প্রথমার সব বিক্রয়কেন্দ্র ও অনলাইন শপে মিলবে ডেলির স্টেশনারি পণ্য, এসিআই এডুলিঙ্কের সঙ্গে চুক্তি

বইয়ের পাশাপাশি মানসম্মত শিক্ষা উপকরণ ও স্টেশনারি পণ্য পাঠক, শিক্ষার্থী ও ক্রেতাদের কাছে সহজে পৌঁছে দিতে এসিআই এডুলিঙ্ক ও প্রথমা প্রকাশনের মধ্যে একটি বাণিজ্যিক চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এর মধ্য দিয়ে বই ও শিক্ষা উপকরণ বিপণনে যুক্ত দুটি প্রতিষ্ঠানের মধ্যে নতুন একটি ব্যবসায়িক অংশীদারত্ব শুরু হলো।
চুক্তির ফলে এখন থেকে প্রথমা প্রকাশনের সব বিক্রয়কেন্দ্র ও অনলাইন প্ল্যাটফর্মে আন্তর্জাতিক ব্র্যান্ড ডেলির বিভিন্ন ধরনের স্টেশনারি পণ্য পাওয়া যাবে। শিক্ষার্থী, শিক্ষক, পেশাজীবী ও দৈনন্দিন ব্যবহারকারীদের প্রয়োজনীয় শিক্ষা ও অফিস উপকরণ এর মধ্যে থাকবে।
বৃহস্পতিবার রাজধানীর কারওয়ান বাজারে প্রথমা প্রকাশনের কার্যালয়ে চুক্তিটি হয়। প্রথমা প্রকাশনের পক্ষে স্বাক্ষর করেন মিডিয়াস্টার লিমিটেডের হেড অব অ্যাকাউন্টস অ্যান্ড ফাইন্যান্স অংকুর সাহা এবং এসিআই এডুলিঙ্কের পক্ষে স্বাক্ষর করেন অ্যাডভান্সড কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ পিএলসির (এসিআই) বিজনেস ম্যানেজার কে. এম. আরিফুর রহমান।
ফলে প্রথমার গ্রাহকেরা বই কেনার পাশাপাশি প্রয়োজনীয় মানসম্মত স্টেশনারি পণ্যও একই জায়গা থেকে কেনার সুযোগ পাবেন। এতে কেনাকাটা আরও সহজ ও সুবিধাজনক হবে বলে আশা করা হচ্ছে।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উভয় পক্ষই এই অংশীদারত্বকে দীর্ঘমেয়াদি সহযোগিতার একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। তাঁরা মনে করেন, বই ও স্টেশনারি পণ্যের সমন্বিত বিপণন গ্রাহকদের জন্য নতুন সুযোগ তৈরি করবে এবং মানসম্মত শিক্ষা উপকরণ সহজে পাওয়ার সুযোগ বাড়ার মাধ্যমে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজন পূরণে ইতিবাচক ভূমিকা রাখবে।
এসিআই এডুলিঙ্কের পক্ষ থেকে ভবিষ্যতে শিক্ষা উপকরণ ও শিক্ষাসংশ্লিষ্ট বিভিন্ন পণ্য নিয়ে প্রথমা প্রকাশনের সঙ্গে আরও বিস্তৃত পরিসরে কাজ করার আগ্রহ প্রকাশ করা হয়। শিক্ষার্থীদের প্রয়োজন, বাজারের চাহিদা ও পরিবর্তিত শিক্ষাব্যবস্থার সঙ্গে সামঞ্জস্য রেখে নতুন নতুন পণ্য ও সেবা যুক্ত করার পরিকল্পনার কথাও জানানো হয়।
অন্যদিকে ডেলির মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের মানসম্মত স্টেশনারি পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দেওয়ার সুযোগ পেয়ে প্রথমা প্রকাশনের পক্ষ থেকে সন্তোষ প্রকাশ করা হয়। প্রথমা দীর্ঘদিন ধরে মানসম্মত ও তথ্যনির্ভর বই প্রকাশ এবং পাঠাভ্যাস বিকাশে কাজ করে আসছে; বইয়ের পাশাপাশি শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও সাধারণ পাঠকদের দৈনন্দিন প্রয়োজনীয় শিক্ষা উপকরণ সরবরাহের এই উদ্যোগ তার কার্যক্রমে নতুন মাত্রা যোগ করবে।
প্রথমার বিক্রয়কেন্দ্রের পাশাপাশি অনলাইন প্ল্যাটফর্মেও ডেলির পণ্য পাওয়া যাওয়ায় সারা দেশের ক্রেতাদের কাছে এসব পণ্য পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হবে। বই, শিক্ষা উপকরণ ও মানসম্মত স্টেশনারি পণ্যের একটি সমন্বিত কেনাকাটার অভিজ্ঞতা তৈরি হবে বলে উভয় পক্ষ আশাবাদ ব্যক্ত করেছে।




