়েকটি স্থানে টায়ার ও গাছের গুঁড়িতে আগুন ধরানো হয়।

সিলেট থেকে পাথর বোঝাই করে বাগেরহাটের কাটাখালী যাওয়ার পথে ডাম্পট্রাক নিয়ে দোলা পাম্প এলাকায় আটকা পড়েছেন মোহাম্মদ আলী। তিনি বলেন, গত মঙ্গলবার সন্ধ্যায় সিলেট থেকে রওনা দিয়ে গতকাল ঢাকার মহাখালীতে যাত্রাবিরতি করেন। সেখান থেকে রওনা হয়ে রাত ৯টার দিকে গোপালগঞ্জে ঢোকেন। মোহাম্মদ আলী বলেন, মুকসুদপুরে গাছ ফেলে রাস্তা আটকানো ছিল, তবে লোড গাড়ি দেখে ছেড়ে দেওয়া হয়। এরপর উজলপুরে বিদ্যুতের খুঁটি ফেলা ছিল, সেখানেও ছেড়ে দেওয়া হয়। পুলিশ লাইনস এলাকার বাধাও পার হন। এরপর রাত ১০টার দিকে দোলা পাম্পে এসে আর এগোতে পারেননি। সেখানে গাছ ফেলে পুরো রাস্তা একদম বন্ধ ছিল।

এর আগে গত মঙ্গলবার (১৭ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রের বরাত দিয়ে জানা যায়, ওই ঘটনায় থানার গুরুত্বপূর্ণ নথিপত্র ও বেশ কয়েকটি যানবাহন পুড়ে যায়। হামলার পর পুলিশ সদস্যরা থানা ছেড়ে চলে যান বলে জানা গেছে। পরপর দুই থানায় হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় গোপালগঞ্জের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

নিরাপত্তার কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার বাস বন্ধ, রাতে একাধিক স্থানে আগুন

নিরাপত্তাজনিত কারণে বাগেরহাট থেকে দূরপাল্লার সব ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রাখা হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) দুপুর থেকে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট…

জাতীয়

শ্রমিক অসন্তোষে গাজীপুর ও সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক পোশাক কারখানা বন্ধ, ছুটি আরও ২০টিতে

শ্রমিক অসন্তোষের জেরে গাজীপুর ও ঢাকার সাভার-আশুলিয়ায় অর্ধশতাধিক তৈরি পোশাক কারখানা বন্ধ রয়েছে। পাশাপাশি অন্তত ২০টি তৈরি পোশাক কারখানায় ছুটি ঘোষণা …

৩২ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ
জাতীয়

৩২ হাজার টাকা মজুরির দাবিতে গাজীপুরে আজও শ্রমিক বিক্ষোভ, মহাসড়ক অবরোধে যান চলাচল বন্ধ

ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা করার দাবিতে বৃহস্পতিবারও উত্তপ্ত হয়ে উঠেছে গাজীপুরের শিল্পাঞ্চল। সকাল থেকে গাজীপুরের শ্রীপুরে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসহ কয…

সোনারগাঁয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই
জাতীয়

সোনারগাঁয়ে পাঁচ ঘণ্টার ব্যবধানে বাস ও খড়বোঝাই ট্রাকে আগুন, হতাহত নেই

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে একটি যাত্রীবাহী বাস ও খড়বোঝাই ট্রাকে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পৃথক এসব ঘটনায় যানবাহন দুটির ব্যাপক …