রামুর দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ, অরক্ষিত ক্রসিংয়ে গেট বসানো নিয়ে তদন্তের নির্দেশ

কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের কাড়িরমাথা এলাকায় ট্রেনের ধাক্কায় একই পরিবারের চারজন নিহতের ঘটনায় দুর্ঘটনার সিসিটিভি ফুটেজ প্রকাশ পেয়েছে। শুক্রবার সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ১ মিনিট ২৯ সেকেন্ডের ওই ফুটেজে দেখা গেছে, যাত্রীবাহী অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার আগেই ট্রেনের হর্ন বাজলেও অটোরিকশাটি না থেমে সামনে এগিয়ে যায় এবং মুহূর্তের মধ্যে ট্রেনের ধাক্কায় সড়ক থেকে নিচের ফসলি জমিতে ছিটকে পড়ে।
শুক্রবার বেলা সাড়ে তিনটার দিকে দক্ষিণ মিঠাছড়ির ওই রেলক্রসিংয়ে দুর্ঘটনাটি ঘটে। ক্রসিংটিতে কোনো গেট বা গেটম্যান ছিল না। ফুটেজে দেখা গেছে, গ্রামীণ সড়কের ওপর দিয়ে যাওয়া রেললাইনের ওই ক্রসিং এলাকায় লোকজনের সমাগম ছিল না, তবে মাঝেমধ্যে একটি-দুটি অটোরিকশা চলাচল করছিল। ধাক্কার পর আশপাশের লোকজন ঘটনাস্থলে ছুটে এসে উদ্ধারকাজ শুরু করেন।
নিহত ব্যক্তিরা হলেন দক্ষিণ মিঠাছড়ির চেইন্দা কাইম্যারঘোনা এলাকার সাজ্জাদ হোসেন রুবেল (৪৫), তাঁর ছোট বোন কাশিফা জান্নাত (২০), কাশিফার তিন বছর বয়সী ছেলে সাহেল ও পাঁচ মাস বয়সী মেয়ে মাশরুফা। ঘটনাস্থলেই দুজন মারা যান, হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও দুজন।
আহত ব্যক্তিরা হলেন সাজ্জাদ হোসেনের স্ত্রী তানিয়া আকতার (২২), কাশিফার স্বামী সাকিল আহমদ (৪০) ও অটোরিকশাচালক মো. জয়নাল (২৩)। তানিয়া ও সাকিলকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে, তানিয়ার অবস্থা আশঙ্কাজনক। চালক জয়নালের এক হাতে আঘাত লেগেছে বলে জানা গেলেও তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না।
নিহত সাজ্জাদের স্বজন মনোয়ারা বেগম জানান, শুক্রবার জুমার নামাজের পর পরিবারের ছয়জন রামুর উমখালীতে এক আত্মীয়ের বাড়িতে বিয়ের দাওয়াতে যাচ্ছিলেন। পথে দক্ষিণ মিঠাছড়ির রেলক্রসিং পার হওয়ার সময় ঢাকা থেকে কক্সবাজারগামী ট্রেনের ধাক্কায় অটোরিকশাটি দুমড়েমুচড়ে ছিটকে পড়ে। ঘটনাস্থল থেকে কক্সবাজার আইকনিক রেলস্টেশনের দূরত্ব প্রায় ৯ কিলোমিটার। দুর্ঘটনায় মনোয়ারা বেগম নিজেও সামান্য আহত হয়েছেন।
কক্সবাজার আইকনিক রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোস্তাফিজুর রহমান বলেন, রেলক্রসিংটি ঝুঁকিপূর্ণ ও অরক্ষিত, সেখানে কোনো গেট বা গেটম্যান নেই। ব্যারিয়ার বসানোর জন্য রেল বিভাগকে লিখিতভাবে জানানো হবে।
কক্সবাজার আইকনিক রেলস্টেশনের স্টেশনমাস্টার জয়নাল আবেদিন জানান, পর্যটক এক্সপ্রেস ট্রেনটি আসার আগমুহূর্তে অটোরিকশাটি রেলক্রসিং পার হওয়ার চেষ্টা করছিল। চালকের অসাবধানতা ও অবহেলার কারণেই এই দুর্ঘটনায় চারজনের প্রাণ গেছে বলে তিনি মন্তব্য করেন।
নিহত ব্যক্তিদের স্বজন জাবেদ ইকবাল বলেন, এই রেলপথে ট্রেন চলাচল করলেও ক্রসিংয়ে কোনো গেট বা গেটম্যান নিয়োগ দেওয়া হয়নি। ঝুঁকি নিয়ে পথচারী ও যানবাহনকে পারাপার করতে হয়।
ঘটনাস্থল পরিদর্শন করে জেলা প্রশাসক মো. আ. মান্নান বলেন, রেলক্রসিংটি অরক্ষিত রয়েছে, সেখানে গেট বসানোর বিষয়ে রেল কর্তৃপক্ষের সঙ্গে কথা বলা হবে। এই সড়ক দিয়ে দিনে কত যানবাহন চলাচল করে, তা-ও দেখা হবে। এক পরিবারের চারজন নিহত হওয়ার ঘটনা তদন্ত করা হবে এবং অটোরিকশাচালকের অসাবধানতা ও অবহেলা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।
রেলওয়ে বিভাগের তথ্য অনুযায়ী, কক্সবাজারে ট্রেন চলাচল শুরু হয় ২০২৩ সালের ১ ডিসেম্বর। বর্তমানে এই রুটে পাঁচ জোড়া ট্রেন চলাচল করে। কক্সবাজার থেকে চট্টগ্রামের দোহাজারী পর্যন্ত ১০২ কিলোমিটার রেলপথের ৩০টির বেশি এলাকায় রেলক্রসিং অরক্ষিত রয়েছে।

