যুক্তরাষ্ট্রে ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের পণ্য লুট: ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ

যুক্তরাষ্ট্রে চলন্ত ট্রেন থামিয়ে ২ কোটি ২০ লাখ ডলারের বেশি মূল্যের পণ্য লুটের অভিযোগে ১৩ জনের বেশি ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এক ফেডারেল অভিযোগপত্রে বলা হয়েছে, সংঘবদ্ধ এই দলটি নাইকির জুতা, ক্রকসের পাদুকা, বৈদ্যুতিক সরঞ্জামসহ নানা ভোগ্যপণ্য বহনকারী ট্রেনগুলোকে লক্ষ্য করেছিল।
অভিযোগপত্র অনুযায়ী, দলটি তিন ডজনের বেশি ট্রেনে হামলা চালিয়েছে। এসব ট্রেনে বড় খুচরা বিক্রেতা প্রতিষ্ঠানগুলোর জন্য আমদানি করা পণ্য ছিল, যেগুলো যুক্তরাষ্ট্রে ঢুকেছিল লস অ্যাঞ্জেলেস ও লং বিচ বন্দর দিয়ে। এই দুটি বন্দর দেশটির সবচেয়ে ব্যস্ত বন্দর হিসেবে পরিচিত।
অভিযোগে বলা হয়েছে, পরিকল্পিত একটি জায়গায় ট্রেন থামাতে দলটির সদস্যরা ট্রেনের ব্রেক ভেঙে ফেলতেন। ট্রেন থেমে গেলে পণ্য নামিয়ে ট্রাকে তোলা হতো। পরে চোরাই পণ্য একটি নামহীন কোম্পানির কাছে বেচে দেওয়া হতো, যারা মুনাফায় সেগুলো আবার বিক্রি করত।
সাম্প্রতিক বছরগুলোতে দেশজুড়ে দোকান ও ক্রেতাদের কাছে পণ্য পৌঁছে দেওয়া ট্রেনগুলো বড় আকারের চুরির প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে বলে প্রতিবেদনে বলা হয়েছে। বিশেষ করে বড় বন্দরগুলোতে প্রতিদিন শত শত কোটি ডলারের চালান আসায় তুলনামূলক সহজ কৌশলের এই ডাকাতিগুলো অ্যামাজনের মতো বিশ্বের বড় খুচরা প্রতিষ্ঠানগুলোরও নজর কেড়েছে।
প্রথম সহকারী মার্কিন অ্যাটর্নি বিল এসায়লি বলেছেন, ‘চুরির পরিমাণ বিস্ময়কর।’ ভবিষ্যতে এ ধরনের পণ্য চুরির যেকোনো চেষ্টার বিচার করার প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি।
অভিযোগপত্রে আরও বলা হয়েছে, গ্রুপ চ্যাটে দলটির সদস্যরা বিশাল ট্রেনের বগি ভেঙে ঢোকার এবং নগদ অর্থের বান্ডিল ও চোরাই পণ্য নিয়ে পোজ দেওয়ার অসংখ্য ছবি ও ভিডিও নিজেদের মধ্যে ভাগাভাগি করেছেন। তাঁরা নিজেদের কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো ছবিও পাঠিয়েছেন, যেখানে ‘লস ত্রেনেস’ লেখা ছিল; স্প্যানিশ ভাষায় এর অর্থ ‘ট্রেনগুলো’। সেসব ছবিতে পুলিশের হেলিকপ্টার নামার মধ্যে ট্রেন থেকে জুতার বাক্স পাশের গাড়িতে ছুড়ে ফেলার দৃশ্য দেখানো হয়েছে।
১৩ জনের বিরুদ্ধে ষড়যন্ত্র এবং আন্তঃরাজ্য রেলপথের পণ্য চুরির অভিযোগ আনা হয়েছে। তাঁদের মধ্যে দুজনের বিরুদ্ধে রেলপথ পরিবহনকারীদের বিরুদ্ধে সহিংসতার অভিযোগও রয়েছে।
দোষী সাব্যস্ত হলে অভিযুক্তদের পাঁচ থেকে ২০ বছর পর্যন্ত ফেডারেল কারাদণ্ড হতে পারে বলে অভিযোগপত্রে উল্লেখ করা হয়েছে।



