লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুলিশি নিরাপত্তায় খরচ হতে পারে ৪০০ কোটি ডলার পর্যন্ত: পুলিশপ্রধান ম্যাকডোনেল

২০২৮ সালের লস অ্যাঞ্জেলেস অলিম্পিকের পুলিশি নিরাপত্তায় খরচ হতে পারে ৪০০ কোটি ডলার পর্যন্ত, যা ইতিমধ্যে অনুমোদিত ফেডারেল অর্থায়নের চার গুণ — এমনটাই বলেছেন শহরটির পুলিশপ্রধান জিম ম্যাকডোনেল।
ম্যাকডোনেল বুধবার লস অ্যাঞ্জেলেস টাইমসকে বলেছেন, অলিম্পিকের সব ভেন্যুজুড়ে নিরাপত্তায় ৩৫০ কোটি থেকে ৪০০ কোটি ডলার লাগতে পারে, যার মধ্যে শুধু লস অ্যাঞ্জেলেসের জন্যই লাগবে প্রায় ১৩০ কোটি ডলার।
‘১০০ কোটি ডলার অবশ্যই সহায়ক,’ পত্রিকাটিকে বলেছেন ম্যাকডোনেল, তবে সতর্ক করে বলেছেন, ওই বরাদ্দ গেমস চলাকালে শহরের পুলিশি চাহিদাও মেটাতে পারবে না।
হাউস হোমল্যান্ড সিকিউরিটি কমিটির তথ্য অনুযায়ী, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ‘ওয়ান বিগ বিউটিফুল বিল’ আইনের মাধ্যমে কংগ্রেস অলিম্পিকের নিরাপত্তা, পরিকল্পনা ও সংশ্লিষ্ট খরচের জন্য ১০০ কোটি ডলার দিয়েছে।
জনবলের চাহিদাও বিশাল। ম্যাকডোনেল টাইমসকে বলেছেন, সবচেয়ে ব্যস্ত সময়ে প্রতিযোগিতার ভেন্যুগুলোতে প্রতিদিন ৯ হাজার ৪০০ কর্মকর্তা লাগবে; এর মধ্যে এলএপিডি জোগান দেবে মোটামুটি এক-চতুর্থাংশ থেকে এক-তৃতীয়াংশ, বাকিটা দেবে বাইরের সংস্থাগুলো।
এলএপিডির এক মুখপাত্র পত্রিকাটিকে বলেছেন, নিরাপত্তা সমন্বয়ে যুক্ত অন্য আইন প্রয়োগকারী নেতাদের সঙ্গে আলোচনা থেকেই ম্যাকডোনেল এই হিসাব পেয়েছেন।
অলিম্পিক ও প্যারালিম্পিকের নিরাপত্তা পরিকল্পনার নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের সিক্রেট সার্ভিস। দুটি আয়োজনকেই ‘জাতীয় বিশেষ নিরাপত্তা ইভেন্ট’ হিসেবে ঘোষণা করা হয়েছে, যে মর্যাদা ফেডারেল, রাজ্য ও স্থানীয় সংস্থাগুলোকে একসঙ্গে নিরাপত্তা কার্যক্রম সাজাতে ও বাস্তবায়ন করতে বাধ্য করে।
ট্রাম্প ২০২৫ সালের আগস্টে প্রস্তুতির সমন্বয়ে হোয়াইট হাউসে একটি টাস্ক ফোর্সও গঠন করেছিলেন, যার আওতায় নিরাপত্তা, পরিবহন, সন্ত্রাসবাদ প্রতিরোধ ও জরুরি সাড়া পড়ে। টাস্ক ফোর্সের সভাপতি প্রেসিডেন্ট নিজে, সহসভাপতি ভাইস প্রেসিডেন্ট।
অলিম্পিকের উদ্বোধনী অনুষ্ঠান নির্ধারিত রয়েছে ২০২৮ সালের ১৪ জুলাই।




