…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › অর্থনীতি ও ব্যবসা › খবর
অর্থনীতি ও ব্যবসা

আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনার ঋণ পাবেন ঋণখেলাপিরাও, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক
আদালতের স্থগিতাদেশ থাকলে প্রণোদনার ঋণ পাবেন ঋণখেলাপিরাও, বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা
ছবি: সংগৃহীত

যেসব ঋণখেলাপির মামলায় আদালতের স্থগিতাদেশ আছে, তারাও এখন থেকে বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনা তহবিল থেকে ঋণসুবিধা পাবেন। কেন্দ্রীয় ব্যাংক বৃহস্পতিবার এ-সংক্রান্ত নির্দেশনা দিয়েছে।

বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ (বিআরপিডি) থেকে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে। প্রজ্ঞাপনটি দেশে কার্যরত সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে। এতে বলা হয়েছে, এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, কোনো খেলাপি ঋণগ্রহীতার দায়ের করা মামলা বা রিটের পরিপ্রেক্ষিতে খেলাপি ঋণের বিষয়ে আদালত স্থগিতাদেশ দিলে ওই ঋণগ্রহীতা বাংলাদেশ ব্যাংকের ঘোষিত প্রণোদনার আওতায় ঋণ পাওয়ার যোগ্য হিসেবে বিবেচিত হবেন।

কেন্দ্রীয় ব্যাংক বলেছে, অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধারে ঘোষিত ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিমের যথাযথ বাস্তবায়ন নিশ্চিত করতেই এই নির্দেশনা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, প্রত্যক্ষ ও পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টিসহ অর্থনৈতিক কর্মকাণ্ড পুনরুদ্ধার, শ্রমিক-কর্মচারীদের কাজে বহাল রাখা, উদ্যোক্তাদের প্রতিযোগিতার সক্ষমতা বজায় রাখা এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার উদ্দেশ্যে মোট ৬০ হাজার কোটি টাকার ১৫টি প্রণোদনা স্কিম বা কর্মসূচি চালু রয়েছে। এসব কর্মসূচির আওতায় শিল্প ও সেবা খাত, কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প (সিএমএসএমই) এবং কৃষিভিত্তিক খাতসহ কর্মসংস্থান সৃষ্টিকারী বিভিন্ন খাতে অর্থায়নের ব্যবস্থা রাখা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, নতুন নির্দেশনাটি আদালতের স্থগিতাদেশ-সংক্রান্ত ক্ষেত্রে প্রযোজ্য হলেও প্রণোদনা স্কিমের অন্যান্য শর্ত অপরিবর্তিত থাকবে।

প্রজ্ঞাপনের সঙ্গে সংযুক্ত তালিকায় ১৫টি প্রণোদনা স্কিমের বিবরণ দেওয়া হয়েছে। এর মধ্যে রয়েছে বন্ধ শিল্প ও সেবা খাত সহায়ক পুনঃঅর্থায়ন স্কিম, সিএমএসএমই খাতে চলতি মূলধন পুনঃঅর্থায়ন তহবিল এবং দেশের উত্তরবঙ্গে কৃষিভিত্তিক বিশেষ অর্থনৈতিক কেন্দ্র সৃষ্টির লক্ষ্যে তিন হাজার কোটি টাকার পুনঃঅর্থায়ন তহবিল।

এ ছাড়া তালিকায় রয়েছে দেশের খাদ্যনিরাপত্তা নিশ্চিত করতে কৃষি উৎপাদন বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে কৃষি ও পল্লি খাতের পুনঃঅর্থায়ন স্কিম, রপ্তানি বহুমুখীকরণ খাতে পুনঃঅর্থায়ন স্কিম এবং প্রিশিপমেন্ট ক্রেডিট খাতের পুনঃঅর্থায়ন স্কিম।

