অ্যানথ্রপিকের রেকর্ড অভিষেকেও থামল না পতন, এশিয়ার শেয়ারবাজারে বড় ধস
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের উত্থান টেকসই কি না, সেই আশঙ্কা কাটেনি অ্যানথ্রপিকের রেকর্ডগড়া বাজার অভিষেকেও। শুক্রবার এশিয়ার শেয়ারবাজারগুলো বড় পতন দিয়ে দিন শুরু করেছে।
জাপান, দক্ষিণ কোরিয়া, তাইওয়ান ও হংকংয়ের বাজারগুলোতে শুক্রবার বড় দরপতন হয়েছে।
টোকিওর প্রধান সূচক নিক্কেই ২২৫ ও সিউলের কসপি সূচক সকালের লেনদেনে প্রতিটি প্রায় সাড়ে ৪ শতাংশ পড়েছে, আর তাইপেইর তাইএক্স সূচক পড়েছে প্রায় ৬ শতাংশ।
হংকংয়ের হ্যাং সেং সূচক একপর্যায়ে ২ শতাংশ পর্যন্ত নেমে গিয়েছিল।
সোসিয়েতে জেনারেলের এশিয়া ইকুইটি কৌশলবিদ রাজাত আগরওয়াল আল জাজিরাকে বলেছেন, এই বিক্রির চাপ থেকে বোঝা যাচ্ছে, এআই-নির্ভর প্রবৃদ্ধি ধীর হয়ে যাচ্ছে এবং ‘সর্বোচ্চ প্রবৃদ্ধির পর্যায়’ হয়তো ইতিমধ্যে পেরিয়ে গেছে বলে উদ্বেগ বাড়ছে।
আগরওয়াল বলেন, ‘দ্বিতীয় বিষয়টি হলো চাহিদার যে শূন্যতা আমরা দেখছি। বিদেশিরা যখন কিনছেন না, তখন দেখার বিষয় হলো দেশীয় বিনিয়োগকারীরা কত দিন ধরে রাখতে পারবেন, বিশেষ করে কোরিয়ায়, যেখানে পতন বেশি তীব্র হয়েছে।’
এই পতনের আগের দিন বৃহস্পতিবার ওয়াল স্ট্রিটেও পতন হয়েছে, যদিও নিউইয়র্কের নাসডাক স্টক এক্সচেঞ্জে লেনদেনের প্রথম দিনেই অ্যানথ্রপিকের শেয়ার ১৭ শতাংশ বেড়েছিল।
সান ফ্রান্সিসকোভিত্তিক এআই প্রতিষ্ঠানটির শেয়ারের দাম একপর্যায়ে ১১১ ডলার পর্যন্ত উঠে শেষ পর্যন্ত প্রায় ৯৭ ডলারে স্থির হয়, যার মধ্য দিয়ে ক্লড নির্মাতা প্রতিষ্ঠানটি বিশ্বের সবচেয়ে মূল্যবান কোম্পানিগুলোর সারিতে উঠে এসেছে।
অ্যানথ্রপিক বাজার থেকে ৮ হাজার ১৩০ কোটি ডলার সংগ্রহ করেছে, যা ইতিহাসের সবচেয়ে বড় প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও)। এর আগের রেকর্ডটি ছিল গত জুনে স্পেসএক্সের ৭ হাজার ৫০০ কোটি ডলারের আইপিও।
অ্যানথ্রপিক ঘিরে উত্তেজনা সত্ত্বেও প্রযুক্তিনির্ভর নাসডাক কম্পোজিট সূচক ২ দশমিক ৩ শতাংশ এবং বিস্তৃত এসঅ্যান্ডপি ৫০০ সূচক ২ শতাংশ পড়েছে।
ওয়াল স্ট্রিটের মতো এশিয়ার প্রধান বাজারগুলোও এআই খাতের সঙ্গে গভীরভাবে জড়িত। এই অঞ্চলেই রয়েছে বৈশ্বিক এআই ব্যবস্থার কয়েকটি প্রধান প্রতিষ্ঠান—দক্ষিণ কোরিয়ার মেমোরি চিপ নির্মাতা এসকে হাইনিক্স ও স্যামসাং ইলেকট্রনিকস, তাইওয়ানের চুক্তিভিত্তিক চিপ নির্মাতা টিএসএমসি এবং জাপানের বিনিয়োগ হোল্ডিং কোম্পানি সফটব্যাংক গ্রুপ।
সাম্প্রতিক বছরগুলোতে প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো এআই খাতে লাখ লাখ কোটি ডলার ঢেলেছে, যা ২০০০ সালের ডট-কম ধসের আগের মতো একটি অনুমানভিত্তিক বুদবুদ তৈরি হচ্ছে কি না, সেই উদ্বেগ বাড়িয়েছে।
প্রযুক্তি গবেষণা প্রতিষ্ঠান গার্টনারের হিসাবে, বৈশ্বিক এআই-সংশ্লিষ্ট বিনিয়োগ ২০২৬ সালে ২ দশমিক ৭ ট্রিলিয়ন ডলার এবং ২০২৭ সালে ৩ দশমিক ৬ ট্রিলিয়ন ডলারে পৌঁছাবে বলে ধারণা করা হচ্ছে।


