…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার দাবি আইবিসির, গ্রেপ্তার নেতাদের মুক্তিসহ পাঁচ দফা

নিজস্ব প্রতিবেদক
গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার দাবি আইবিসির, গ্রেপ্তার নেতাদের মুক্তিসহ পাঁচ দফা
ছবি: সংগৃহীত

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ, গ্রেপ্তার হওয়া নিরপরাধ শ্রমিক নেতা ও শ্রমিকদের মুক্তি এবং পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দাবি জানিয়েছে ইন্ডাস্ট্রিঅল বাংলাদেশ কাউন্সিল (আইবিসি)।

আজ বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি তুলে ধরেন সংগঠনটির সাধারণ সম্পাদক সালাউদ্দিন স্বপন।

লিখিত বক্তব্যে বলা হয়, সর্বশেষ ২০২৩ সালের নভেম্বরে গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ঘোষণা করা হয়। সংশোধিত শ্রম আইন অনুযায়ী এখন থেকে প্রতি তিন বছর অন্তর মজুরি পুনর্নির্ধারণের বিধান করা হয়েছে। সে হিসাবে চলতি নভেম্বরে তিন বছর পূর্ণ হয়েছে। নতুন মজুরি ডিসেম্বর ২০২৬ থেকে কার্যকর হওয়ার কথা।

এ জন্য গত ৪ অক্টোবর শ্রমমন্ত্রীর কাছে স্মারকলিপি দিয়ে মজুরি বোর্ড পুনর্গঠনের দাবি জানায় আইবিসি। পরে ১ নভেম্বর বোর্ড পুনর্গঠন করা হয়।

সালাউদ্দিন স্বপন বলেন, অক্টোবরের শেষ সপ্তাহ থেকে গার্মেন্টস শিল্পে শ্রমিক অসন্তোষ শুরু হয়। মজুরি বোর্ড গঠনের পর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেও ১৬ নভেম্বর পূর্বনির্ধারিত বোর্ড সভা স্থগিতের পর আবারও উত্তেজনা ছড়িয়ে পড়ে। ১৭ ও ১৮ নভেম্বর পরিস্থিতির আরও অবনতি হয়। সভা স্থগিতের সিদ্ধান্তকে ‘হঠকারী’ উল্লেখ করে তিনি বলেন, নির্ধারিত সময়ে সভা হলে পরিস্থিতি স্বাভাবিক থাকত।

লিখিত বক্তব্যে বলা হয়, অক্টোবরের শেষ দিক থেকে আইবিসির অন্তর্ভুক্ত ফেডারেশনগুলোর আঞ্চলিক পর্যায়ের ১২ জন নেতা-কর্মী গ্রেপ্তার হয়েছেন। এ ছাড়া সাধারণ শ্রমিক ও অন্যান্য সংগঠনের নেতা-কর্মীরাও গ্রেপ্তার হয়েছেন। পুলিশি অভিযানের কারণে ফেডারেশনগুলোর আঞ্চলিক কার্যালয় বন্ধ রাখতে হয়েছে। বিভিন্ন শিল্প এলাকার নেতাদের বাসায় নিয়মিত গোয়েন্দা পুলিশের অভিযান চালানোর অভিযোগও করা হয়।

আইবিসির প্রশ্ন, শ্রমিক আন্দোলনে তৃতীয় পক্ষের সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে নির্দোষ শ্রমিক নেতাদের কেন গ্রেপ্তার করা হচ্ছে এবং কোনো বিশৃঙ্খলায় যুক্ত না হয়েও কেন তাঁরা এলাকায় অবস্থান করতে পারছেন না।

সংবাদ সম্মেলনে আরও বলা হয়, অনেক কারখানা শ্রম আইনের ১৩ (১) ধারা অনুযায়ী নোটিশ দিয়ে বন্ধ করে দেওয়া হয়েছে। এতে ‘নো ওয়ার্ক, নো পে’ নীতির কারণে হাজার হাজার শ্রমিক মজুরি থেকে বঞ্চিত হবেন। যেসব শ্রমিক কাজে যোগ দিতে চান, তাঁদের মজুরি নিশ্চিত করার দাবি জানায় আইবিসি।

লিখিত বক্তব্যে গাজীপুরের জয়দেবপুরের শ্রমিক আন্দোলনে মারধরের শিকার হয়ে পরে মারা যাওয়া তৌফিক শেখের পরিবারকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানায় সংগঠনটি। একই সঙ্গে এ ঘটনায় জড়িতদের বিচারের আওতায় আনারও দাবি জানায় তারা।

