ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে ভোর থেকে ঢাকায় বৃষ্টি, ভোগান্তিতে অফিসগামী ও শিক্ষার্থীরা
ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ভোর থেকে বৃষ্টি শুরু হয়। কখনো মুষলধারে, আবার কখনো গুঁড়িগুঁড়ি বৃষ্টি সকাল গড়িয়ে বিকেল পর্যন্ত চলে।
ভোর থেকে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়ে। বিশেষ করে স্কুল-কলেজের শিক্ষার্থী, অফিসগামী মানুষ ও নিম্ন আয়ের মানুষের ভোগান্তি ছিল অনেক বেশি।
সকাল থেকে বিকেল পর্যন্ত রাজধানীর কারওয়ান বাজার, পল্টন, গুলিস্তান, সেগুনবাগিচা ও মতিঝিল এলাকা ঘুরে দেখা যায়, বিভিন্ন সড়কে থেমে থেমে বৃষ্টি হয়েছে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির তীব্রতাও বাড়ে।
বৃষ্টি থেকে রক্ষা পেতে অনেককে ছাতা ও রেইনকোট ব্যবহার করতে দেখা যায়। আবার অনেকে বিভিন্ন দোকান ও প্রতিষ্ঠানের সামনে আশ্রয় নেন। গণপরিবহনের অপেক্ষায় থাকা যাত্রীদের দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকতে হয়েছে।
বৃষ্টির কারণে যানবাহন পেতে ভোগান্তিতে পড়েন অনেকে। কেউ কেউ বাধ্য হয়ে অতিরিক্ত ভাড়া দিয়ে রিকশায় গন্তব্যে পৌঁছেছেন। আবার বৃষ্টিতে ভিজেই হেঁটে চলাচল করতে দেখা গেছে অনেককেই।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। আগামী দুই দিন বৃষ্টির প্রবণতা বেশি থাকার সম্ভাবনা রয়েছে। এরপর ধীরে ধীরে বৃষ্টিপাতের প্রবণতা কমে আসতে পারে।


