আইসিজের রায়ের পরদিন উখিয়ার রোহিঙ্গা শিবিরে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায় ঘোষণার পরদিন কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শনে গেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। তিনি জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতিও।
শুক্রবার (২০ নভেম্বর) সকাল পৌনে ৯টার দিকে তিনি উখিয়ার ৪ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে পৌঁছান। জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির দপ্তরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ সফরের তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ সফরের অংশ হিসেবে শুক্রবার কক্সবাজারের রোহিঙ্গা শরণার্থীশিবির পরিদর্শন করবেন খলিলুর রহমান।
সফরে রোহিঙ্গাদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর সরাসরি কথা বলার কথা রয়েছে। এ সময় নিজেদের দীর্ঘদিনের বাস্তুচ্যুতি, নিরাপত্তাহীনতা, নাগরিকত্বের অধিকার এবং মিয়ানমারে ফিরে যাওয়ার আকাঙ্ক্ষার কথা তুলে ধরবেন তারা।
এমন এক সময়ে তার এ সফর অনুষ্ঠিত হচ্ছে, যখন মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে গাম্বিয়ার করা মামলায় গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রায় ঘোষণা করেছে আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে)। ২০১৯ সালে গণহত্যা সনদের আওতায় গাম্বিয়ার দায়ের করা এ মামলায় মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গাদের ওপর গণহত্যা চালানোর অভিযোগ আনা হয়।
এমন প্রেক্ষাপটে রায়ের পরদিন জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতির রোহিঙ্গা শিবির পরিদর্শনকে তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন সংশ্লিষ্টরা। এর আগে খলিলুর রহমান রোহিঙ্গা ইস্যুতে বাংলাদেশের হাই রিপ্রেজেন্টেটিভ হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এর আগের দিন বৃহস্পতিবার (১৯ নভেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ও জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) সভাপতি ড. খলিলুর রহমানের সঙ্গে আলাদা বৈঠক করেছেন যুক্তরাষ্ট্র, ভারত, চীন, যুক্তরাজ্য ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) কূটনীতিকরা। এসব বৈঠকে দ্বিপক্ষীয় সম্পর্ক, জাতিসংঘের সংস্কার এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, বৃহস্পতিবার সকালে প্রথমে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং চীনা দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ড. লিউ ইউইন পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পৃথক বৈঠক করেন। পরে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেন, ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী এবং যুক্তরাজ্যের হাইকমিশনার সারাহ কুকও তার সঙ্গে সাক্ষাৎ করেন।
ভারতের হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বৈঠকটিকে সৌজন্য সাক্ষাৎ হিসেবে উল্লেখ করেন। তিনি বলেন, জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি নির্বাচিত হওয়ায় ড. খলিলুর রহমানকে শুভেচ্ছা জানানো এবং জাতিসংঘের প্রস্তাবিত সংস্কার নিয়ে আলোচনা করাই ছিল তার সাক্ষাতের উদ্দেশ্য। ত্রিবেদী জানান, এর আগে ফোনে পররাষ্ট্রমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন তিনি; তবে সরাসরি সাক্ষাৎ করে জাতিসংঘের সংস্কার পরিকল্পনা সম্পর্কে জানার আগ্রহ ছিল তার।
ত্রিবেদী আরও স্পষ্ট করেন, বৈঠকটি খলিলুর রহমানের বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী হিসেবে দায়িত্বের কারণে নয়, বরং জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে তার ভূমিকার পরিপ্রেক্ষিতে অনুষ্ঠিত হয়েছে। তিনি বলেন, জাতিসংঘের সংস্কার শুধু বাংলাদেশের বিষয় নয়, বরং এটি সব দেশের অভিন্ন স্বার্থের সঙ্গে সম্পর্কিত। বহুপক্ষীয় কূটনীতিতে খলিলুর রহমানের অভিজ্ঞতা ও জ্ঞানের প্রশংসা করেন তিনি।
বৈঠকগুলো এমন এক সময়ে অনুষ্ঠিত হলো, যখন দেশের বিভিন্ন স্থানে বাসে অগ্নিসংযোগ, বিস্ফোরণ এবং বিভিন্ন প্রতিষ্ঠান ও বাড়িতে হামলার ঘটনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। এসব ঘটনার পেছনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ইন্ধন রয়েছে বলে সরকার অভিযোগ করে আসছে। তবে পাঁচ দেশের কূটনীতিকদের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রীর আলোচনায় এসব নিরাপত্তা পরিস্থিতি নিয়ে কথা হয়েছে কি না, তা আনুষ্ঠানিকভাবে জানানো হয়নি।

