…English
বড়লেখা টুডে লোগো
সব বড় ঘটনার খবর — নিজের ভাষায়, প্রতি ঘণ্টায়
প্রচ্ছদ › জাতীয় › খবর
জাতীয়

জামালপুরের টিউবওয়েলপাড় মোড়ের এক বকুলগাছে দেড় বছর ধরে রাত কাটায় শত শত চড়ুই

নিজস্ব প্রতিবেদক
জামালপুরের টিউবওয়েলপাড় মোড়ের এক বকুলগাছে দেড় বছর ধরে রাত কাটায় শত শত চড়ুই
ছবি: সংগৃহীত

জামালপুর শহরের টিউবওয়েলপাড় মোড়ে জামালপুর–টাঙ্গাইল মহাসড়কের পাশে দাঁড়িয়ে থাকা ছোট্ট একটি বকুলগাছ এখন শত শত চড়ুই পাখির রাতযাপনের ঠিকানা। গাছটির ডালপালা খুব বিস্তৃত নয়, দিনের বেলায় সেটিকে সাধারণ গাছের মতোই মনে হয়। কিন্তু সন্ধ্যা নামলেই বদলে যায় দৃশ্যপট—চারপাশ থেকে ঝাঁকে ঝাঁকে উড়ে এসে পাখিগুলো গাছের ডালে ডালে আশ্রয় নেয়, আর তাদের কিচিরমিচিরে মুখর হয়ে ওঠে পুরো এলাকা।

প্রতিদিন সন্ধ্যায় পাখিদের এই ফিরে আসার দৃশ্য দেখতে থমকে দাঁড়ান পথচারীরা। কেউ মুগ্ধ হয়ে দৃশ্যটি দেখেন, কেউ মুঠোফোনে ধারণ করেন এই সমাগম। ব্যস্ত সড়কে যানবাহনের শব্দ ছাপিয়ে ভেসে আসে পাখিদের কলকাকলি।

গত শুক্রবার বিকেলে সেখানে গিয়ে দেখা যায়, তিনটি সড়কের সংযোগস্থল মোড়টি বেশ ব্যস্ত। ইজিবাইক, সিএনজিচালিত অটোরিকশা, মোটরসাইকেল, বাস ও ট্রাক চলছে সারি সারি। সড়কের দুই পাশে টিনের চালার দোকানপাট। হর্ন আর মানুষের কোলাহলের মধ্যেই গোলচত্বরে দাঁড়িয়ে আছে বকুলগাছটি।

সন্ধ্যায় আলো কমে আসতেই গাছের আশপাশে বাড়তে থাকে চড়ুইয়ের আনাগোনা। প্রথমে কয়েকটি পাখি গাছের কাছে টানানো বিদ্যুতের তারে বসে। কিছুক্ষণের মধ্যে সেই সারি দীর্ঘ হয়। এরপর পাখিগুলো দল বেঁধে নেমে আসে গাছের ঘন ডালপালায়। দেখতে দেখতে পাতার ফাঁকে জায়গা করে নেয় অসংখ্য চড়ুই। নিচে যানবাহনের বিরামহীন চলাচল, ওপরে পাখিদের নিরাপদ আশ্রয়।

স্থানীয় বাসিন্দারা জানান, প্রায় দেড় বছর ধরে এই গাছটি চড়ুইয়ের নিরাপদ আশ্রয়স্থল। ভোর হলেই খাবারের সন্ধানে পাখিগুলো ছড়িয়ে পড়ে দূরদূরান্তে। সারা দিন ঘুরে শেষ বিকেলে আবার ফিরে আসে গাছে।

গত শুক্রবার বিকেলে টিউবওয়েলপাড় মোড়ে ট্রাফিক পুলিশের পাশাপাশি দায়িত্ব পালন করছিলেন জামালপুর সদর থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক। তিনি বলেন, ‘প্রতিদিন এই ছোট্ট গাছে হাজারো পাখির সমাগম ঘটে। দূরদূরান্ত থেকেও মানুষ দেখতে আসেন। কাজের ব্যস্ততার ফাঁকে পাখিদের এই দৃশ্য দেখতে আমারও ভালো লাগে।’

টিউবওয়েলপাড় এলাকার বাসিন্দা কামাল শেখ বলেন, ‘বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার দিকে পাখিগুলো দল বেঁধে ফিরে আসতে শুরু করে। আমরা মহল্লার লোকজন প্রতিদিন তাদের আসা–যাওয়া দেখি। পাখিগুলো এখন আমাদের এলাকার সৌন্দর্যের অংশ। আমরা চাই, তারা এভাবেই নিরাপদে থাকুক।’

পাখিদের এভাবে দল বেঁধে রাতযাপনের পেছনে প্রাকৃতিক কারণ রয়েছে। প্রাণিবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ‘কমিউনাল রুস্টিং’। অর্থাৎ একই প্রজাতির অনেক পাখি নির্দিষ্ট একটি স্থানে একসঙ্গে রাত কাটায় বা বিশ্রাম নেয়।

