রাজধানীতে ১৫ দিনে কেজিতে তিন-চার টাকা বেড়েছে নাজিরশাইল চাল, বেড়েছে ফুলকপি ও শিমের দামও

রাজধানীর বাজারে সরু চালের দাম বেড়েছে। গত ১৫ দিনের ব্যবধানে বিভিন্ন ব্র্যান্ডের নাজিরশাইল চালের দাম খুচরায় কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে। একই সময়ে মিনিকেট চালের দামও বেড়েছে কেজিতে এক থেকে দুই টাকা। তবে মোটা চালের দাম অপরিবর্তিত রয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর কৃষি মার্কেট, টাউন হল বাজার ও আগারগাঁওয়ের তালতলা বাজার ঘুরে এবং ক্রেতা-বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। বাজারে সাধারণত মিনিকেট ও মাঝারি চালের চাহিদা বেশি থাকে।
ব্যবসায়ীরা বলছেন, চলতি মাসের শুরু থেকে পাইকারি বাজারে নাজিরশাইল চালের দাম ধীরে ধীরে বাড়ছিল। চলতি সপ্তাহে সেই মূল্যবৃদ্ধির প্রভাব খুচরা বাজারেও পড়েছে। গত দুই সপ্তাহে বিভিন্ন ব্র্যান্ডের নাজিরশাইল চালের দাম কেজিতে তিন থেকে চার টাকা বেড়েছে বলে বাজার ঘুরে দেখা গেছে।
দাম বাড়ার কারণ হিসেবে ব্যবসায়ীরা বলছেন, বাজারে পুরোনো নাজিরশাইল চালের সরবরাহ শেষের দিকে। অন্যদিকে নতুন মৌসুমের চাল এখনো বাজারে আসেনি। নভেম্বরের শেষ দিকে কিংবা ডিসেম্বরের মাঝামাঝি নতুন নাজিরশাইল চাল বাজারে আসতে পারে। এর মধ্যে পুরোনো চালের চাহিদা বেড়ে যাওয়ায় দাম কিছুটা বেড়েছে।
মোহাম্মদপুর কৃষি মার্কেটের খুচরা চাল বিক্রেতা তৌহিদুল ইসলাম বলেন, ‘চলতি মাসের শুরুতে পাইকারি আড়ত থেকে টাইগার ব্র্যান্ডের ২৫ কেজির এক বস্তা নাজিরশাইল চাল কিনেছিলাম ২ হাজার ৭০ টাকায়। গতকাল একই চালের বস্তা কিনতে হয়েছে ২ হাজার ১৫০ টাকায়। এই হিসাবে পাইকারিতেই বস্তাপ্রতি দাম বেড়েছে ৮০ টাকা। কেজিতে হিসাব করলে দাম বেড়েছে তিন টাকার কিছু বেশি। খুচরা পর্যায়ে এই দাম আরও প্রায় এক টাকা বেড়ে যায়। একইভাবে হরিণ মার্কা নাজিরশাইল চালের পাইকারি ২৫ কেজির বস্তার দামও প্রতি কেজিতে দুই টাকা বেড়েছে।’
নাজিরশাইলের পাশাপাশি বাজারে বিভিন্ন ব্র্যান্ডের মিনিকেট চালের দামও বেড়েছে। বর্তমানে রসিদ ব্র্যান্ডের মিনিকেট চাল প্রতি কেজি ৬৫ টাকায় বিক্রি হচ্ছে। আগে একই চালের দাম ছিল ৬২–৬৩ টাকা। আবার সাগর, মঞ্জুর ও ডায়মন্ড ব্র্যান্ডের মিনিকেট চালের দাম কেজিতে ২–৩ টাকা বেড়ে ৭৫ টাকায় উঠেছে। মোজাম্মেল ব্র্যান্ডের মিনিকেট চালের দাম কেজিতে ২ টাকা বেড়ে ৮০ টাকা হয়েছে। এ ছাড়া ব্রি–২৮ ও ব্রি–২৯ জাতের চালের দাম কেজিতে এক থেকে দুই টাকা বেড়েছে। অবশ্য অনেক বিক্রেতাকে এক–দুই টাকা বেশি না নিয়ে আগের দামেই মিনিকেট চাল বিক্রি করতে দেখা গেছে।