শ্রমিক অসন্তোষ নিয়ন্ত্রণে ট্রেড ইউনিয়নগুলোর ব্যর্থতার অভিযোগের বিষয়ে আইবিসি বলেছে, দেশের ১০ শতাংশেরও কম শ্রমিক ট্রেড ইউনিয়নের আওতায় রয়েছেন, বাকি শ্রমিকেরা অসংগঠিত। নতুন গঠিত অনেক ইউনিয়নকে ‘ইয়েলো ইউনিয়ন’ উল্লেখ করে সংগঠনটি দাবি করে, এসব ইউনিয়নের সঙ্গে কারখানার মালিকদের সংশ্লিষ্টতা রয়েছে। শ্রমিকদের প্রকৃত ইউনিয়ন গড়ে তুলতে মালিকদের ট্রেড ইউনিয়নবিরোধী মনোভাব থেকে বেরিয়ে আসার আহ্বান জানায় তারা।

আইবিসির পাঁচ দফা দাবির মধ্যে রয়েছে—শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ, নিরপরাধ গ্রেপ্তার হওয়া শ্রমিক নেতা ও শ্রমিকদের মুক্তি, আঞ্চলিক নেতা-কর্মীদের পুলিশি হয়রানি বন্ধ, তৌফিক শেখ হত্যায় জড়িতদের বিচার ও তাঁর পরিবারকে ক্ষতিপূরণ এবং মজুরি বোর্ডের চূড়ান্ত ঘোষণা না হওয়া পর্যন্ত শ্রমিকদের উৎপাদনকাজে যোগ দেওয়ার আহ্বান।

দাবি আদায়ে বিভিন্ন পেশাজীবী ও নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় সভা করবে আইবিসি। পরিস্থিতি বিবেচনায় পরবর্তী কর্মসূচি নির্ধারণ করবে সংগঠনটির কেন্দ্রীয় নেতৃত্ব। সংবাদ সম্মেলনে আইবিসির সভাপতি মীর আবুল কালাম আজাদ, সিনিয়র সহসভাপতি আমিরুল হক আমিন ও সহসভাপতি চায়না রহমান উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

অর্থনীতি ও ব্যবসা

কৃষিঋণের পরিধি বাড়াল বাংলাদেশ ব্যাংক, সংরক্ষণ-পরিবহন-বিপণনেও মিলবে ঋণ

২০২৬-২৭ অর্থবছরের কৃষি ও পল্লিঋণ নীতিমালায় পরিবর্তন এনে নতুন অগ্রাধিকার নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে শুধু ফসল উৎপাদনই নয়, কৃষিপণ্যের সংগ…

অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণের অভিযোগ, সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির প্রাথমিক অনুমোদন
অর্থনীতি ও ব্যবসা

অনুমোদনের আগেই প্ল্যান্ট নির্মাণের অভিযোগ, সেই সুপার পেট্রোকেমিক্যালকেই রিফাইনারির প্রাথমিক অনুমোদন

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জুলদা এলাকায় রিফাইনারি প্ল্যান্ট স্থাপনের প্রাথমিক অনুমোদন পেয়েছে বেসরকারি প্রতিষ্ঠান সুপার পেট্রোকেমিক্যাল পিএলসি। তবে…

অর্থনীতি ও ব্যবসা

বিশ্ববাজারে সয়াবিনের হিসাব বদলাচ্ছে: দামের চেয়ে গুরুত্ব পাচ্ছে পুষ্টিমান ও সরবরাহের নিশ্চয়তা

যুদ্ধ, পরিবর্তিত বাণিজ্যপথ ও বিভিন্ন দেশের নীতিগত সিদ্ধান্ত বিশ্বজুড়ে পশুখাদ্যের কাঁচামাল সংগ্রহের হিসাব বদলে দিচ্ছে। এমন বাস্তবতায় সয়াবিনের গুণগত …

সোনার নতুন দাম নির্ধারণ বাজুসের, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা
অর্থনীতি ও ব্যবসা

সোনার নতুন দাম নির্ধারণ বাজুসের, ২২ ক্যারেটের ভরি ২ লাখ ১২ হাজার ১১০ টাকা

দেশের বাজারে সোনা ও রুপার নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন দাম অনুযায়ী ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম নির্ধারণ …