…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মাসব্যাপী সেবা মাস শুরু, সঞ্জীবন ঋণে এক লাখ সদস্যকে যুক্ত করার লক্ষ্য

নিজস্ব প্রতিবেদক

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আধুনিক ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর এবং বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের আর্থসামাজিক উন্নয়নে শুরু হয়েছে মাসব্যাপী ‘সেবা মাস-২০২৬’। ব্যাংকিং সেবা সহজ করা, ডিজিটাল রূপান্তর, ঋণ কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের সঙ্গে ব্যাংকের যোগাযোগ বাড়ানোই এ কর্মসূচির প্রধান লক্ষ্য।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর খিলগাঁওয়ে বাহিনীর সদর দপ্তরে আয়োজিত অনুষ্ঠানে কর্মসূচির উদ্বোধন করেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক এবং ব্যাংকের পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ। আগামী ১৮ ডিসেম্বর পর্যন্ত দেশব্যাপী এ কর্মসূচি চলবে।

সেবা মাসে ব্যাংকের সব শাখায় গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগ, আমানত ও ঋণসেবা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, শেয়ার-সংক্রান্ত তথ্য হালনাগাদ এবং ডিজিটাল ব্যাংকিংয়ের প্রসারে বিশেষ কার্যক্রম পরিচালিত হবে। পাশাপাশি গ্রাহকদের সমস্যা দ্রুত সমাধান ও প্রান্তিক পর্যায়ের সদস্যদের ব্যাংকিং সেবার আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে মহাপরিচালক বলেন, ‘আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের মূল শক্তি বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্য। অতীতে সদস্যদের সঙ্গে ব্যাংকের যে দূরত্ব তৈরি হয়েছিল, তা দূর করে তাদের আর্থসামাজিক উন্নয়ন ও জীবনমান পরিবর্তনে ব্যাংককে কার্যকর ভূমিকা রাখতে হবে।’ এ জন্য ব্যাংকের কার্যক্রম আরও বেশি সদস্যকেন্দ্রিক করার নির্দেশনা দেন তিনি।

ব্যাংকের আধুনিকায়ন ও স্বচ্ছতা নিশ্চিত করতে ডিজিটাল রূপান্তরকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানান মহাপরিচালক। তিনি বলেন, ‘কোর ব্যাংকিং সিস্টেমের (সিবিএস) ৬০ শতাংশের বেশি কাজ ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। আগামী ২০২৭ সালের মার্চের মধ্যে পূর্ণাঙ্গ সিবিএস চালুর লক্ষ্য রয়েছে।’

এ ব্যবস্থা চালু হলে অঙ্গীভূত ও ব্যাটালিয়ন আনসার সদস্যদের বেতন-ভাতা এবং বাংলা কিউআর পেমেন্ট নিজস্ব ব্যাংকের মাধ্যমে পরিচালিত হবে। এতে ব্যাংকের নিজস্ব সক্ষমতা বাড়ার পাশাপাশি সেবা কার্যক্রম আরও গতিশীল হবে বলে অনুষ্ঠানে জানানো হয়।

ব্যাংকের সুশাসন ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার বিষয়ে মহাপরিচালক বলেন, ‘এইচআর পলিসি সংস্কারের পাশাপাশি দীর্ঘদিনের অনিয়ম ও ভুয়া সনদধারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সংশ্লিষ্টদের পেনশন স্থগিত ও বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। ভবিষ্যতে পদোন্নতি ও প্রণোদনা দেওয়া হবে মেধা ও দক্ষতার ভিত্তিতে।’

সদস্যদের স্বাবলম্বী করতে ‘সঞ্জীবন’ প্রকল্পের আওতায় মাত্র ৮ শতাংশ সুদে দলগত ও উৎপাদনমুখী ঋণ দেওয়া হচ্ছে। এ প্রকল্পে এক লাখ সদস্যকে অন্তর্ভুক্ত করার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আগে ঋণসুবিধার বাইরে থাকা ব্যাটালিয়ন আনসার সদস্যদেরও পাইলটিংয়ের মাধ্যমে যুক্ত করা হয়েছে। ঋণের ঝুঁকি ব্যবস্থাপনায় ওয়েলফেয়ার ট্রাস্টের মাধ্যমে শেয়ার রিজার্ভের ব্যবস্থা রাখা হয়েছে।

