গুলিস্তানে পুলিশ ভলিবলের ফাইনালে আইজিপি: গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না, পুরুষে ডিএমপি ও নারীতে এপিবিএন চ্যাম্পিয়ন
বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির বলেছেন, পুলিশ দেশের প্রচলিত আইন ও বিধিবিধান অনুযায়ী পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করছে। কেউ যেন কোনো ধরনের ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত না হন, সে আহ্বান জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সন্ধ্যায় রাজধানীর গুলিস্তানে শহিদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামে বাংলাদেশ পুলিশ ভলিবল চ্যাম্পিয়নশিপ-২০২৬-এর চূড়ান্ত প্রতিযোগিতার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আইজিপি এসব কথা বলেন।
তিনি বলেন, বর্তমান প্রধানমন্ত্রী খেলাধুলাকে শুধু বিনোদন নয়, পেশা হিসেবে গ্রহণেরও উদ্যোগ নিয়েছেন। মাদকমুক্ত সমাজ গড়তে খেলাধুলা একটি ভালো মাধ্যম বলেও তিনি মন্তব্য করেন।
আইজিপি জানান, দেশের বিভিন্ন স্থান থেকে তরুণ খেলোয়াড় বাছাইয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত অনুশীলনের মাধ্যমে আরও ভালো করার জন্য তিনি পুলিশের সব ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়দের প্রতি আহ্বান জানান।
চ্যাম্পিয়নশিপের পুরুষ বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি); তারা ফাইনালে ঢাকা রেঞ্জকে হারিয়েছে। নারী বিভাগে এপিবিএন দল সিএমপি দলকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। পুরুষ বিভাগে সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন ডিএমপির মিলন এবং নারী বিভাগে এপিবিএনের কেয়া।
অনুষ্ঠানে আইজিপি চ্যাম্পিয়ন ও রানারআপ দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন। পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) অতিরিক্ত আইজি ও বাংলাদেশ পুলিশ ভলিবল ক্লাবের সভাপতি মো. মোস্তফা কামালের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে অতিরিক্ত আইজিরা, ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা, ক্লাবের কর্মকর্তা ও খেলোয়াড়রা উপস্থিত ছিলেন। গত ৪ নভেম্বর শুরু হওয়া এই চ্যাম্পিয়নশিপে পুরুষ বিভাগে ১৩টি ও নারী বিভাগে ৬টি দল অংশ নেয়।



