নিউইয়র্ক টাইমস ও পেঙ্গুইনের বিরুদ্ধে ট্রাম্পের মানহানি মামলা এগোতে পারবে, রায় ফ্লোরিডার ফেডারেল বিচারকের
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নিউইয়র্ক টাইমস ও বই প্রকাশক পেঙ্গুইন র্যান্ডম হাউসের বিরুদ্ধে করা মানহানি মামলা এগিয়ে যেতে পারবে বলে রায় দিয়েছেন এক ফেডারেল বিচারক। যেসব সংবাদমাধ্যম তাঁর সঙ্গে অন্যায় আচরণ করেছে বলে ট্রাম্প অভিযোগ করে আসছেন, তাদের বিরুদ্ধে তাঁর আইনি লড়াইয়ে এই রায়কে তাঁর জন্য একটি জয় হিসেবে দেখা হচ্ছে।
যুক্তরাষ্ট্রের জেলা বিচারক স্টিভেন মেরিডে বৃহস্পতিবার ফ্লোরিডার টাম্পার ফেডারেল আদালতে এই রায় দেন। তিনি সাবেক প্রেসিডেন্ট জর্জ এইচ ডব্লিউ বুশের নিয়োগ দেওয়া বিচারক।
মামলাটিতে নিউইয়র্ক টাইমসের দুই সাংবাদিকের লেখা ট্রাম্পকে নিয়ে একটি বই এবং কয়েকটি প্রতিবেদনের কথা উল্লেখ করা হয়েছে। ট্রাম্পের অভিযোগ, সেসব লেখা ছিল মিথ্যা, বিদ্বেষপূর্ণ, মানহানিকর ও অসম্মানজনক এবং তাঁর ২০২৪ সালের প্রেসিডেন্ট নির্বাচনে জেতার সম্ভাবনা নষ্ট করতেই লেখা হয়েছিল; সেই নির্বাচনে তিনি জয়ী হন।
বিচারক মেরিডে ট্রাম্পের দুটি দাবি খারিজ করে দিয়েছেন, তবে বলেছেন, অভিযোগের বাকি অংশ যুক্তিসংগতভাবে দেখিয়েছে যে ট্রাম্পের বিরুদ্ধে জটিল অপরাধের পরিকল্পনা ও সংঘটনের অভিযোগ তোলা বক্তব্যগুলো অসম্পূর্ণ ও ন্যূনতম তথ্যের ভিত্তিতে করা হয়েছিল।
মামলাটির বিষয় দুটি প্রতিবেদন ও একটি বই, যেগুলোতে রিয়েল এস্টেট ও বিনোদন জগতে উঠে আসা বিচক্ষণ ব্যবসায়ী হিসেবে ট্রাম্পের পরিচিত গল্প নিয়ে সন্দেহ তোলা হয়েছিল।
টাইমসের সাংবাদিক পিটার বেকারের লেখা ‘ফর ট্রাম্প, আ লাইফটাইম অব স্ক্যান্ডালস হেডস টুওয়ার্ড আ মোমেন্ট অব জাজমেন্ট’ বই থেকে ২২টি বক্তব্য এবং সুজান ক্রেইগ ও রাস বুটনারের প্রতিবেদনগুলো থেকে ১২টি বক্তব্য ট্রাম্প উদ্ধৃত করেছেন। সেগুলোর মধ্যে রয়েছে তাঁর জনপ্রিয় রিয়েলিটি টিভি শো ‘দি অ্যাপ্রেন্টিস’ তৈরিতে তাঁর ভূমিকা, বাবার কাছ থেকে পাওয়া উত্তরাধিকার, তাঁর ব্যবসায়িক উদ্যোগ এবং নিউইয়র্ক সিটিতে বেড়ে ওঠা নিয়ে করা মন্তব্য।