মহাপরিচালক জানান, ডাটাবেজ ও ইআরপি নিবন্ধনের মাধ্যমে সদস্যদের জন্য ব্যাংক ও ওয়েলফেয়ার ট্রাস্টের সেবা সমন্বিত করা হয়েছে। এর আওতায় দক্ষতা উন্নয়ন, জাপানসহ বিদেশে নিরাপদ কর্মসংস্থান ও উচ্চশিক্ষার সুযোগ এবং চাকরিজীবীদের সর্বোচ্চ ৪০ লাখ টাকা পর্যন্ত ‘সমৃদ্ধি ঋণ’ দেওয়া হচ্ছে। রেমিট্যান্স ও কল্যাণমূলক কার্যক্রমের সমন্বয়ের মাধ্যমে সদস্যদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার উদ্যোগও রয়েছে।

সেবা মাসের উদ্বোধন উপলক্ষে সদস্যদের মধ্যে শেয়ার বণ্টন, কলেজ পর্যায়ে ভিডিপি প্রশিক্ষণ কার্যক্রমের আওতায় শেয়ার বিক্রয় কার্যক্রমের সনদ বিতরণ, সঞ্জীবন ঋণ বিতরণ এবং বৈদেশিক কর্মসংস্থান ঋণ কার্যক্রমের সূচনা করা হয়।

এ উপলক্ষে বরগুনার বেতাগীতে ‘বেতাগী সঞ্জীবন প্রকল্পের’ আওতায় ৩২ সদস্যের একটি দলকে আট লাখ টাকা এবং চুয়াডাঙ্গা আনসার ব্যাটালিয়নের ‘পরিবার স্বনির্ভর সঞ্জীবন প্রকল্পের’ আওতায় ৪১ সদস্যকে আট লাখ ২০ হাজার টাকা ঋণ দেওয়া হয়।

এ ছাড়া ময়মনসিংহের তারাকান্দার আনসার-ভিডিপির দক্ষতা উন্নয়ন প্রশিক্ষণপ্রাপ্ত সদস্য হোসনে মোকাম্মেল জিহাদকে জাপানে চাকরির সুযোগ কাজে লাগাতে তিন লাখ টাকা বৈদেশিক কর্মসহায়ক ঋণ দেওয়া হয়।

অনুষ্ঠানে বাহিনীর অতিরিক্ত মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মামুনূর রশীদ এবং আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মীর মোফাজ্জল হোসেনসহ বাহিনী ও ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগে প্যাকেজিং কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের
অর্থনীতি ও ব্যবসা

মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগে প্যাকেজিং কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) পোশাকশিল্পের বিভিন্ন ধরনের মোড়ক, লেবেল ও আনুষঙ্গিক পণ্য তৈরির কারখানা স্থাপন করবে দেশীয় প্রতিষ্ঠান ব্লু…

রাজস্ব ও ভর্তুকি সংস্কারে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে তোলা সম্ভব, বলছে বিশ্বব্যাংক
অর্থনীতি ও ব্যবসা

রাজস্ব ও ভর্তুকি সংস্কারে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে তোলা সম্ভব, বলছে বিশ্বব্যাংক

দেশের রাজস্ব আয় বাড়ানো, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং জ্বালানি খাতের ভর্তুকি ব্যবস্থায় সংস্কার করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছ…

প্রথমার সব বিক্রয়কেন্দ্র ও অনলাইন শপে মিলবে ডেলির স্টেশনারি পণ্য, এসিআই এডুলিঙ্কের সঙ্গে চুক্তি
অর্থনীতি ও ব্যবসা

প্রথমার সব বিক্রয়কেন্দ্র ও অনলাইন শপে মিলবে ডেলির স্টেশনারি পণ্য, এসিআই এডুলিঙ্কের সঙ্গে চুক্তি

বইয়ের পাশাপাশি মানসম্মত শিক্ষা উপকরণ ও স্টেশনারি পণ্য পাঠক, শিক্ষার্থী ও ক্রেতাদের কাছে সহজে পৌঁছে দিতে এসিআই এডুলিঙ্ক ও প্রথমা প্রকাশনের মধ্যে একটি …

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার দাবি আইবিসির, গ্রেপ্তার নেতাদের মুক্তিসহ পাঁচ দফা
অর্থনীতি ও ব্যবসা

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকার দাবি আইবিসির, গ্রেপ্তার নেতাদের মুক্তিসহ পাঁচ দফা

গার্মেন্টস শ্রমিকদের ন্যূনতম মজুরি ৩২ হাজার টাকা নির্ধারণ, গ্রেপ্তার হওয়া নিরপরাধ শ্রমিক নেতা ও শ্রমিকদের মুক্তি এবং পুলিশি হয়রানি বন্ধসহ পাঁচ দফা দ…