এলিভেটেড এক্সপ্রেসওয়ে: যানবাহন কম দেখিয়ে টোলের টাকা আত্মসাতের অভিযোগ, এসবির প্রতিবেদন সেতু বিভাগে
ঢাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ে দিয়ে চলাচলকারী যানবাহনের সংখ্যা প্রকৃত সংখ্যার চেয়ে কম দেখিয়ে টোলের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে বিদেশি বিনিয়োগকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে। অভিযোগে রাজস্ব ফাঁকির কথা বলা হয়েছে।
এসব অভিযোগের বিষয়ে ব্যবস্থা নিতে গত ৩ সেপ্টেম্বর সেতু বিভাগে প্রতিবেদন দিয়েছে পুলিশের বিশেষ শাখা (এসবি)। তবে প্রকল্প পরিচালনাকারী প্রতিষ্ঠান অভিযোগ অস্বীকার করেছে। সেতু বিভাগ জানিয়েছে, টোল আদায়ের স্বচ্ছতা নিশ্চিত করতে আলাদা পর্যবেক্ষণব্যবস্থা নেওয়া হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারি-বেসরকারি অংশীদারির (পিপিপি) ভিত্তিতে নির্মিত প্রকল্পটির চুক্তি অনুযায়ী, টানা ১৫ দিন দৈনিক যানবাহন চলাচল ৮০ হাজার ছাড়ালে অতিরিক্ত যানবাহনের টোল থেকে পাওয়া অর্থের ২৫ শতাংশ পাবে সরকার। আর দৈনিক গাড়ি চলাচল সাড়ে ১৩ হাজারের নিচে নামলে ভর্তুকি পাওয়ার কথা বিনিয়োগকারী প্রতিষ্ঠানের।
অভিযোগ উঠেছে, বর্তমানে প্রতিদিন এক লাখের বেশি যানবাহন চলাচল করলেও সরকারকে অতিরিক্ত টোলের রাজস্ব দেওয়া হচ্ছে না। বিনিয়োগকারী প্রতিষ্ঠানের হিসাবে দৈনিক গাড়ি চলাচল ৭০ থেকে ৭৫ হাজার। কিন্তু এসবি তদন্ত করে পেয়েছে, প্রতিদিন গাড়ি চলাচল করে প্রায় এক লাখেরও বেশি।
এসবি জানিয়েছে, যানবাহনের সংখ্যা ৮০ হাজারের নিচে দেখাতে কিছু গাড়ির টোল ম্যানুয়ালি আদায় করা হচ্ছে। এসব তথ্য কেন্দ্রীয় সফটওয়্যারে অন্তর্ভুক্ত করা হচ্ছে না।
ব্যস্ত সময়ে অনলাইন রসিদ ছাড়াই টোল আদায় এবং একই রসিদ একাধিক গাড়ির ক্ষেত্রে ব্যবহারের অভিযোগও রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


