ট্রাম্পকে 'মানসিকভাবে অসুস্থ' বললেন খ্যাতনামা ক্রীড়া ধারাভাষ্যকার বব কস্টাস

যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের ক্রীড়া ধারাভাষ্যকার বব কস্টাস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে 'সোসিওপ্যাথ' বা মানসিকভাবে অসুস্থ বলে আখ্যা দিয়েছেন। এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, ট্রাম্প বুদ্ধিবৃত্তিক, মেজাজগত ও নৈতিক — সব দিক থেকেই জনগণের আস্থার কোনো পদে থাকার জন্য 'ভয়াবহভাবে অযোগ্য'।
কেটি কুরিকের অনুষ্ঠান 'নেক্সট কোয়েশ্চন উইথ কেটি কুরিক'-এ হাজির হয়ে ৭৪ বছর বয়সী কস্টাস এই মন্তব্য করেন। তিনি তাঁর সমালোচনার সূত্র টানেন বেসবল কিংবদন্তি স্ট্যান মিউসিয়ালের সঙ্গে, যাঁর প্রশস্তিগাথা তিনি ২০১৩ সালে লিখেছিলেন। মিউসিয়াল পরিচিত ছিলেন তাঁর ভদ্রতা, দয়া ও খেলোয়াড়সুলভ আচরণের জন্য।
কস্টাস বলেন, 'মিউসিয়ালের প্রশস্তি লিখতে গিয়ে যে মর্যাদাবোধ আমাকে প্রেরণা দিয়েছিল, সেই মর্যাদাবোধ থাকলে ডোনাল্ড ট্রাম্পের মতো কারও প্রতি বিরক্ত না হয়ে পারা যায় না — তিনি স্পষ্টতই বুদ্ধিবৃত্তিকভাবে, মেজাজগতভাবে এবং নৈতিকভাবে জনগণের আস্থার যেকোনো পদের জন্য ভয়াবহভাবে অযোগ্য।'
তাঁর সমালোচনা এখানেই থামেনি। কস্টাস বলেন, তিনি শুরু থেকেই বুঝেছিলেন ট্রাম্প পদের জন্য অযোগ্য, এবং প্রতিটি দিনই তার প্রমাণ দিচ্ছে। তাঁর ভাষায়, ট্রাম্পের প্রশাসন 'নির্লজ্জভাবে, প্রায় কার্টুনের মতো করে দুর্নীতিগ্রস্ত'।
কস্টাস একটি তুলনাও টানেন প্রতিবেশীর সঙ্গে। তিনি বলেন, ট্রাম্প প্রতিদিন যেসব পোস্ট দেন ও যেসব কথা বলেন, তা যদি তাঁর পাশের বাড়ির প্রতিবেশী করতেন, তাহলে মানুষ দেয়াল তুলে দিত — কারণ সেই মানুষটিকে অস্থিরমতি বলেই মনে হতো। 'এসব তো স্পষ্ট। স্পষ্ট!' বলেন তিনি।
কাল্পনিক চরিত্র রিপ ভ্যান উইঙ্কলের প্রসঙ্গ টেনে কস্টাস বলেন, ঘুম থেকে জেগে উঠে সেই চরিত্র ট্রাম্পের আচরণ দেখে অবিশ্বাস করত। তিনি কাল্পনিক সংলাপের ঢঙে বলেন, সেই চরিত্র হয়তো বলত, 'বব বেশ বাড়াবাড়ি করছে, এটা সত্যি হতে পারে না — যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট সোসিওপ্যাথ হতে পারেন না।' জবাবে কস্টাস বলেন, 'হ্যাঁ, তিনি তাই। আমি যা যা বললাম, সবই সত্যি।'
ট্রাম্পের বিরুদ্ধে কস্টাসের এমন আক্রমণ এটাই প্রথম নয়। ২০২৪ সালে সিএনএনের এক অনুষ্ঠানে তিনি ট্রাম্পকে 'ঘৃণ্য' বলেছিলেন এবং তাঁর সমর্থকদের একটি 'বিষাক্ত গোষ্ঠী'র অংশ বলে মন্তব্য করেছিলেন।



