চাঁপাইনবাবগঞ্জে ভুয়া দলিলে ১৭ বছর ধরে দখলে ছয় একরের চারটি সরকারি খাস পুকুর, একটি ভরাট করে ধান চাষ
চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর ইউনিয়নের ভাগলপুর মৌজায় ভুয়া দলিল তৈরি করে এবং সরকারি আইনজীবীকে ম্যানেজ করে প্রায় ছয় একরের চারটি সরকারি খাস পুকুর দীর্ঘ ১৭ বছর ধরে দখল করে রাখার অভিযোগ উঠেছে স্থানীয় আব্দুল হাকিমের বিরুদ্ধে।
ওই জলমহালগুলো কেবল সরকারি রাজস্বের গুরুত্বপূর্ণ উৎসই ছিল না, বরং স্থানীয় প্রান্তিক ও প্রকৃত মৎস্যজীবীদের জীবন-জীবিকার প্রধান অবলম্বন ছিল। ‘জাল যার জলা তার’ — রাষ্ট্রের এই ঘোষিত নীতির বিপরীতে জাল কাগজপত্রের মাধ্যমে এবং আইনি প্রক্রিয়ার দীর্ঘসূত্রতাকে পুঁজি করে বছরের পর বছর এসব জলমহাল ভোগদখল করা হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে।
আরও উদ্বেগজনক বিষয় হলো, দখলকৃত একটি পুকুর মাটি দিয়ে ভরাট করে জমির শ্রেণি পরিবর্তন করা হয়েছে এবং সেখানে ধান চাষ করা হচ্ছে। এটিকে প্রচলিত পরিবেশ ও জলাধার সংরক্ষণ আইনের সরাসরি লঙ্ঘন হিসেবে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, এই দীর্ঘমেয়াদি দখলের পেছনে বড় শক্তি হিসেবে কাজ করেছে রাষ্ট্রপক্ষের আইনজীবীর রহস্যজনক নিষ্ক্রিয়তা ও যোগসাজশ। রাজশাহী সদর সাব-রেজিস্ট্রি অফিসের প্রত্যয়ন অনুযায়ী, ১৯৫২ সালের নিবন্ধনে যে দলিলের কোনো অস্তিত্বই নেই, সেই অস্তিত্বহীন ও ভুয়া দলিলের ওপর ভিত্তি করে দায়ের করা মামলাটি বছরের পর বছর ঝুলিয়ে রাখা হয়েছে।
দখলকারীর নিজের স্বীকারোক্তি এবং সরকারি কৌঁসুলির সহকারীর বক্তব্য থেকে স্পষ্ট হয়েছে বলে অভিযোগে বলা হয়েছে যে, মামলার লিখিত জবাব দাখিলে ইচ্ছাকৃতভাবে সময়ক্ষেপণ ও অনৈতিক আর্থিক লেনদেনের মাধ্যমে রাষ্ট্রপক্ষের স্বার্থ ক্ষুণ্ন করা হয়েছে।
‘সরকারি জলমহাল আইন, ২০২৬ (খসড়া)’-এ অবৈধভাবে জলমহাল দখল, জলাশয় ভরাট করে শ্রেণি পরিবর্তন এবং এ কাজে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে সহায়তাকারীদের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা ও জরিমানার বিধান রাখা হয়েছে। প্রস্তাবিত এই আইনের আলোকে কেবল অবৈধ দখলকারীকে উচ্ছেদই যথেষ্ট নয়; ভুয়া দলিল তৈরি, জলাশয় ভরাট করে জমির প্রকৃতি পরিবর্তন এবং রাষ্ট্রীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে সংশ্লিষ্ট সরকারি কৌঁসুলির বিরুদ্ধেও দৃষ্টান্তমূলক ফৌজদারি ব্যবস্থা নেওয়া জরুরি বলে মত দেওয়া হয়েছে।
আইন মন্ত্রণালয় ও দুর্নীতি দমন কমিশনের উচিত পুরো প্রক্রিয়ার নিরপেক্ষ তদন্ত করে সংশ্লিষ্ট সরকারি আইনজীবীর অপসারণ ও শাস্তি নিশ্চিত করা — এমন দাবিও তোলা হয়েছে।
উপজেলা প্রশাসন ইতিমধ্যে পুকুরগুলোর মূল ও আসল দলিল সংগ্রহ করতে সক্ষম হয়েছে বলে জানানো হয়েছে। ফলে এখন উচ্চ আদালতে আসল নথিপত্র ও সাব-রেজিস্ট্রি অফিসের প্রত্যয়নপত্র উপস্থাপন করে স্থগিতাদেশ প্রত্যাহার এবং মামলাটি দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার কথা বলা হয়েছে।
একই সঙ্গে জালিয়াতি ও দুর্নীতির এই চক্র ভেঙে দিয়ে জলমহালগুলো পুনরুদ্ধার করে প্রকৃত মৎস্যজীবী সমবায় সমিতির কাছে ইজারা ফিরিয়ে দেওয়ার ব্যবস্থা নিশ্চিত করার দাবি জানানো হয়েছে, যাতে সরকারি রাজস্ব ও মৎস্যজীবীদের জীবিকা দুটোই ফিরে আসে।