জামালপুর সরকারি আশেক মাহমুদ কলেজের প্রাণিবিদ্যা বিভাগের সহকারী অধ্যাপক জুয়েল আহমেদ বলেন, ছোট ও ঝোপালো এই গাছে বিপুলসংখ্যক চড়ুইয়ের একসঙ্গে অবস্থান কমিউনাল রুস্টিংয়ের উদাহরণ। দলবদ্ধভাবে থাকলে পাখিরা শরীরের তাপ ধরে রাখতে পারে। বিশেষ করে শীত ও কুয়াশায় এটি তাদের টিকে থাকতে সহায়তা করে। কোনো পাখি বিপদের সংকেত পেলে অন্যরাও দ্রুত সতর্ক হতে পারে। এতে শিকারি প্রাণীর আক্রমণ থেকে রক্ষা পাওয়ার সুযোগ বাড়ে। পাশাপাশি দলবদ্ধ অবস্থানে পাখিদের সামাজিক যোগাযোগও বজায় থাকে।

জুয়েল আহমেদের মতে, পাখির নিরাপদ আবাসস্থল কমছে। শুধু পাখি শিকার বন্ধ করলেই হবে না, তাদের বসবাস ও বিচরণের উপযোগী পরিবেশও নিশ্চিত করতে হবে। পর্যাপ্ত গাছ লাগানো, জলাভূমি ও প্রাকৃতিক আবাসস্থল সংরক্ষণ এবং ধানখেতসহ খাদ্য সংগ্রহের জায়গাগুলো রক্ষা করা জরুরি। এসব উদ্যোগ নেওয়া গেলে পাখিদের নিরাপদ আবাসস্থল ফিরিয়ে আনার পাশাপাশি জীববৈচিত্র্য সংরক্ষণও সম্ভব হবে।

সূর্য ডোবার পর বকুলগাছটি ঘিরে তৈরি হয় অন্যরকম এক দৃশ্য। ঝাঁকে ঝাঁকে উড়ে আসে চড়ুইয়ের দল, ডানা ঝাপটে আশ্রয় নেয় বকুলগাছের পাতার আড়ালে। তাদের কলকাকলিতে মুখর হয়ে ওঠে গোলচত্বর। ব্যস্ত নগরের কোলাহলের মধ্যেও চড়ুইদের প্রতিদিনের এই ফিরে আসা প্রকৃতির সঙ্গে মানুষের নিবিড় সম্পর্কের কথা মনে করিয়ে দেয়।

খবর সবার আগে পাননতুন খবর আপনার ইমেইলে — ফ্রি সাবস্ক্রাইব করুন।

জাতীয় বিভাগের আরও খবর

জাতীয়

গঙ্গা চুক্তির বাস্তবায়ন নিয়ে ঢাকায় শেষ সভা, নতুন চুক্তিতে ভারতের সাড়া মেলেনি

ডিসেম্বরে মেয়াদ শেষ হতে যাওয়া গঙ্গা পানিবণ্টন চুক্তির বাস্তবায়ন নিয়ে শেষ সভা করেছে বাংলাদেশ ও ভারতের যৌথ নদী কমিশন। নতুন চুক্তি বা বর্তমান চুক্তির…

জাতীয়

গাবতলীতে পরিচ্ছন্নতাকর্মীদের জন্য তৈরি ৭৮৪ ফ্ল্যাট, সাড়ে তিন মাসের মধ্যে হস্তান্তরের লক্ষ্য

ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতাকর্মীদের আবাসনের জন্য রাজধানীর গাবতলী সিটি পল্লিতে নির্মিত হয়েছে চারটি ১৫ তলা ভবন। এসব ভবনে মোট ৭৮৪ট…

জাতীয়

পেট্রাপোলে চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে সমাবেশ, বেনাপোল সীমান্তে বিজিবির টহল জোরদার

চিন্ময়কৃষ্ণ দাসের মুক্তির দাবিতে ভারতের পেট্রাপোল সীমান্তে বিক্ষোভ ও সমাবেশ হয়েছে। সীমান্তের ওপারের এই কর্মসূচিকে কেন্দ্র করে বাংলাদেশের বেনাপোল সীম…

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত
জাতীয়

চাঁদপুরের ফরিদগঞ্জে দুই কোটি টাকার সড়ক সংস্কারের ছয় মাসেই পিচ উঠে গর্ত

চাঁদপুরের ফরিদগঞ্জে সাহেবগঞ্জ থেকে আলোনিয়া বাজার সড়ক সংস্কারের ছয় মাস না পেরোতেই পিচঢালাই উঠে যাচ্ছে। সড়কের বিভিন্ন স্থানে ছোট-বড় গর্ত তৈরি হয়েছ…