ব্যবসায়ীরা বলছেন, নাজিরশাইল চালের দাম বাড়ার পেছনে মৌসুমি সরবরাহ-সংকটের একটি কারণ থাকলেও মিনিকেট চালের দাম বাড়ার সুনির্দিষ্ট কোনো কারণ তাঁদের জানা নেই। তাঁরা মনে করছেন, নাজিরশাইল চালের দাম বাড়ার সুযোগে চালকলের অনেক মালিক মিনিকেট চালের দামও বাড়িয়ে দিয়েছেন।
সরু চালের দাম বাড়লেও বাজারে কমতির দিকে সুগন্ধি বা পোলাওয়ের চালের দাম। বর্তমানে খোলা পোলাওয়ের চাল প্রতি কেজি ১৮০ থেকে ১৯০ টাকায় বিক্রি হচ্ছে। কিছুদিন আগেও এই চালের প্রতি কেজির দাম ছিল ২০০ টাকার বেশি। বিক্রেতারা বলছেন, সুগন্ধি চাল রপ্তানি বন্ধ থাকায় দেশের বাজারে এর সরবরাহ বেড়েছে। পাশাপাশি নতুন মৌসুমের চাল বাজারে আসার সময় ঘনিয়ে আসায় দাম কমতে শুরু করেছে।
চালের পাশাপাশি কয়েকটি সবজির দামও বেড়েছে। বিশেষ করে শীতের সবজি ফুলকপি, বাঁধাকপি ও শিমের দাম কিছুটা ঊর্ধ্বমুখী। বৃহস্পতিবার বাজারে প্রতিটি ফুলকপি ৪০ থেকে ৪৫ টাকায় বিক্রি হয়েছে। দুই দিন আগেও এর দাম ছিল ৩০ থেকে ৩৫ টাকা। প্রতিটি বাঁধাকপির দামও বেড়েছে ১০ টাকা। শিমের দাম কেজিতে প্রায় ২০ টাকা বেড়ে ৭০ টাকা হয়েছে। টমেটোর দাম তিন দিন আগে ছিল ১২০ থেকে ১৩০ টাকা কেজি, বৃহস্পতিবার বিক্রি হয়েছে ১৪০ থেকে ১৫০ টাকায়। তবে অন্যান্য সবজির দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। নতুন আলুর দামও কিছুটা কমেছে।
এদিকে শীতের সবজির সরবরাহ বাড়ায় ব্রয়লার মুরগি ও ডিমের দাম কিছুটা কমেছে। প্রতি কেজি ব্রয়লার মুরগি এখন ১৭০ থেকে ১৮০ টাকা এবং প্রতি ডজন ডিম বিক্রি হচ্ছে ১৩০ থেকে ১৪০ টাকায়।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, ঘূর্ণিঝড় ‘আকভান’-এর প্রভাবে বৃহস্পতিবার দেশের পাঁচ বিভাগে ভারী বৃষ্টি হয়েছে। রাজধানীতেও সারা দিন গুঁড়ি গুঁড়ি বৃষ্টি ছিল। বিক্রেতাদের ভাষ্য—বৃষ্টির কারণে সবজি পরিবহন ও সরবরাহ কিছুটা ব্যাহত হয়েছে। এর প্রভাব পড়েছে কয়েকটি সবজির দামে। বৃষ্টি ও দেশের বর্তমান পরিস্থিতির কারণে কিছু এলাকা থেকে বাজারে সবজির সরবরাহ কিছুটা কমে যাওয়াও দাম বাড়ার পেছনে রয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর বিভিন্ন বাজারে বৃষ্টির কারণে ক্রেতার উপস্থিতি ছিল তুলনামূলক কম। এতে ব্যবসায়ীদের বিক্রিবাট্টাও কমেছে। মোহাম্মদপুর কৃষি মার্কেটের সবজি বিক্রেতা আব্বাস আকন্দ বলেন, ‘বাজারে আজ ক্রেতা অনেক কম। সব বৃহস্পতিবার দুপুর ১২টার মধ্যে ২৫ থেকে ৩০ হাজার টাকার সবজি বিক্রি হয়ে যায়। তবে আজ দুপুর পর্যন্ত মাত্র সাত হাজার টাকার সবজি বিক্রি করতে পেরেছি।’