নিউইয়র্ক টাইমস ও পেঙ্গুইন মানহানির অভিযোগ অস্বীকার করেছে। আদালতে জমা দেওয়া নথিতে তারা বলেছে, ট্রাম্পের মামলা আইনগতভাবে ত্রুটিপূর্ণ এবং রাজনৈতিক পয়েন্ট তোলার উদ্দেশ্যেই করা। মামলা খারিজের আবেদনে তারা বলেছে, বক্তব্যগুলো কীভাবে মানহানিকর তা ট্রাম্প ব্যাখ্যা করতে পারেননি এবং সেগুলোর মধ্যে এমন মতামতও আছে যা সত্য বা মিথ্যা প্রমাণ করা যায় না।
নিউইয়র্ক টাইমস, পেঙ্গুইন র্যান্ডম হাউস এবং ট্রাম্পের ব্যক্তিগত আইনজীবীদের প্রতিনিধিরা মন্তব্যের অনুরোধে তাৎক্ষণিকভাবে সাড়া দেননি।
ট্রাম্প ২০২৪ সাল থেকে সংবাদমাধ্যমগুলোর বিরুদ্ধে একাধিক মামলা করেছেন, যেখানে তিনি অভিযোগ করেছেন প্রতিষ্ঠানগুলো তাঁকে মানহানি করেছে কিংবা মিথ্যা প্রচারণা দিয়ে জনগণকে প্রতারণামূলকভাবে বিভ্রান্ত করেছে। তাঁর সমালোচকেরা এসব মামলাকে মুক্ত সংবাদমাধ্যমের ওপর আক্রমণ বলে নিন্দা করেছেন।
এই রায় এল এমন সময়ে, যখন কয়েক দিন আগেই আরেক বিচারক বিবিসির বিরুদ্ধে ট্রাম্পের ১ হাজার কোটি ডলারের মানহানি মামলা এগিয়ে যাওয়ার অনুমতি দিয়েছেন। সেই মামলার অভিযোগ, ব্রিটিশ সম্প্রচারমাধ্যমটি ২০২১ সালের ৬ জানুয়ারির ক্যাপিটল হিল দাঙ্গা নিয়ে একটি প্রামাণ্যচিত্রে প্রতারণামূলক সম্পাদনা করে ট্রাম্পের সুনাম ক্ষুণ্ন করেছে।
গত বছর আবার দায়িত্বে ফেরার পর থেকে ট্রাম্প সংবাদমাধ্যম ও তাঁর অপছন্দের প্রচারণার ওপর বৃহত্তর চাপের অভিযান চালিয়ে যাচ্ছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের বিরুদ্ধে তাঁর ১ হাজার কোটি ডলারের মামলা খারিজ হয়ে যাওয়ার পর মে মাসে তিনি তা আবার দায়ের করেন। সেপ্টেম্বরে তিনি সিএনএন, এমএস নাউ ও পলিটিকোকে হোয়াইট হাউস ও এর প্রেস পুল থেকে নিষিদ্ধ করতে এগিয়েছিলেন, তবে পরে এক ফেডারেল বিচারক সেই সর্বাত্মক নিষেধাজ্ঞা আটকে দেন।
রিপোর্টার্স উইদাউট বর্ডার্সের (আরএসএফ) বার্ষিক সংবাদমাধ্যম স্বাধীনতা সূচকে যুক্তরাষ্ট্র ঐতিহাসিক সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে বলে সংস্থাটি এ বছরের শুরুতে বার্ষিক প্রতিবেদনে জানিয়েছে। ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের প্রথম বছরে দেশটি ‘সমস্যাজনক’ শ্রেণিতেই থাকলেও বিশ্বে ৫৭তম অবস্থান থেকে সাত ধাপ নেমে ৬৪তম হয়েছে। সংস্থাটির উত্তর আমেরিকা কার্যালয়ের নির্বাহী পরিচালক ক্লেটন ওয়েইমার্স তখন এক বিবৃতিতে বলেছিলেন, যুক্তরাষ্ট্র সংবাদমাধ্যমের স্বাধীনতার সংকটের মধ্য দিয়ে যাচ্ছে।