উদ্যোক্তা সৃষ্টি ও কর্মসংস্থানের জন্যও কয়েকটি বিশেষ স্কিম রয়েছে। এর মধ্যে কটেজ ও মাইক্রো খাতের উদ্যোক্তা সৃষ্টির বিশেষ স্কিম পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) মাধ্যমে বিতরণের ব্যবস্থা রাখা হয়েছে। বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে গঠিত প্রাক্-অর্থায়ন স্কিমের অর্থায়ন হবে প্রবাসীকল্যাণ ব্যাংকের মাধ্যমে। বেকার যুবকদের কর্মসংস্থান সৃষ্টির স্কিম কর্মসংস্থান ব্যাংকের মাধ্যমে এবং গ্রামীণ অর্থনৈতিক কর্মকাণ্ডে গতিশীলতা আনতে গঠিত স্কিম আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের মাধ্যমে বিতরণের ব্যবস্থা রয়েছে।

পাশাপাশি গ্রিন ফ্যাক্টরি বিল্ডিং ও গ্রিন ইন্ডাস্ট্রি খাতে পুনঃঅর্থায়ন স্কিম, সৃজনশীল অর্থনীতির জন্য বিশেষ স্কিম এবং স্টার্টআপ খাতে অর্থায়নের স্কিমও এই ১৫টি উদ্যোগের অন্তর্ভুক্ত। তালিকায় আরও রয়েছে চামড়া ও চামড়াজাত শিল্পের বিকাশ ও উন্নয়নের লক্ষ্যে প্রাক্-অর্থায়ন স্কিম এবং রপ্তানিমুখী হিমায়িত খাদ্য খাতে অর্থায়নের জন্য প্রাক্-অর্থায়ন তহবিল।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, এসব কর্মসূচির আওতায় অর্থায়ন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে আদালতের স্থগিতাদেশ পাওয়া ঋণগ্রহীতাদের যোগ্যতা নির্ধারণে নতুন নির্দেশনাটি অনুসরণ করতে হবে।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

অর্থনীতি ও ব্যবসা বিভাগের আরও খবর

মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগে প্যাকেজিং কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের
অর্থনীতি ও ব্যবসা

মোংলা ইপিজেডে ১০০ কোটি টাকার বেশি বিনিয়োগে প্যাকেজিং কারখানা, কর্মসংস্থান হবে ৪৫০ জনের

মোংলা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় (ইপিজেড) পোশাকশিল্পের বিভিন্ন ধরনের মোড়ক, লেবেল ও আনুষঙ্গিক পণ্য তৈরির কারখানা স্থাপন করবে দেশীয় প্রতিষ্ঠান ব্লু…

অর্থনীতি ও ব্যবসা

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংকে মাসব্যাপী সেবা মাস শুরু, সঞ্জীবন ঋণে এক লাখ সদস্যকে যুক্ত করার লক্ষ্য

আনসার-ভিডিপি উন্নয়ন ব্যাংককে আধুনিক ও সদস্যবান্ধব প্রতিষ্ঠানে রূপান্তর এবং বাহিনীর প্রায় ৬০ লাখ সদস্যের আর্থসামাজিক উন্নয়নে শুরু হয়েছে মাসব্যাপী ‘…

রাজস্ব ও ভর্তুকি সংস্কারে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে তোলা সম্ভব, বলছে বিশ্বব্যাংক
অর্থনীতি ও ব্যবসা

রাজস্ব ও ভর্তুকি সংস্কারে প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে তোলা সম্ভব, বলছে বিশ্বব্যাংক

দেশের রাজস্ব আয় বাড়ানো, সরকারি ব্যয়ের দক্ষতা নিশ্চিত করা এবং জ্বালানি খাতের ভর্তুকি ব্যবস্থায় সংস্কার করতে পারলে বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি বছ…

প্রথমার সব বিক্রয়কেন্দ্র ও অনলাইন শপে মিলবে ডেলির স্টেশনারি পণ্য, এসিআই এডুলিঙ্কের সঙ্গে চুক্তি
অর্থনীতি ও ব্যবসা

প্রথমার সব বিক্রয়কেন্দ্র ও অনলাইন শপে মিলবে ডেলির স্টেশনারি পণ্য, এসিআই এডুলিঙ্কের সঙ্গে চুক্তি

বইয়ের পাশাপাশি মানসম্মত শিক্ষা উপকরণ ও স্টেশনারি পণ্য পাঠক, শিক্ষার্থী ও ক্রেতাদের কাছে সহজে পৌঁছে দিতে এসিআই এডুলিঙ্ক ও প্রথমা প্রকাশনের মধ্যে একটি …