সিলেটে প্রথম বড় পরিসরে ম্যারাথন শুক্রবার, দৌড়াবেন দেশি-বিদেশি দেড় হাজারের বেশি

সিলেটে প্রথমবারের মতো বড় পরিসরে আয়োজন করা হচ্ছে ম্যারাথন। শুক্রবার (২০ নভেম্বর) সিলেট রানার্স ক্লাবের আয়োজনে হবে ‘সিলেট ম্যারাথন’। এতে দেশ-বিদেশের দেড় হাজারের বেশি দৌড়বিদ অংশ নেবেন। তাঁদের মধ্যে থাকবেন শতাধিক আন্তর্জাতিক দৌড়বিদ।
‘রান ফর আ বেটার টুমরো’ প্রতিপাদ্যে আয়োজিত এই প্রতিযোগিতায় থাকছে তিনটি বিভাগ—১০.৫ কিলোমিটারের মিনি ম্যারাথন, ২১.১ কিলোমিটারের হাফ ম্যারাথন ও ৪২.২ কিলোমিটারের ফুল ম্যারাথন।
সিলেট সার্কিট হাউস এলাকা থেকে শুরু হবে দৌড়। রাত ৩টা ৩০ মিনিটে শুরু হবে ফুল ম্যারাথন। এরপর ভোর ৫টা ১৫ মিনিটে একই স্থান থেকে শুরু হবে হাফ ও মিনি ম্যারাথন। প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন সিলেটের জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন।
হাফ ম্যারাথনের দৌড়বিদেরা সার্কিট হাউস থেকে যাত্রা শুরু করে শহরের বিভিন্ন সড়ক ঘুরে বিমানবন্দরের কাছের সালটিকর পয়েন্ট হয়ে আবার ফিরবেন শুরুর স্থানে। প্রতিযোগিতা শেষে সকাল ১০টায় লাক্কাতুরা চা-বাগানসংলগ্ন সিলেট সরকারি উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে হবে সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান। বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেবেন সিলেট সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী।
ম্যারাথন সামনে রেখে বৃহস্পতিবার আয়োজন করা হয় কিট এক্সপো। সেখানে অংশগ্রহণকারীদের জার্সি ও প্রয়োজনীয় সরঞ্জাম দেওয়া হয়। এবারের জার্সিতে স্থান পেয়েছে সিলেটের ঐতিহ্যের দুই পরিচিত নিদর্শন ক্বীন ব্রিজ ও আমজাদের ঘড়ি।
আয়োজকদের লক্ষ্য, এই ম্যারাথনের মাধ্যমে সিলেটের ক্রীড়া ও পর্যটন সম্ভাবনা দেশ-বিদেশে তুলে ধরা। পাশাপাশি সুস্থ ও সক্রিয় জীবনযাপনে মানুষকে উৎসাহিত করাও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। প্রতিটি বিভাগে সেরা দৌড়বিদদের জন্য থাকছে বিশেষ পুরস্কার।



